ঈদ করতে রেকর্ড সংখ্যক মানুষ যাচ্ছে দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদে দেশে অর্থ পাঠানোর জন্য প্রবাসীদের ভিড় জমেছে মানি এক্সচেঞ্জগুলোতে
ঈদে দেশে অর্থ পাঠানোর জন্য প্রবাসীদের ভিড় জমেছে মানি এক্সচেঞ্জগুলোতে

বাংলাদেশি এক ব্যক্তি ৩০ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ৭৪ নম্বর স্ট্রিটের একটি ট্রাভেলস থেকে প্রায় ১ হাজার ৫০০ ডলার দিয়ে ঈদের পরের টিকিট কেটেছেন। মন একটু খারাপ, কেননা, গত বছর এই সময়ে ৯০০ ডলারে টিকিট কেটেও শেষ সময়ে যাত্রা বাতিল করেছিলেন তিনি। এবারে মার্চ মাসে এই টিকিট তিনি পেয়েছিলেন ৯০০ ডলারেই। তখন ভেবেছিলেন, শেষ সময়ে দাম পড়ে যাবে, তখন টিকিট কিনবেন। কিন্তু অপেক্ষা করতে করতে এখন ফিরতি টিকিটের মূল্য গিয়ে ঠেকেছে দেড় হাজার ডলারে। আপাতত কিছু করার নেই, কেননা, দাম সামনে আরও বাড়তে পারে। তাও আবার টিকিট পাওয়া যাবে কিনা, সেটা নিয়েই এখন মূল শঙ্কা ট্রাভেল ব্যবসায়ীদের।
ডিজিটাল ট্রাভেলস এ্যাস্টোরিয়ার কর্ণধার নজরুল ইসলাম বলেন, ‘এবারে রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি করেছি। গত বারের তুলনায় প্রায় ৭৫ ভাগ বেশি ঢাকার টিকিট বিক্রি হয়েছে। তাও গত বারের তুলনায় অন্তত ৩০ শতাংশ বেশি দামে। মানুষ এবার দেশে যেতে রীতিমতো লাইন ধরেছে। কিন্তু এখন টিকিট দিতে পারছি কম-ই।’
রহমানিয়া ট্রাভেলসের প্রধান নির্বাহী মাওলানা এম কে রহমান মাহমুদ একই ধরনের কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘গত ১৭ বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সবচে বেশি টিকিট বিক্রি করেছি এবার।

টিকিটের দামও ক্ষেত্র বিশেষে ৩০ থেকে ৫০ শতাংশ বেশি। এখন ১২০০-১৫০০ ডলারের নিচে টিকিট নেই, আগে যেটা বিক্রি করেছি, ৮০০-৯০০ ডলারে। তারপরও, মানুষ টিকিট কাটছে। এর পেছনের বড় কারণ এবারের ভয়ভীতিহীন অবস্থা। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশের কারণে অনেকেই যুক্তরাষ্ট্রের মাটি ছাড়তে ভয় পাচ্ছিলেন। এবার সেই ভয় অনেক খানি কেটে গেছে বলেই মানুষ দেশে যাচ্ছেন বেশি।’ 

তবে টিকিটের দাম বেশি সেটা নিয়ে বেশ অস্বস্তিতে আছেন ট্রাভেল ব্যবসায়ীরা। কেননা, মানুষ দেশে যাওয়ার জন্য ৭০০ থেকে ৯০০ ডলারের মধ্যেই টিকিট কেটে অভ্যস্ত। এবার সেটা ১ হাজার ৪০০ ডলারের নিচে পাওয়া যাচ্ছে না।
হেরিটেজ এয়ার এক্সপ্রেস এর কর্ণধার সুলতান আহমেদ জানিয়েছেন, টিকিটের দাম না কমার পেছনের কথা। তিনি বলেন, ‘এ বছর পাকিস্তানের ফ্লাগশিপ এয়ারলাইনস পিআইএ বন্ধ হয়ে গেছে। যার কারণে পাকিস্তানের যত যাত্রী ছিল তারা নির্ভর করছে এমিরেটস, ইত্তেহাদ ও কাতার এয়ারলাইনসের ওপর। এগুলোতে আগে থেকেই নির্ভরতা ছিল বাংলাদেশিদের। পাকিস্তানি যাত্রীদের চাপ পড়ার কারণে, বিমান সংস্থাগুলো এবার আর দাম কমাবে না বলে আগেই ঘোষণা দিয়েছে। তবে, আগামী জানুয়ারির ২০ তারিখের পরে আবার কিছুটা শিথিল হতে পারে।’
এবার দুই ঈদ পড়েছে এমন সময় যখন, বাচ্চাদের স্কুল বন্ধ। এমনকি, কলেজও বন্ধ। সুতরাং দেশে যাওয়ার মৌসুম এখন। তাই, বাড়তি দামে হলেও, টিকিট কিনে ফেলছেন অনেকেই। ঈদের আগের টিকিট হোক আর পরের টিকিট হোক।
গো ঢাকা ট্রাভেলসের তাবাচ্ছুম আহমেদ অবশ্য জানিয়েছেন, তিনি এবার দেশের টিকিট তুলনামূলক কম বিক্রি করেছেন। এর বড় কারণ, টিকিটের দাম বেশি থাকায় অনেকেই টিকিট কাটতে এসেও অনীহা প্রকাশ করেছেন। তবে, ঈদের চাইতে বেশি মানুষ, গ্রীষ্মের ছুটি কাটাতে যাচ্ছেন বলেই জানিয়েছেন তিনি।