ঈদ জামাতে প্রবাসীদের ঢল

সময়ের সব বাস্তবতা মোকাবিলা করে মুসলমানরা নিজেদের শান্তির প্রতীক হিসেবে প্রমাণ করবে। বিশ্বের শান্তি ও সমৃদ্ধির জন্য ইসলামের শিক্ষাকে কাজে লাগাতে হবে। ধৈর্য আর সহনশীলতার বাণী উচ্চারণের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সর্বত্র ঈদ উদ্যাপিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে লোকাল ও গ্লোবাল মুনসাইটিং দ্বন্দ্ব থাকলেও এবার পবিত্র ঈদুল ফিতর একই দিনে উদ্যাপিত হয়েছে। ২৫ জুন রোববার নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বসবাসরত মুসলমান প্রবাসীরা সপরিবারে নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। প্রায় আড়াই হাজারের বেশি মসজিদ ছাড়াও খোলা মাঠ, কমিউনিটি সেন্টারে ও বিলাসবহুল হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় এসব ঈদ জামাত। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে ধর্মপ্রাণ মুসলমানগণ উদ্যাপন করেন বিশেষ আনন্দের উৎসব পবিত্র ঈদুল ফিতর। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকায় এবং শিক্ষাবর্ষের শেষ দিকে হওয়ায় ছেলেমেয়েদের নিয়ে ঈদ জামাতে যেতে পেরেছেন প্রবাসীরা। চমৎকার আবহাওয়া এবং সপ্তাহান্তের ছুটি থাকায় এবারের ঈদে প্রবাসীদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা গেছে। নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোয় ঈদের দিন ছুটি থাকলেও সেটি কাজে লাগল না এবার রোববার ঈদ হওয়ায়।

নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় অনেক খোলা মাঠে এবারের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে এবার অধিকাংশ ঈদ জামাত সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হয়। ঈদ জামাতগুলোয় নামে প্রবাসীদের ঢল। সর্বত্র শান্তিপূর্ণভাবেই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় সব নগরীতেই দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা। কোথাও ট্রাফিক কন্ট্রোল করে, কোথাও পুলিশ উপস্থিতি দৃশ্যমান করে নগর কর্তৃপক্ষ নিশ্চিত করতে চেয়েছে মুসলমানদের প্রধান উৎসব নির্বিঘ্ন করতে।
নিউইয়র্কে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় কুইন্সে জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে। খেলার মাঠে অনুষ্ঠিত এ ঈদ জামাতে ১৫ হাজারের অধিক মুসল্লি অংশ নেন বলে আয়োজকেরা উল্লেখ করেন। ঈদের এ জামাত নিউইয়র্কের টাইম টেলিভিশন সরাসরি সম্প্রচার করে। এই জামাতে ইমামতি, খুতবা পাঠ ও বিশেষ দোয়া পরিচালনা করেন জেএমসির খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। জেএমসি আয়োজিত ঈদুল ফিতরের নামাজের আগে জেএমসির কর্মকর্তা ও মূলধারার রাজনীতিকেরা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন। ঈদের জামাতের আগে জেএমসি পরিচালনা কমিটির সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরীর পরিচালনায় ইউএস কংগ্রেসউইম্যান গ্রেস মেং ও স্থানীয় সিটি কাউন্সিলম্যান ররি ল্যান্সম্যান বক্তব্য দেন। এ ছাড়া জেএমসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. এম বিল্লাহ ও সভাপতি খাজা মিজান হাসানও বক্তব্য দেন।

অন্য বৃহৎ জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগাহ, ওজোন পার্কে মসজিদ আল আমান, এস্টোরিয়ায় আল আমিন মসজিদ, ব্রুকলিনে বাংলাদেশ মুসলিম সেন্টার ও বায়তুল জান্নাহ মসজিদের ব্যবস্থাপনায়।
সকাল সাড়ে আটটায় ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের পাশে খোলা মাঠে বিশাল জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ব্রডওয়ের কর্নারে ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে খোলা রাস্তার ওপর ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। জ্যামাইকার আল আরাফাহ ইসলামিক সেন্টারের উদ্যোগে স্থানীয় সুসান বি অ্যান্থনি স্কুলমাঠে খোলা আকাশের নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পার্কচেস্টার জামে মসজিদে সকাল ৮টায়, সকাল ৯টায় ও সকাল ১০টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। পার্কচেস্টার জামে মসজিদের প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মাঈনুল ইসলাম। নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল জামাত অনুষ্ঠিত হয়।
ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় পিএস ১২৭ স্কুলের প্লেগ্রাউন্ডসহ কুইন্সের জ্যামাইকার বাংলাদেশ মিশন (হাজি ক্যাম্প) মসজিদ, দারুস সালাম মসজিদ, হিলসাইড ইসলামিক সেন্টার, ফুলতলি ইসলামিক সেন্টার অ্যান্ড মসজিদ, জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, মসজিদ আবু হুরায়রা, মোহাম্মদী সেন্টার, ওজন পার্কের আল আমান জামে মসজিদ, দারুস সুন্নাহ মসজিদ, আল ফোরকান মসজিদ, ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাত জামে মসজিদ, ম্যানহাটনের মদিনা মসজিদ, আসসাফা মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, এস্টোরিয়ার আল আমিন মসজিদ, গাউছিয়া মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার প্রভৃতি মসজিদের উদ্যোগে খোলা মাঠে বা মসজিদ ভবনে ঈদুল ফিতরের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া নিউইয়র্কে আরও বেশ কয়েকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

কর্জে হাসানা পরিশোধে প্রবাসীদের সহযোগিতা কামনা
নিউইয়র্কে বাঙালি-অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে আটটায় মসজিদের নিকটবর্তী খোলা মাঠে বিশাল জামাত অনুষ্ঠিত হয়। এই জামাতে ইমামতি, খুতবা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া। ঈদের জামাতের আগে বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন মসজিদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে বক্তব্য দেন। প্রতিটি মসজিদে এবং খোলা মাঠের ঈদের জামাতের পর মিষ্টিসহ নানা খাবার নিয়ে মুসল্লিদের আপ্যায়িত করতে দেখা যায়।
এদিকে, কানাডা, ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নিউজার্সি, কানেটিকাট, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, এরিজোনাসহ প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব স্টেটে বসবাসকারী বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে এলাকার মসজিদ, কমিউনিটি সেন্টার ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন।
ভোর থেকেই যেন উৎসবে মেতে ওঠে নগরীগুলো। মুসলিম পরিবারের সদস্যরা নানা রঙের পায়জামা, পাঞ্জাবি, শাড়ি, সালওয়ার-কামিজ পরে দল বেঁধে নিকটস্থ মসজিদ কিংবা মাঠে হাজির হয়ে ঈদের নামাজ আদায় করেন। একত্রে বিপুলসংখ্যক মুসল্লির ঈদের নামাজ আদায়ের বিষয়টি ভিনদেশিদের বিশেষভাবে আকৃষ্ট করে। ঈদের জামাতগুলোতে স্থানীয় রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিসহ প্রবাসের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ঈদের নামাজে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। নামাজ শেষে একে অন্যের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর সবাই নিজের বাড়ি কিংবা আত্মীয়স্বজনের বাড়িতে ছুটে যান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এবার সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ে মসজিদ পরিচালনা কমিটির ব্যবস্থাপনা এবং প্রশাসনের বিশেষ নিরাপত্তাব্যবস্থা ছিল লক্ষণীয়। প্রায় প্রতিটি জামাতের আশপাশেই ছিল নিরাপত্তাবেষ্টনী। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ি পার্কিং থাকায় দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি সপরিবারে ঈদের নামাজে শরিক হন।
ঈদ উপলক্ষে নিউইয়র্ক সিটির বাংলাদেশি-অধ্যুষিত বিভিন্ন এলাকায় ভিন্ন এক আমেজ পরিলক্ষিত হয়। জ্যাকসন হাইটসের ‘নিউ মেজবান’ নামের একটি রেস্টুরেন্টে ব্যাচেলরদের জন্য বিনা মূল্যে ঈদের সেমাই বিতরণ করা হয়।
ক্যানসাসের উচিটা শহরে ঈদ উদ্যাপন
গ্রীষ্মের মিষ্টি আলোয় রোববার সকাল আটটায় ক্যানসাস রাজ্যের উচিটা শহরে উচিটা স্টেট ইউনিভার্সিটির কোক এরিনা হলে মুসলিম সম্প্রদায়ের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের নানান দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদ জামাতে অংশ নেন। ক্যানসাসের বিভিন্ন শহর থেকে এ জামাতে অংশ নিতে দেখা যায়। উচিটা ইসলামিক সোসাইটি মসজিদের ইমাম শেখ মো. হেলালী নামাজ শেষে যুক্তরাষ্ট্রসহ সারা পৃথিবীর মানুষের শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করেন। জামাত শেষে হলের দুদিকে খাবারের ব্যবস্থা করা হয় । অনেককে একে অপরের সঙ্গে বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমৃদ্ধ পোশাকে ছবি তুলতে দেখা যায়। জামাতে অংশ নেওয়া শত শত ধর্মপ্রাণ মুসলমান সংযুক্ত আরব-আমিরাতের কফি উপভোগ করেন।