ঈদ নামের গন্ধ
ঈদ নামের সঙ্গে একটা গন্ধ লেগে আছে। যখনই ঈদ আসে, রোজার ত্রিশ দিন শেষ হয়, চাঁন রাতে টেলিভিশনে বাজে অতি চেনা সেই গান—‘ও মন রমজানের ওই রোজার শেষে...এল খুশির ঈদ’, তখনই গন্ধটা নাকে এসে লাগে। আর মনটা কখনো উদাস, কখনো অতি আবেগে থরথর, কখনো আনন্দে ভরপুর, আবার কখনো বিষাদগ্রস্ত হয়ে যায়!’
ছোটবেলায় আমার কাকা-মামাদের অনেকে বিদেশে থাকতেন। তারা বাংলাদেশে আসার সময় লাক্স সাবান নিয়ে আসতেন স্যুটকেস ভরে। সব আত্মীয়স্বজনদের ভাগ করে দেওয়ার পর প্রত্যেকে হয়তো দু-তিনটি করে সাবান পেত। আমরা সেই সাবান তুলে রাখতাম ঈদের দিন ব্যবহারের জন্য। অচেনা সুগন্ধীর সেই সাবানটা খোলা হতো ঈদের দিন সকালে। সবাই সেটা দিয়ে গোসল করতাম। বেশি সুন্দর বলে সাবানের প্যাকেটটাও আমরা ফেলে দিতাম না। ঈদের নাম শুনলে শৈশবের সেই সুগন্ধি সাবানের গন্ধটা এসে নাকে লাগে। আর মস্তিষ্কের কোষে কোষে ছড়িয়ে পড়ে আনন্দময় অনুভূতি।
শুধু সাবান না, বিদেশ থেকে আসা বিছানার চাদর, টেবিল ক্লথ কিংবা কুশন কাভারও আমরা তুলে রাখতাম ঈদের দিনের জন্য। আলমারির তাকে ন্যাপথলিন দিয়ে রাখা হতো সবকিছু। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে আগে ঘর গুছাতাম। ন্যাপথলিনের গন্ধটা অদ্ভুত ভালো লাগত। এত সুন্দর দেখতে, এত সুন্দর গন্ধ তখন ইচ্ছে করত ন্যাপথলিনটা খেয়েই ফেলি।
আমার ছোট বোন মারুফার যখন জন্ম হলো, তখন আমি ক্লাস ওয়ানে পড়ি। ঈদের দিন ভোরে ওর জন্ম হয়েছিল। আম্মা অসুস্থ, বোনের সন্তান হওয়া উপলক্ষে আসা ছোট খালা রান্নাবান্নায় ব্যস্ত, ঘর গোছাবে কে? আম্মা শুয়ে শুয়ে আমাকে বলতে থাকেন, কোথায় কী আছে, কীভাবে ঘর গোছাতে হবে, আমি সেভাবে ঘর গোছাই। স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম ঈদ, আমার সব স্কুল বান্ধবী বেড়াতে আসবে, ঘরদোর সুন্দর না দেখালে কি মান সম্মান থাকবে! আমি কচি হাতে ঘর গোছাই, আর আমার আম্মা শুয়ে শুয়ে দেখে আর হাসে। বান্ধবীরা যখন এল, তখন আমার অতি ফরসা আর বড় বড় চোখের সদ্যোজাত বোনকে দেখে তো খুব অবাক! স্মৃতির জানালায় যখন তাকাই, ঈদ নিয়ে আর কোনো দূরের ঘটনা মনে পড়ে না।
ছোটবেলায় ঈদের দিন আমার কখনই আনন্দমেলা দেখা হতো না। ঈদের আনন্দমেলা শুরু হতো রাত সাড়ে দশটার পর। ততক্ষণে আমি ঘুমিয়ে কাদা হয়ে যেতাম। পরদিন সকালে উঠে যে কত আফসোস হতো। তখন ঈদের আনন্দমেলা হতো সেই রকম। এক ঈদের আনন্দমেলার গল্প পরের ঈদ আসা পর্যন্ত চলত। আমার আব্বা পাড়া প্রতিবেশীরা এলে সেই গল্প করতেন জমিয়ে। ইংল্যান্ডের প্যান্ট পরা আতাউল্লা কিংবা রবিউলের হুমকিতে ইনক্রেডিবল হাল্কের চলে যাওয়া - রসিয়ে রসিয়ে বলা হতো। ঈদের দিন সকাল থেকে সন্ধ্যা অবধি বান্ধবীদের সঙ্গে পাড়া ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়তাম। সালামির টাকা দিয়ে একটার পর একটা আইসক্রিম কিনে খেতাম। দুধের ওপর নারকেল দেওয়া সেই আইসক্রিমের গন্ধটাও পাই ঈদ এলে।
ঈদের দিনে আমার প্রিয় খাবার ছিল আম্মার রান্না করা পোলাও আর মুরগির কোর্মা। আমাদের শৈশবে পোলাও-কোর্মা খাওয়া ছিল বিরল ঘটনা। সাধারণত ঈদ আর বাসায় মেহমান এলে এটা রান্না হতো। তবে ঈদের দিন যত ইচ্ছে খাওয়া যেত, অন্য সময় সেই সুযোগ ছিল না। আমার আম্মা মৃত্যুর আগে পর্যন্ত প্রতি ঈদের দিন সকালে মুরগির কোর্মা রান্না করতেন। বরিশাল থেকে আমাদের ঢাকার বাসায় সব সময় নারকেল আসত। মুরগির কোর্মায় সেই নারকেল বেটে, তারপর ছেঁকে দুধটা দিতেন, যে কারণে আলাদা একটা গন্ধ হতো। ঈদ এলে সেই গন্ধটা নাকে এসে লাগে।
নিউইয়র্কে এসে জ্যাকসন হাইটসের চাঁন রাত উদ্যাপন দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি স্মৃতিকাতর হই—শৈশবের চাঁন রাতের কথা ভেবে। ঈদ হোক আর দুর্গা পূজা হোক, পুরান ঢাকার মতো এত সরগরম কোথাও পাওয়া যায় না। গেন্ডারিয়ার কাঠের পোলের আগে চাঁন রাতের বাজার বসত। নিম্নবিত্তরা আসত কাপড়, স্যান্ডেল কিনতে। বেশির ভাগ বের হতো শেষ মুহূর্তের মাংস, পোলাও চাল, ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই, গরম মশল্লা, ঘি, কিশমিশ ইত্যাদি কিনতে। চারদিকে মানুষের মধ্যে আসন্ন উৎসবের থরথর উত্তেজনা। রাস্তার দুই পাশে কেরোসিনের কুপি নিয়ে বসে থাকতেন লেইস ফিতাওয়ালারা। আমরা তাদের কাছ থেকে চুড়ি-ফিতা কিনতাম।
ঈদে এলে কেরোসিনের শিখার মতো দেয়ালে দুলতে থাকে আমার শৈশব, বহুদূর থেকে যার গন্ধ এসে নাকে লাগে।