ঈদ প্রবাসে, ঈদ স্বদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাপিত দিনগুলো খুবই দ্রুত স্মৃতির পাতায় লিপিবদ্ধ হয়ে যায়। আর স্মৃতিগুলো বারবার নাড়া দেয় স্নেহ মাখা হৃদয়ের পর্দায়। বলছিলাম, ঈদ প্রবাসে ঈদ স্বদেশের কথা। সিয়াম সাধনার পবিত্র মাস রমজানকে বিদায় জানাতে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি মুসলমানদের মধ্যে ধর্মীয় ভাব গাম্ভীর্য রক্ষা করে পারস্পরিক সম্প্রীতি আর সৌহার্দ্যের আলোয় আলোকিত আর আনন্দময় করে তুলার চেষ্টায় ব্রত হয়েছেন। ইফতার মাহফিল আর দোয়ার মাধ্যমে পারস্পরিক বন্ধনকে অটুট রেখেছেন।
শুধু তাই নয়, সেই সঙ্গে ভিন্ন ধর্মীয় মানুষের কাছে ইসলাম ধর্মের মহিমাকে প্রদর্শন করে প্রশংসিত হয়েছেন। ধর্মীয় কৃষ্টি আর সভ্যতাকে লালন করার যে প্রয়াস বিরাজমান তাতে প্রবাসী জীবনের শূন্যতাকে ম্লান করে দিয়ে দেশীয় ভাবধারায় ঈদের আনন্দটুকু ভাগাভাগি করে দিচ্ছে আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে। তারা বিদেশি সংস্কৃতির মধ্যে লালিত হয়েও ধর্মীয় বা দেশীয় পালাপার্বণে পিছিয়ে নেই। বিশেষ করে প্রবাসী বাঙালি রমণীদের ঈদ আনন্দ শুরু হয়ে যায় মধ্য রমজান থেকেই।
বিশেষ করে মেহেদি উৎসব এখন চাঁদরাত নামে খ্যাত হয়েছে। ঈদ আসার সপ্তাহ দিন আগে থেকে শুরু হয়ে যায় এই চাঁদরাত। কিছুদিন আগে ও এমনটা দেখা যেত না। সাত আট বছর পূর্বে চাঁদরাতের শুরু হয় জ্যাকসন হাইটসে। ৭৩ ও ৭৪ স্ট্রিটের সাইডওয়াকে টুলে বসে চাঁদরাতের মেহেদি ব্যবসা শুরু করেন কিছু শৌখিন মেহেদি আর্টিস্টরা। তারপর এদের সাফল্য দেখে গৃহিণীরাও চাঁদরাতের মেহেদি ব্যবসায় যুক্ত হন। দেশে মেহেদি পরানো হতো কোনো কোনো পারলারে। প্রবাসে অবশ্য বিশেষ বিশেষ অনুষ্ঠানে মেহেদি পারলারেই পরানো হয়।
চাঁদরাতে মেহেদি কার্যক্রম রাত ২টা–৩টা পর্যন্ত চলে। চাঁদরাত অনুষ্ঠান এখন জ্যাকসন হাইটস ছাড়িয়ে ব্রুকলিনের চার্জ ম্যাকডোনাল, ব্রঙ্কসের বাংলাবাজার ওয়ে, জ্যামাইকার হিলসাইডে ওজন পার্কে ছড়িয়ে গেছে। মেহেদি ব্যবসা জমজমাট হয়েছে। এই চাঁদরাতের ব্যবসায় বর্তমান প্রজন্মের বালিকাদের মধ্যেই সংখ্যা বেশি বলে মনে হয়, গৃহিণীদের ও কমতি নেই। চাঁদরাতের কেনাবেচায় শুধু বাংলাদেশিরাই নয়, পাকিস্তানি, ভারতিয়, আফগানসহ বিভিন্ন দেশের মুসলমানদের ভিড় লক্ষণীয়।
নিউইয়র্কের রাস্তায় কিছু কেনাবেচা করতে হলে সিটির পারমিশন নিতে হয়। কিন্তু ঈদের এক সপ্তাহ আগে রাস্তার সাইড ওয়াক কীভাবে ভেন্ডারদের দখলে চলে যায় তা কারও বোধগম্য নয়। এসব ক্ষেত্রে নিউইয়র্ক সিটি পুলিশ অবৈধ ভেন্ডারদের জরিমানা করে থাকে। কিন্তু ঈদকে সামনে রেখে ভেন্ডারদের দৌরাত্ম্য দেখে মনে হয় পুলিশ স্বাগত জানাচ্ছে। পুলিশ প্রহরা আরও জোরদার করে ক্রেতা বিক্রেতার নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত সুপারমার্কেট, গ্রোসারি স্টোরসহ ফ্যাশন বুটিক দোকানে এখনই প্রচণ্ড ভিড় লক্ষণীয়।
গৃহিণীরাও ব্যস্ত হয়ে উঠেছেন রকমারি সন্দেশ, পিঠা আর মুখরোচক খাবার তৈরি করতে। বাঙালি দোকানগুলোতে প্রচণ্ড ভিড় লেগেই আছে। ফ্যাশন বুটিকের দোকান ও শাড়ি গয়নার দোকানে ক্রেতাদের প্রচুর ভিড় দেখা যায়। কিছুদিন আগে ও দেখেছি নিউইয়র্কের পথ মেলায় রকমারি বুটিকের স্টল সঙ্গে ইমিটেশনের গয়না নিয়ে বাঙালি গৃহিণীরা পসরা সাজিয়ে বসতেন। এখন নিউইয়র্ক বই মেলায় ও প্রচুর রকমারি স্টল লক্ষ করা যায়। এতে বাংলাদেশি নতুন অভিবাসীদের কর্ম সংস্থানের একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে নিঃসন্দেহে।
জ্যাকসন হাইটসের সাইডওয়াক দখলকারী ভেন্ডারদের কাছে শৌখিন দ্রব্যসামগ্রীসহ তসবি, জায়নামাজ, ধর্মীয় বই, সুগন্ধি আঁতর, টুপি, বোরকা, রকমারি হিজাব এবং ধর্মীয় আর্টস বিক্রি করে থাকে। মেয়েদের সালোয়ার কামিজের সঙ্গে ম্যাচ করা ইমিটেশন গয়না আর বাহারি ডিজাইনের মেহেদি তো থাকছেই। ছেলেদের জন্য চোস্ত পায়জামার সঙ্গে পাঞ্জাবি ম্যাচ করা জুতা বা কাবুলি সেন্ডেল, আর টুপি কেনার হিড়িক পরে যায় বেশ কদিন আগে থেকেই। প্রবাসে ঈদের কেনাকাটার এ দৃশ্য ঢাকার গুলিস্তান, গাউছিয়া মার্কেট আর সিলেটের জিন্দাবাজারের কথা স্মরণ করিয়ে দেয়। বারবার ঈদ আসুক নতুন নতুন শুভ বার্তা বহন করে প্রবাসে কিংবা স্বদেশে।