ঈদ স্মৃতি যেন বেদনার রঙে রঙে ছবি আঁকে!
দুই হাজার ষোলো সালে জীবনের প্রথম, দেশের বাইরে মা, ভাইবোন, স্বজনদের ছাড়া পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করি। ঈদের আনন্দের নির্জীবতা প্রথম উপলব্ধি করলাম। রাতজাগা স্বভাব নিয়ে সারা রাত পার করে সকালবেলা নতুন জামাকাপড় পরে ঈদের নামাজের জন্য তৈরি হলাম। বিদেশে নতুন, তাই দুজন ছোট ভাই উপস্থিত আমাকে নামাজ পড়তে নিয়ে যেতে। ঘরের বাইরে পা রাখতেই সকালের হিমেল হাওয়ায় রৌদ্রোজ্জ্বল ঝলমলে আলোতে মেজাজটা ফুরফুরে হয়ে উঠল। মনের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। কিন্তু উত্তেজনা প্রকাশের সুযোগ নিতে ব্যর্থ হলাম। রাস্তাঘাটে নেই, গ্রামের বা শহরের সেই চিরচেনা টুপি পাঞ্জাবি পরা বৃদ্ধ যুবা-তরুণ শিশুদের নামাজ পড়তে যাওয়ার আমোদে আহ্লাদের দৃশ্য নেই। দশ মিনিটের রাস্তা পায়ে হেঁটে মসজিদে পৌঁছে গেলাম। দেখলাম সুন্দর সুন্দর জামাকাপড় পরা নানা বয়সের মুসল্লিরা মসজিদের ভেতরে–বাইরে আছেন। একে অপরের দিকে তাকাচ্ছেন। কেউ কারও সঙ্গে কথা বলছেন না। অবাক বিস্ময়ে দেখলাম, পরিচিতের মাঝে অপরিচিতের হতবিহ্বল দৃশ্য।
প্রবাসের কর্মব্যস্ত জীবন, আর যান্ত্রিক শহরে, ঈদের আনন্দই–বা কোথায়? ঈদ মানে তো উজ্জীবিত আনন্দ–ফুর্তির উৎসব। পরস্পরের আনন্দ–বেদনাকে ভাগাভাগি করার এক অনন্য মাধ্যম। সব ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ পড়ার মধ্য দিয়েই তো আমাদের বাঙালি মুসলমানদের ঈদের আনন্দ উৎসবের শুরু হয়। প্রবাসে নিজের পরিবার–পরিজন ছাড়া, বন্ধুবান্ধব, স্বজন ও পাড়া প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগির সময়-সুযোগ নেই।
প্রবাসে ইচ্ছা থাকলেও অনেক কিছুই সম্ভবের বাইরে থাকে। নিউইয়র্কের জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ওজন পার্ক, অ্যাস্টোরিয়াসহ বাঙালি এলাকায়, বাঙালি ইন্ডিয়ান মালিকানাধীন কাপড়ের দোকানগুলোতে তরুণ, তরুণী, শিশু ও নারীরা কেনাকাটার জন্য ভিড় করেন। রাস্তার ওপরে কেউ কেউ মেহেদির পসরা সাজিয়ে বসেন। সেখানে নারী ও শিশুরা নানান আলপনায় হাতে মেহেদি লাগান। যে উচ্ছ্বাস নিয়ে তাঁরা কেনাকাটা করছেন, সেই আনন্দ–উল্লাসের সুযোগ কতটুকু পাবেন। তাঁরাই একমাত্র ভালো জানেন। উত্তর-পূর্ব আমেরিকার নিউইয়র্কে আশির দশকে বাঙালি সমাজ সংস্কৃতির বন্ধন গড়ে ওঠে। কর্মব্যস্ততার কারণে বাঙালিরা সপ্তাহের যেকোনো দিনকে উৎসবের দিন হিসেবে বেছে নিতে পারেন না। যেকোনো উৎসব অনুষ্ঠানের জন্য বন্ধের দিনের অপেক্ষা করতে হয়। ঈদ যদি শনিবার অথবা রোববার হয়, তাহলে তো আনন্দের সীমা নেই। এই প্রবাসে মনে আনন্দ থাকলেও আনন্দের বহিঃপ্রকাশের সময়–সুযোগ অনেকেরই ভাগ্যে জোটে না। কর্মের জোয়াল কাঁধে নিয়ে ঘানি টানা জীবনে, অনেকেই তো আনন্দের ভিখারি!
প্রবাসের অনেকেই মনোমুগ্ধকর ঈদের নির্মল সুন্দর আনন্দের তালাশ করেন। কিন্তু জন্মমাটির কোল ছাড়া শিহরণ জাগানো শৈশবের রোমাঞ্চকর ঈদের আমোদ, প্রমোদ, উৎফুল্লতা এখানে নেই। প্রবাসজীবনের ঈদ কারও কারও জীবনে বুকভরা বেদনাকে চাপা দিতে আসে। জীবনের কষ্টটাকে আড়াল করতে, গানের এই পঙ্ক্তি অনেকেরই গাইতে ইচ্ছা করে, ‘মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার এ হৃদয়ে বেদনার রঙে রঙে ছবি আঁকে।’
এবার প্রবাসে আমার চতুর্থ ঈদ। বিগত সময়ে তিনটি ঈদ কাটিয়েছি এই নিউইয়র্কে। সত্যিই ঈদ এসেছিল অনেকের মতো আমারও ঘরে। তবে তুফান বেগে ঝাঁকুনি দিয়ে আমোদে উৎসব হয়ে আসেনি। এই উৎসব রং ছড়াতে পারেনি অনেকের মনে। আমার ছোটবেলা থেকে ঈদগাহে ঈদের নামাজ পড়ে অভ্যস্ত। মানুষের ঠেলায় বাড়ির সামনে থেকে ঈদগাহে আসা-যাওয়া করতাম। ভাই বন্ধু স্বজনেরা দল বেঁধে একসঙ্গে ঈদগাহে নামাজ পড়তে যেতাম। আমাদের গ্রামের বিশাল ঈদগাহে প্রায় পাঁচ হাজার মুসল্লি নামাজ আদায় করেন। শহরে, নগরে, বন্দরে ও প্রবাসে বসবাসকারী গ্রামের মানুষেরা ঈদ করতে সবুজ শ্যামল গ্রামের বাড়িতে আসতেন। নাম না জানা অনেক অপরিচিত মানুষের সঙ্গে দেখা হতো। আপনজন মনে করে ভালোবেসে বুকে টেনে নিতেন। আহা, কী যে আনন্দ! এমন নির্মল হইহুল্লোড় আনন্দের কতখানি ভোগ করতে পারছে প্রবাসের এই প্রজন্মের সন্তানেরা।
নানান রঙের ঢঙের বহুজাতিক মানুষের দেশে ঈদ উৎসবে তৃপ্তি নেই। উৎসবের রং ঢঙের উন্মাদনা নেই। সামাজিক জীব মানুষকে জড়তা ঘিরে আছে। ইচ্ছা থাকলেও ইচ্ছা পূরণ হয় না। এরই নাম প্রবাসজীবন। বিগত সময়ে জ্যামাইকা দারুস সালাম মসজিদে তিনটি ঈদের নামাজ পড়েছি। গত ঈদের দিন ঈদুল আজহার নামাজের তৃতীয় জামায়াতে শরিক হলাম। নামাজ শুরুর আগে মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, নামাজ পড়াবেন এমাদ উদ্দিন। খবর নিয়ে জানতে পারলাম, ইমামের বয়স আঠারো হবে। তিনি এখনো মাদ্রাসায় পড়ছেন। নামাজ শেষে কৌতূহল নিয়ে তার সঙ্গে সৌজন্য আলাপচারিতা ও ঈদের শুভেচ্ছা বিনিময় হলো। চমৎকার ভাষা ও উচ্চারণে, নামাজ পড়ালেন, খুতবা পড়লেন, বেশ ভালো লাগল। আঠারো/উনিশ বছরের কোনো তরুণ বালক কি বাংলাদেশের কোথাও ঈদের নামাজ পড়াতে পারবে? না জানি কত ফতোয়া জারি হবে!
বাংলাদেশে ঈদ মানে তো আগেপিছে সপ্তাহব্যাপী ছুটি। অবসর আড্ডা। আর প্রবাসে সারা রাত খাটুনির পর দৌড়ে দৌড়ে ঈদের নামাজ পড়তে যাওয়া। সকালের কাজে নিয়োজিত ব্যক্তিদের দুঃখ ঈদের নামাজ পড়তে না পারা। দেশের বাইরে প্রবাসের প্রথম ঈদের নামাজ মসজিদে পড়তে হলো। তা–ও আবার অল্পসংখ্যক মানুষের সঙ্গে। যখন ঈদের নামাজে যাওয়ার বয়স হয়নি, তখন বাবার হাত ধরে বাড়িঘেঁষা মসজিদে যেতাম। আমাদের গ্রামে ঈদগাহ স্থাপনের পর ঈদগাহে ঈদের নামাজ পড়তে যেতাম। এভাবে জীবনের ৩৩ ঈদের নামাজ পড়া হয়েছে গ্রামের ঈদগাহে। প্রতিটি ঈদের নামাজের জামায়াতে অংশ নিতেন প্রায় পাঁচ হাজার মুসল্লি। বিশাল ঈদগাহে অসংখ্য মানুষের সঙ্গে নামাজ পড়ার আনন্দ তো এক বিশাল আনন্দযজ্ঞ। নামাজের পর আনন্দঘন পরিবেশে কোলাকুলি ও কুশল বিনিময়ের শিহরণে মেতে উঠতেন সব বয়সের মানুষেরা। নামাজের আগে ও পরে ঈদগাহ ময়দানের পথ ধরে হাজারো মানুষের ঢল নামত। অনেকের মতো আমিও সেই সব মানবঢলে গা ভাসাতাম। কিন্তু আজ যখন ভিনদেশে ঘর থেকে বের হয়ে কাছের মসজিদে ঈদের নামাজ পড়তে যাই, তখন মুসল্লিদের কোনো কোলাহল নেই। নামাজ শেষে কোলাকুলির কলরব নেই। ঘরে ফিরতে নির্জীব নিষ্প্রাণ ঈদ অবাক করে। এই ঈদে আমি আমার শ্রীধরা গ্রামকে, গ্রামের মানুষজনকে, স্বজন ও প্রিয়জনদের খুব বেশি অনুভব করেছি।
লেখক: সাংবাদিক ও সমাজ অনুশীলক। নিউইয়র্ক।