বড় ভাই ইফতেখার আহমদ খসরু কাতারের ক্ষমতাসীন আমির আল-থানি পরিবারের মালিকানাধীন বিশ্বখ্যাত মার্সিডিজ গাড়ি আমদানি ও বিক্রয়কারী প্রতিষ্ঠানে চাকরি নিয়ে কাতারের উদ্দেশ্যে ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজে ঢাকা ছেড়ে গেলেন। সময়টা ৮১ সালের ৩০ জুলাই রাত ১০টা। প্রায় ৩৮ বছর আগে বর্তমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এখনকার মতো এত বিদেশগামী যাত্রী ও দর্শনার্থীতে ভরপুর ছিল না।
মনে পড়ে, ঢাকায় মতিঝিলের প্রাণকেন্দ্র দিলকুশা এলাকায় সুনামগঞ্জবাসীর প্রিয় আবাসিক হোটেল সাগরিকাতে সন্ধ্যায় ইফতার সেরে ভাড়ায় ট্যাক্সি নিয়ে বিমানবন্দরে পৌঁছলাম রাত ৯টার কিছু আগে। বিমানবন্দরে ভাইকে বিদায় জানানোর দলে ছিলেন খসরু ভাইয়ের বন্ধু প্রয়াত শাহরিয়ার ভাই। সঙ্গে আমার বন্ধু পারভেজ। অন্যজন ছিলেন বড় ভাইয়ের বন্ধু কবি আশরাফ আহমদ। ব্রিটিশ এয়ারওয়েজের বড় উড়োজাহাজ আকাশে ওড়ার পর আমাদের ফেরত যাত্রা শুরু। গন্তব্য, ওই সাগরিকা হোটেল। একদম ফাঁকা বনানী রোড হয়ে মতিঝিল আসতে আসতে শাহরিয়ার ভাই বললেন, ‘আমরা মতিঝিল পৌঁছার আগেই খসরুর বিমান কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছে যাবে।’ ব্রিটিশ এয়ারওয়াজের বাণিজ্যিক বহরের রাজকীয় রং নীল, সাদা ও লাল রঙে সাজানো ডিসি-১০ উড়োজাহাজের যাত্রাপথ ছিল ঢাকা-কলকাতা-বোম্বে-লন্ডন। হোটেলে ফিরতে ফিরতে মধ্যরাতের কাছাকাছি।
পরদিন ইফতারের দাওয়াত ছিল পারভেজদের ৫৪ আউটার সার্কুলার রোড, সিদ্ধেশ্বরীর বাসায়। সেই বাসায় পারভেজের ফুপাতো ভাই মাসুম ভাইকে মধ্যরাতে ঘুম থেকে ডেকে তুলে বন্ধু পারভেজ জিজ্ঞেস করেছিল, ‘মাসুম ভাই ঢাকা শহরে এত মানুষ যখন ঘুমায়, তখন ওরা এত বালিশ কোথায় পায়?’ এটি ছিল মাঝরাতের সেরা কৌতুক। স্পষ্ট মনে আছে ডজনখানেক বাহারি পদের ইফতার খেয়ে রিকশায় হোটেলে ফিরতে বেশ রাত হয়ে গেল। শেষরাতে সাহরি খেয়ে আর ঘুমানো গেল না। কারণ ভোরেই সুনামগঞ্জগামী বিআরটিসি বাস ছাড়বে কমলাপুর বিআরটিসি বাসস্ট্যান্ড থেকে। দিনটি শুক্রবার, ১ আগস্ট। নটরডেম কলেজের মূল গেট থেকে সামান্য দূরে আরামবাগ পুলিশ বক্সের বিপরীতে ছিল বিআরটিসি দূরপাল্লার বাস স্ট্যান্ড। বাসে উঠে দেখি কবি মউজদীন ভাইসহ আরও কয়েকজন ঈদের ছুটিতে সুনামগঞ্জ যাচ্ছেন। যাত্রী হিসেবে আরও আছেন পীর হাবীবসহ ঢাকায় অবস্থানরত কয়েকজন শিক্ষার্থী। সবার নাম এ মুহূর্তে মনে না এলেও ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুনামগঞ্জের কয়েকজন মেধাবী পড়ুয়া ছিলেন সেই দলে।
ঢাকা-সিলেট ভ্রমণ সে সময় ছিল দীর্ঘ ও সময়সাপেক্ষ। মেঘনা ও দাউদকান্দিতে ঢাকা থেকে আগত বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন থাকত। এসব যানবাহনকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছে দিত সড়ক-জনপদ বিভাগের হলুদে রঙা ইঞ্জিনচালিত আধুনিক ফেরি। ঢাকা থেকে গেলে প্রথম ফেরিতে পার হতে হতো মেঘনা নদী। সেটি বড় না হলেও দাউদকান্দি ঘাটের নদীর প্রশস্ততা ছিল বিশাল এবং স্রোতস্বিনী। ফেরি বাস উঠলেই আমরা নেমে যেতাম বরিশালের টক-মিষ্টি স্বাদের আমড়া খাওয়ার লোভে। ঢাকা থেকে ফেরার পথে সকালবেলা ফেরির পাশে যাত্রীছাউনি দখল করে খোলা চা-নাশতার দোকানে গরম-গরম চা, সঙ্গে ড্রাই-কেক ছিল ভরসা। দাউদকান্দি ফেরিঘাটের দুই পারে শত শত চায়ের দোকানের সঙ্গে কিছু টং ঘরে বাঁধা থাকত শিংওয়ালা কালো পুরুষ্ট ও রাগী চেহেরার অনেক পুরুষ ছাগল। প্রথমে না বুঝলেও পরে খোঁজ নিয়ে জেনেছি ঢাকাসহ আশপাশের এলাকার কসাইখানায় ছাগলের সরবরাহটি এদিক থেকেই হয়।
দাউদকান্দি ফেরি পার হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে যেতে যেতে বামে মোড় নিয়ে বাস ধরত সিলেটগামী রাস্তা। ক্যান্টনমেন্টের পাশেই ছিল বিখ্যাত ওয়ার সিমেট্রি, যেখানে সমাহিত আছেন ইঙ্গ-মার্কিন অক্ষশক্তির পক্ষে লড়া নানান জাতি ও ধর্মের বীর সেনানীরা। এর পর ব্রাহ্মণবাড়িয়া শহরের বুক চিরে যাওয়া মহাসড়ক ধরে উত্তর-পূর্বদিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। ক্রমে মাধবপুর, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল শহরকে পেছনে ফেলে পড়ন্ত বিকেলে এসে পৌঁছলাম লামাকাজি ফেরিঘাটে। ঝকঝকে আলোকোজ্জ্বল দিনের শেষ ভাগে ফেরিঘাটে এসে শোনা গেল উত্তর-পূর্ব ভারত সীমান্তে গত ক’দিন প্রচুর বৃষ্টি হয়েছে। এ কারণে সিলেট ও ছাতক অঞ্চলে অকাল বন্যা দেখা দিয়েছে। সুরমা নদীর পানির উচ্চতা আচমকা বেড়ে গিয়ে বিপৎসীমার ওপর দিয়ে বইছে। ফলে দু-পারের ফেরির স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে অনির্দিষ্ট সময়ের জন্য। সব শুনে যাত্রীরা একে অন্যের মুখের দিকে তাকিয়ে আছেন কোনো কথা না বলে। সবাই উদ্বিগ্ন।
সিদ্ধান্ত হলো সুনামগঞ্জ যেতে হলে আগে খেয়া নৌকায় পশ্চিম পাড়ে যেতে হবে। আমরা তাই করলাম। অপর পাড়ে পৌঁছে অনেক ট্রাক ও বাসের সারিতে হঠাৎ চোখে পড়ল পরিচিত একটি নম্বরপ্লেট; চট্টগ্রাম ঠ-২০৫১। আরে এ তো দেখি চিটাগাং শহরের কাট্টলীর বাসিন্দা সুলু ভাইয়ের ট্রাক। বাংলাদেশ টোবাকো কোম্পানির পরিবেশক হওয়ায় মাসে কমপক্ষে চারবার চট্টগ্রাম যেতে হতো। বেশির ভাগ সময় সিগারেট আনতে যেতেন ম্যানেজার নিরঞ্জন দা। আমি যেতাম হঠাৎ হঠাৎ।
চট্টগ্রাম শহরের মাঝির ঘাট এলাকা দুটো কারণে বিখ্যাত ছিল। এক, কর্ণফুলী তীরের লবণ প্রক্রিয়াজাত কারখানার জন্য; দুই, বারিক বিল্ডিংয়ের সামনের রাস্তাজুড়ে থাকা স্টিল রিরোলিং মিলের কারণে। সে যা হোক, প্রতি সপ্তাহে আমাদের জন্য নির্ধারিত সিগারেট সুনামগঞ্জ আনতে মাঝির ঘাটে নির্দিষ্ট ট্রান্সপোর্ট এজেন্সি থেকে ট্রাক ভাড়া করা লাগত। সেখানেই পরিচয় হয় ট্রাকচালক সলু ভাইয়ের সঙ্গে। সৎ ট্রাকচালক সলু মিয়া সুনামগঞ্জ আসতে উৎসাহী ছিলেন কোনো এক অজানা কারণে। আমরাও তাঁকে খুঁজতাম তাঁর সততার জন্য।
লামাকাজি ফেরিঘাটের পশ্চিম পাড়ে ট্রাকের কেবিনে ঘুমিয়ে আছেন সলু মিয়া। দরজায় আমার করাঘাতে ঘুম থেকে উঠে আমাকে দেখে হতবাক। নেমে এসে জানতে চাইলেন, আমি এখানে কেন। সলু ভাইকে বললাম, ‘চলো তোমার ট্রাক নিয়ে সুনামগঞ্জ। অনেক লোক আছে তোমার ভাড়া উঠে যাবে।’ তিনি জানালেন, তাঁর ট্রাকে ফুয়েল (ডিজেল) কম। সুনামগঞ্জ যেতে হলে আরও ডিজেল নিতে হবে। ওকে সঙ্গে নিয়ে আবার ফেরত এলাম পূর্বপাড়ে। সময়ও বেশি নেই। নদী পাড়ি দিয়ে লাভ হলো না। দোকানপাট বন্ধ। ডিজেল-পেট্রল-কেরোসিন-অকটেন কিছুই নেই বাজারে। ঈদের কারণে সব দোকান বন্ধ।
নিরাশ হয়ে দুজন পূর্ব পাড়ে ফিরে দেখি পুরোনো একটি বাসে অনেকেই উঠে বসে আছেন। মাগরিবের সময় প্রায় আসন্ন। এর মধ্যে ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী নিয়ে ৪৪ মডেলের বাস লামাকাজী ছেড়ে গোবিন্দগঞ্জ এসে যখন থামল, বাজারের মসজিদে চলছে মাগরিবের আজান। রোজা ভাংতে রাস্তার পাশের হোটেলে যা পাওয়া গেল, তা দিয়েই সারতে হলো শেষ দিনের ইফতার। চারদিকে সন্ধ্যা নেমে এসেছে। যাত্রীভার নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে জাউয়া বাজারে এসে থামল বাসটি রাত ৮টা নাগাদ।
ওই দিন ছিল সাপ্তাহিক হাটের দিন। শত শত যাত্রী বাড়ি যাবে বলে বাসের অপেক্ষায়। জাউয়া বাজারে বাস থামামাত্র অপেক্ষমাণ যাত্রীরা তাড়াহুড়া করে বাসের ভেতরে ও ছাদে উঠতে শুরু করল। কন্ডাক্টরের নিষেধ না শুনে হাটুরের দল গাড়ির ছাদে উঠছে তো উঠছেই। বাস চলবে কি; দাঁড়ানো অবস্থায়ই হঠাৎ শুনি ঠাস ঠাস শব্দ। বাসের সামনে ও পেছনের দুটি চাকা একযোগে ফেটে গেল। ড্রাইভার ও কন্ডাক্টর রাগের চোটে গালি দিয়ে বলছে, ‘কেউ শুনল না! বাবাজিরা এবার যাও! দেখব কেমনে বাড়ি যাও। আমি আর এক ইঞ্চিও এগোতে পারব না।’
রাত বাড়ছে, সঙ্গে উৎকণ্ঠা। বাজারের পশ্চিম প্রান্তে পুরোনো আমলের লোহার সেতু হেঁটে হেঁটে পেরিয়ে ওপারে পাওয়া গেল কালো হলুদ রঙের তিন চাকার বেবি-ট্যাক্সি। লামাকাজি ফেরিঘাট পর্যন্ত সুনামগঞ্জগামী অনেক যাত্রীর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্যামাঙ্গিনী এক তরুণীও ছিলেন হাবীবের সঙ্গে; নাম মাহমুদা পারভীন। বর্তমানে দেশের প্রখ্যাত এক চিকিৎসকের সহধর্মিণী হয়ে সংসারকীর্ত করে যাচ্ছেন। তাঁর বাবা ছিলেন জেলা পশু কর্মকর্তা। বাসা ছিল কামারখাল ব্রিজের পাশে স্টেশন রোডে রায় প্রেসের দক্ষিণে। খেয়াল করলাম, সারা পথ চুপ থাকলেও জাউয়া বাজারে বাস থেকে নেমে কিছুটা সংকোচ নিয়ে কথা বলা শুরু করলেন। ঢাকা থেকে বাসে তাঁর সঙ্গী ছিলেন পীর হাবীব। ‘সবাই যখন সুনামগঞ্জ যাচ্ছি, একসঙ্গে যাওয়া ভালো’, বলেই উঠলেন ডাবর ঘাটগামী বেবি-ট্যাক্সিতে। সামনে-পেছনে মিলিয়ে ছয়জন উঠলাম। সামনে ছিল হাবীব।
ভটভট শব্দ তুলে বেবিট্যাক্সি এসে থামল মহাসিং নদীর পূর্ব পাড়ে। রাত তখন ১০টার বেশি। আবিষ্কার করলাম গাড়ি পারাপারের সব ফেরি পশ্চিম পাড়ের পন্টুনে শক্ত করে বাঁধা। ফেরি অফিসের পাশে অস্থায়ী লাল ইটের তৈরি খালাসিদের থাকার জায়গা পুরো নীরব। সবাই ঘুমে অচেতন। হঠাৎ চোখে পড়ল মাছ ধরার দুটো ছোট নৌকা। অনেক অনুনয়ের পর ওরা রাজি হলো আমাদের পশ্চিম পাড়ে (সুনামগঞ্জের দিকে) পৌঁছে দিতে। ততক্ষণে মধ্যরাত পেরিয়ে গেছে।
রাতের নীরবতা ভেঙে আমরা জন পনেরো ক্লান্ত যাত্রী হেঁটে হেঁটে উপস্থিত হলাম পাগলা বাজারে। ঈদের আগের রাতে সবক’টি দোকানের ঝাঁপ নামানো। সারা দিনের ঈদের বিক্রিবাট্টার পর কয়েকজন ব্যবসায়ী সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে গল্প করছেন। তাঁদেরই একজন লাল মিয়া। সে সময়ের পাগলা বাজারের বড় মনোহারী দোকানের মালিক। প্রতি সপ্তাহে হাজার টাকার বিটিসির সিগারেট চালান সঙ্গে লিভার ব্রাদার্সের নানা জাতের সাবান-শ্যাম্পু পাইকারি দরে আমাদের দোকান থেকে নিয়ে যেতেন। ঈদের আগের রাতে পাগলা বাজারে এই সময়ে আমাদের একসঙ্গে দেখে লাল মিয়া অবাক। বারবার বলছেন, ‘মাজন সাব (মহাজন সাহেব) এত রাতে আপনারা পাগলা বাজারে? বিষয় কী?’
সব শুনে প্রথমে বাজারে সড়ক জনপদের ব্যবস্থাপনায় চলা ডাকবাংলোর নৈশ প্রহরীকে জাগিয়ে আমাদের বিশ্রামের ব্যবস্থা করে হঠাৎ লা-পাত্তা। এদিকে সারা দিনের ঝক্কি শেষে আমরাও ক্লান্ত। শুধু দুজন সাহিত্যপ্রেমী বারান্দায় পেতে রাখা দুটো চেয়ারে বসে সমসাময়িক কবিতা নিয়ে বিস্তর আলোচনায় মগ্ন। একজন ‘জলজ্যোসনা’র কবি ও জনপ্রতিনিধি মমিনুল মউজদীন, অন্যজন কবি মাহমুদা পারভীন। পাশের একটি চেয়ারে বসে শুনছি তাদের কবিতা-বিষয়ক মূল্যবান অভিমত। ছোট ভাই অপু ও হাবীব তখন পুরোনো পত্রিকা বিছিয়ে শুয়ে পড়েছে শক্ত কংক্রিটের মেঝেতে। হঠাৎ শুনি লাল মিয়ার ডাক, ‘মাজন সাব, আফনারা সব আউকা। সামান্য ডাল-ভাতের ব্যবস্থা হইছে। গরিবের ঘরে রাজা সাব সহ হাতখান ভিজাইবা।’
মউজদীন ভাই, পারভীন আপাসহ সবাই উপস্থিত লাল মিয়ার বাড়ি। বারান্দায় পিতলের বদনা অ্যালুমিনিয়ামের জগভর্তি পানি দিয়ে হাত মুখ ধুয়ে বসা হলো ভেতর-বাড়ির মেঝেতে বিছানো শীতলপাটিতে। গরম ভাত, ঘন মসলায় বড় বড় হাঁসের ডিম ভুনা, আলু ভাজা ও ডাল। খাবারের সুবাসে মাথা খারাপ হওয়ার অবস্থা। সবাই একযোগে এই শেষ রাতে উদরপূর্তি করলাম। লাল মিয়া পাশে দাঁড়িয়ে বারবার শুধু একটি কথাই বলছেন, ‘মাজন সাব, কিচ্ছু করতে পারলাম না আপনাদের লাগি।’
খাওয়া শেষে ডাকবাংলোয় ফিরে আবার ভোরের অপেক্ষায়। চেয়ারে গা এলিয়ে ঘুমানোর চেষ্টাও করলাম খানিক। পুব আকাশে ধীরে ধীরে আলো ফুটল। ঈদের দিনে ভোরে অনেক কষ্টে রিকশা জোগাড় করে জয়কলস হয়ে আবার এলাম আহসান মারা ফেরি ঘাটে। ভাগ্য ভালো ফেরিগুলো উত্তর পাড়ে বাঁধা থাকায় অনুরোধে কাজ হলো। প্রায় দুই মাইল হেঁটে লিলপুর বাজার থেকে নেওয়া রিকশায় চড়ে যখন শহরে ঢুকছি, সময় তখন সকাল ৯টা ছুঁই ছুঁই। শহরে ঢোকার আগেই শুরু হয়েছে বৃষ্টি। টিপ টিপ বৃষ্টিতে ভিজে এইচএমপি স্কুলের পাশ দিয়ে ঈদগাঁ মাঠের দক্ষিণ পাশের রাস্তা ধরে বাসার দিকে এগোচ্ছি, তখন কানে এল টাউন মসজিদের ইমাম সাহেব এলান বলছেন, ‘এক্ষণি ছয় তকবিরের সঙ্গে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ শুরু হইবে। মুসল্লিরা লাইন সোজা করে দাঁড়ান। আল্লাহু আকবার।’