ঈদের খুশিতে মিলবে সবাই ৪ বা ৫ জুন
আমেরিকায় মুসলমান সম্প্রদায় আজ শুক্রবার ২৬ রমজান পার করছে। পবিত্র রমজান শেষে আসছে খুশির ঈদ। চাঁদ দেখা সাপেক্ষে ৪ জুন মঙ্গলবার অথবা ৫ জুন বুধবার উত্তর আমেরিকায় ঈদুল ফিতর উদ্যাপন করা হবে।
উপলক্ষে নিউইয়র্ক নগরের স্কুল ৪ জুন বন্ধ ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেল অফিস বন্ধ থাকবে ৩-৫ জুন সোম, মঙ্গল ও বুধবার।
নিউইয়র্কে বাংলাদেশিরা ঈদুল ফিতর উদ্যাপনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করছেন। শপিং মল থেকে শুরু করে জ্যাকসন হাইটসের স্বর্ণের দোকান, গ্রোসারি দোকানগুলোতে চলছে কেনাকাটার ব্যস্ততা। চলছে সব কমিউনিটি সংগঠনের ইফতার মাহফিল।
নিউইয়র্কের মসজিদগুলোতে ঈদের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে অধিকাংশ মসজিদে ঈদের জামাত উম্মুক্ত মাঠে হবে। যেসব মসজিদের আয়োজনে উম্মুক্ত মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, সেখানে একটি জামাত হবে। যেখানে মসজিদে মসজিদে জামাত হবে, সেখানে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।
জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সংলগ্ন টমাস এডিশন হাই স্কুল মাঠে সকাল ৯দুটায়। ঈদ জামাতে নারীদের নামাজ আদায় করার ব্যবস্থা রাখা হয়েছে বলে জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী জানিয়েছেন। ঈদের দিন বৃষ্টি হলে বা আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। জ্যামাইকা মুসলিম সেন্টারেই নিউইয়র্কে প্রবাসীদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অ্যাস্টোরিয়ার আল-আমিন মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটের ৩৬ অ্যাভিনিউ ও ৩৭ অ্যাভিনিউয়ের মাঝখানে। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় ও তৃতীয় জামাত সকাল ১০টায়। তৃতীয় জামাতে নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের উদ্যোগে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৯টায় ৭৩ স্ট্রিটের রুজভেল্ট ও ৪১ অ্যাভিনিউর মাঝখানে। ব্রঙ্কসের বাংলা বাজার জামে মসজিদে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে পিএস ১০৬ স্কুলে। আবহাওয়া খারাপ হলে মসজিদের ভেতরেই দুটো জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় এবং সকাল সাড়ে নয়টায়।
জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে আটটা থেকে এক ঘণ্টা পর পর। প্রথম জামাত ছাড়া সব জামাতেই নারীদের নামাজের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে।
ওজোনপার্কের ফুলতলি ইসলামী সেন্টারের উদ্যোগে পিএস ৬৪ স্ট্রিটের মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। অ্যাস্টোরিয়া ইসলামিক সেন্টার ও বায়তুল মোকাররম মসজিদের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। ৩১ স্ট্রিটের ডিটমাস ও ২১ অ্যাভিনিউয়ের মাঝখানে এই জামাত অনুষ্ঠিত হবে।
পার্কচেস্টার জামে মসজিদে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল ৯টায়। দ্বিতীয় জামাতে নারীদের নামাজ আদায়ের ব্যবস্থা আছে বলে জানানো হয়েছে। জ্যাকসন হাইটসের দারুল ফোরকান মসজিদে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ব্রুকলিন বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে সকাল সাড়ে আটটায় জামাত অনুষ্ঠিত হবে। ব্রুকলিনের নিউকার্ক বেলাল মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। ব্রুকলিন ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রসপেক্ট পার্কের ৮ নম্বর মাঠে সকাল সাড়ে আটটায়।
এ ছাড়া ইস্ট এলমাহার্স্ট জামে মসজিদ, জ্যামাইকার মসজিদ আল-কুবা, মসজিদ আল-ইকনাসহ সব মসজিদের নামাজের সময়সূচি ঘোষণা করা হয়েছে। মোহাম্মদী সেন্টারের উদ্যোগে ডাইভার্সিটি প্লাজায় ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।