উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর বৈঠক ডাকল জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্রের ‘সফল’ পরীক্ষা চালানোর ঘোষণা দেওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গতকাল সোমবার জরুরি বৈঠক ডেকেছে। পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপকে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি একটি চ্যালেঞ্জ মনে করা হচ্ছে।
উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুসং শহরের কাছাকাছি থেকে গত রোববার সাগরে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায় ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করেছে। এতে দেশটির মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়াও যোগ দিয়েছে।
যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গতকাল রাতেই একটি বৈঠকে বসার কথা।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। তা উপেক্ষা করে দেশটি গত বছর দুটি পারমাণবিক পরীক্ষা ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়।
উত্তর কোরিয়ার প্রধান মিত্র চীন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় বিরক্তি জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও উদ্বেগ জানিয়েছে।