উ. কোরিয়ার বিরুদ্ধে নতুন মার্কিন অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিষ্ঠান সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে হ্যাকিংয়ের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র শুক্রবার কট্টর কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপ করেছে। খবর বিবিসি ও এএফপির।
প্রেসিডেন্ট বারাক ওবামা একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে উত্তর কোরিয়ার তিনটি প্রতিষ্ঠান ও ১০ জনের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। দুই সপ্তাহের ছুটিতে হাওয়াই অঙ্গরাজ্যে থাকার সময় এতে সই করলেন ওবামা।
ওয়াশিংটনে প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার উসকানিমূলক, অস্থিতিশীলতামূলক ও নিপীড়নমূলক কার্যকলাপের’ জবাবে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উত্তর কোরিয়ার বিতর্কিত পারমাণবিক কর্মসূচির জন্য ইতিমধ্যেই তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে কোনো মার্কিন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সাইবার হামলার জবাবে যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনা এটাই প্রথম বলে মনে করা হচ্ছে। তবে ইতিমধ্যেই পাশ্চাত্যসহ বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্নতা এবং অর্থনীতির ছোট আকারের কারণে এ নিষেধাজ্ঞা বিশেষ কোনো প্রভাব ফেলবে না বলে পর্যবেক্ষকেরা বলছেন।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে রয়েছে উত্তর কোরিয়ার প্রধান গোয়েন্দা সংস্থা দি রেকনেসান্স জেনারেল ব্যুরো। প্রধান অস্ত্র ব্যবসাপ্রতিষ্ঠান দি কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং করপোরেশন, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা গবেষণায় সহায়তা করা প্রতিষ্ঠান কোরিয়া টাঙ্গুন ট্রেডিং করপোরেশন ইত্যাদি।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, উত্তর কোরীয় শীর্ষ নেতা কিম জন উনকে নিয়ে ব্যঙ্গাত্মক চলচ্চিত্র দি ইন্টারভিউ নির্মাণ করার কারণেই প্রতিশোধ নিতে দেশটির সনি পিকচার্সের ওয়েবসাইট হ্যাক করে। এতে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক ও স্পর্শকাতর তথ্য ফাঁস হওয়াসহ ব্যাপক ক্ষতি হয়েছে। তবে উত্তর কোরিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।