উ. কোরিয়ার জন্য সামরিক ব্যবস্থা হবে দুঃখের: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি রুখতে সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষপাতী নন তিনি। তবে এ পদক্ষেপ যদি তিনি নেন, তাহলে তা পিয়ংইয়ংয়ের জন্য খুবই দুঃখের কারণ হবে।

হোয়াইট হাউসে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, কোরীয় উপদ্বীপে চলমান সংকট নিরসনে সব বিকল্পই বিবেচনার মধ্যে রয়েছে। সামরিক পদক্ষেপ এসব বিকল্পের একটি।

গত রোববার পিয়ংইয়ং দাবি করে, তারা হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে। জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ নিয়ে ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাল দেশটি। এ ছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচিও চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। সর্বশেষ গত ২৯ আগস্ট ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। দেশটি সে সময় দাবি করে, জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে উড়ে প্রশান্ত মহাসাগরে পড়া ক্ষেপণাস্ত্রটি একটি অন্তর্বর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইআরবিএম)।

কোরীয় উপদ্বীপে উদ্ভূত এই পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সামরিক পদক্ষেপ নিশ্চিতভাবেই একটি বিকল্প। তবে তা কি অনিবার্য? কোনো কিছুই অনিবার্য নয়।’ তিনি বলেন, ‘সামরিক পদক্ষেপের পথ বেছে নিতে আমি আগ্রহী নই। আমরা যদি এই পদক্ষেপ নিই, সে দিনটা হবে তাদের জন্য অত্যন্ত দুঃখের দিন।’

প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার সময় এখন নয়। তবে তাঁর প্রশাসনের কর্মকর্তারা বলছেন, চলমান সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের পথ এখনো খোলা রয়েছে।

উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ মেক্সিকোও কঠোর অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার দেশটিতে পিয়ংইয়ংয়ের রাষ্ট্রদূতকে ‘অগ্রহণযোগ্য ব্যক্তি’ হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং মেক্সিকো ত্যাগের জন্য তাঁকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। মেক্সিকো সরকার বলেছে, পারমাণবিক কর্মসূচির মাধ্যমে উত্তর কোরিয়া আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকির সৃষ্টি করেছে।

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। এই খসড়া প্রস্তাবে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ বন্ধ এবং টেক্সটাইল পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ও তাঁর সরকারের সম্পদ জব্দের প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে তাঁর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপেরও পরামর্শ দিয়েছে ওয়াশিংটন। দেশের বাইরে কর্মরত উত্তর কোরিয়ার শ্রমিকদের কাজের সুযোগ বন্ধেরও পরামর্শ রয়েছে যুক্তরাষ্ট্রের খসড়ায়। আগামী সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।