উ. কোরিয়ার নাগরিককে সম্মান দেখালেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটনে প্রথম ‘স্টেট অব ইউনিয়ন’ ভাষণে ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।
ওয়াশিংটনে প্রথম ‘স্টেট অব ইউনিয়ন’ ভাষণে ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা এক নাগরিককে সম্মান দেখালেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ওয়াশিংটনে প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

২০০৬ সালে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসেন জি সেং হো। ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ সভায় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের পাশে বসার স্থান দেওয়া হয় তাঁকে। ৮০ মিনিটের বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প জি সেং হোর দুর্ভোগের কথা উল্লেখ করেন।

১৯৯৬ সালে উত্তর কোরিয়ায় একটি ট্রেনের নিচে কাটা পড়ে এক হাত ও এক পা হারান জি সেং হো। মারাত্মকভাবে জখম ও অক্ষম এই ব্যক্তিকে কেবল প্রতিবেশী দেশ চীনে একটি সংক্ষিপ্ত ভ্রমণে যাওয়ার কারণে অমানুষিক অত্যাচার করা হয়। পরে নিজ অধিকারের জন্য চীন ও দক্ষিণ এশিয়ায় পালিয়ে যান তিনি।

ট্রাম্প তাঁর উদ্দেশে বলেন, ‘এখন তিনি সিউলে থাকেন। নতুন পা পেয়েছেন। তবে আমি বুঝতে পারি, সেং হো, আপনি এখনো ক্রাচগুলো রেখে দিয়েছেন কষ্টের স্মৃতিস্বরূপ। আপনার ত্যাগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা। সেং হোর গল্প অধিকার আদায়ে সচেষ্ট মানুষের আত্মা ও আকাঙ্ক্ষার একটি গল্প।’

সভায় সবাই দাঁড়িয়ে জি সেং হোর প্রতি সম্মান প্রদর্শন করেন, যা ট্রাম্পের প্রথম ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণকে স্মরণীয় করে রাখবে বলেই মনে করা হচ্ছে।

তবে পালিয়ে যাওয়া নাগরিককে যতই সম্মান প্রদর্শন করা হোক না কেন, বিশ্বে মানবাধিকার লঙ্ঘনে ট্রাম্প প্রশাসন সবচেয়ে এগিয়ে রয়েছে—এমনটা মনে করে উত্তর কোরিয়া। ট্রাম্প প্রশাসনকে ‘মানবাধিকারের সর্বনাশকারী’ বলে মন্তব্য করেছে তারা। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ট্রাম্প যখন ভাষণ দেন, তখন উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থা যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘন নিয়ে করা পিয়ংইয়ংয়ের বার্ষিক প্রতিবেদন ইংরেজিতে প্রকাশ করে। উত্তর কোরিয়ায় নাগরিকদের অধিকারের বিষয়টি নিয়ে বরাবরই গভীরভাবে সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। তাদের পরিসংখ্যা অনুযায়ী, উত্তর কোরিয়ায় রাজনৈতিক বন্দী রয়েছে ১ লাখ ২০ হাজার।সম্প্রতি ওয়াশিংটন একটি বার্ষিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উত্তর কোরিয়ার অবস্থান সবচেয়ে খারাপ বলে তুলে ধরা হয়। তবে পিয়ংইয়ংয়ের আজকের প্রতিবেদনটিতে পুরো নজর দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে নিয়ে।

ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ‘গণতন্ত্রের অভিভাবক’ ও ‘মানবাধিকারে শ্রেষ্ঠ’ মানুষের অধিকারে লাথি মারে, কিন্তু মানবাধিকারের সর্বনাশকারী হিসেবে তার সত্যিকার পরিচয় প্রকাশ করতে পারে না। জাতিগত বৈষম্য এবং মনুষ্য বিদ্বেষ যুক্তরাষ্ট্রের সামাজিক ব্যবস্থার অন্তর্নিহিত অসুস্থতা এবং ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর থেকে এটি আরও জটিল হয়ে উঠেছে।