উ.কোরিয়া বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও সি চিন পিং
ডোনাল্ড ট্রাম্প ও সি চিন পিং

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে, তা শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার জানায়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতে দুই নেতার মধ্যে টেলিফোনে কথোপকথনের সময় চিন পিং ওই আহ্বান জানান। উত্তর কোরিয়াকে সতর্ক করতে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধজাহাজের একটি বহর কোরীয় উপদ্বীপের দিকে পাঠানোর কথা ঘোষণার কয়েক দিন পর তাঁদের এ আলাপ হলো।
গত বৃহস্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও চিন পিংয়ের হৃদ্যতাপূর্ণ বৈঠকের পর গত শনিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, মার্কিন যুদ্ধজাহাজের একটি বহর কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়েছে। ট্রাম্পের সঙ্গে চিন পিংয়ের ওই সাক্ষাতের ৪৮ ঘণ্টা আগে জাপান সাগরে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
নিভৃতকামী কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরিপ্রেক্ষিতে ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন, পিয়ংইয়ংকে যদি তার মিত্র চীন নিরস্ত করতে ব্যর্থ হয়, তাহলে যুক্তরাষ্ট্র একাই ব্যবস্থা নেবে।
ফক্স নিউজে মঙ্গলবার প্রচারিত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা নৌবহর পাঠাচ্ছি। অত্যন্ত শক্তিশালী।... আমাদের ডুবোজাহাজ আছে। তা অত্যন্ত শক্তিশালী। বিমানবাহী জাহাজের চেয়েও শক্তিশালী।’
উল্লেখ্য, কোরীয় উপদ্বীপের পথে রওনা হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহরটির নেতৃত্বে রয়েছে নিমিৎজ-ক্লাস বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন।
ফক্স নিউজে ট্রাম্পের সাক্ষাৎকার প্রচারের পরই সি চিন পিংয়ের সঙ্গে টেলিফোনে কথা হয় তাঁর। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কথা বলার সময় চিন পিং ট্রাম্পকে বলেন, কোরীয় উপদ্বীপের উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রক্ষা ও সহযোগিতা করবে চীন। ট্রাম্প এর জবাবে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানদের মধ্যে বন্ধন দৃঢ় থাকা জরুরি।
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বহর পাঠানোর প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএকে বলেন, রণতরি মোতায়েন যুক্তরাষ্ট্রের বেপরোয়া আচরণের বহিঃপ্রকাশ। তাদের পদক্ষেপ পরিস্থিতিকে গুরুতর পর্যায়ে নিয়ে গেছে।
ওই দিনই এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া বিপদের দিকে ধাবিত হচ্ছে। যদি চীন সহায়তা করে, তাহলে খুবই ভালো। আর যদি না করে, তাহলে আমরা এ সমস্যার সমাধান তাদের ছাড়াই করব।’
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় আশঙ্কা, যে হারে উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিয়ে যাচ্ছে, তাতে খুব অল্প দিনের মধ্যেই হয়তো দেশটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের অধিকারী হয়ে যাবে। আর তা হলে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পিয়ংইয়ংয়ের অস্ত্রের নাগালের মধ্যে চলে আসবে।
এদিকে, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম-ইল-সুংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে দেশটি আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ওই দিন পারমাণবিক পরীক্ষাও চালানো হতে পারে। আগামী শনিবার কিম-ইল-সুংয়ের ১০৫তম জন্মবার্ষিকী পালিত হবে।