উইকিলিকসকে তথ্য দেওয়া ম্যানিংয়ের আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যার চেষ্টা করেছেন গুপ্তচরবৃত্তি ও উইকিলিকসের কাছে গোপন তথ্য ফাঁসের অভিযোগে কারাগারে বন্দী সাবেক মার্কিন সেনাসদস্য চেলসি ম্যানিং। তবে তিনি এখন সুস্থ আছেন। গত সোমবার টুইটারে এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

টুইট বার্তায় ম্যানিং লেখেন, ‘আমি ভালো আছি। বেঁচে আছি বলে আমি আনন্দিত।’ সমর্থকদের উদ্দেশে তিনি লেখেন, ‘আমাকে ভালোবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

এর আগে গত বুধবার মার্কিন সেনা কর্তৃপক্ষ জানিয়েছিল, ম্যানিংকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমে পরে জানানো হয়, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন।

চেলসি ম্যানিংয়ের নাম ছিল ব্র্যাডলি ম্যানিং। গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগে ২০১৩ সালের আগস্টে আদালত তাঁকে ৩৫ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর ম্যানিং ঘোষণা দেন, তিনি একজন নারী। পরে নিজের নাম পরিবর্তন করে শারীরিক পরিবর্তন সম্পূর্ণ করতে হরমোন থেরাপি নেওয়ার কথা জানান। তবে তাঁকে এখনো সামরিক কারাগারের পুরুষদের অংশেই রাখা হয়েছে।