উইকিলিকসের 'শনি' পিছু ছাড়ছে না হিলারির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে প্রতিদিনই ঘটছে নানা ঘটনা। সেগুলো মধ্য থেকে যুক্তরাষ্ট্র থেকে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের পাঠানো টুকরো খবর

আলোচিত ওয়েবসাইট উইকিলিকস হিলারি ক্লিনটন ও তাঁর স্বামী বিল ক্লিনটনের পেছনে লেগেই আছে। গত দুই সপ্তাহে প্রায় প্রতিদিনই তারা হাজার হাজার গোপন ই-মেইল ফাঁস করেছে। এর অধিকাংশই নির্দোষ, বড় জোর ক্লিনটন প্রচারণা দলের অভ্যন্তরের কোন্দলের গোমর ফাঁস হয়েছে। নির্বাচনে প্রভাব পড়ার মতো কিছু ছিল না তাতে। তবে সর্বশেষ ফাঁস হওয়া ই-মেইলে হিলারির স্বামী বিল ক্লিনটনের জন্য একটি মন্দ খবর আছে। এতে দেখা যাচ্ছে, বিল ক্লিনটনের একজন ঘনিষ্ঠ সহযোগী লিখেছেন, তিনি সাবেক প্রেসিডেন্টকে পাঁচ কোটি ডলারের ব্যবসা জুটিয়ে দিয়েছেন। ডাগ বন্ড নামের ওই সহযোগী টেনিও কনসাল্টিং নামের একটি কোম্পানি থেকে ক্লিনটন ফাউন্ডেশনে যোগ দেন। কিন্তু নানা কারণে সমালোচিত হলে বর্তমানে হিলারির প্রচারণা দলের প্রধান জন পডেস্টার কাছে এক ই-মেইলে নিজের কাজের সাফল্য হিসেবে তিনি এ কথা জানান। প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, ক্লিনটন ফাউন্ডেশনের নাম ব্যবহার করে বিল ক্লিনটন ও হিলারি ব্যক্তিগতভাবে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছেন। ডাগ বন্ডের ই-মেইল সেই অভিযোগকেই জোরদার করবে।