উইসকনসিনে বড়দিনের কুচকাওয়াজে গাড়ি তুলে দিয়ে ৫ জনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইসকনসিনে বড়দিন উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে লাল রঙের একটি গাড়ি চালিয়ে দেওয়া হয়
ছবি: রয়টার্স

বড়দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে আয়োজিত কুচকাওয়াজের ভেতর একটি গাড়ি ঢুকে লোকজনকে এলোপাতাড়ি চাপা দিয়েছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। আহত ৪০ জনের বেশি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে অঙ্গরাজ্যের ওয়াকেশা শহরে কুচকাওয়াজের ভেতর গাড়িটি ঢুকে পড়ে। পুলিশ বলছে, গাড়িচাপায় বেশ কিছু মানুষ হতাহত হয়েছে।

পুলিশপ্রধান ড্যান থম্পসন এক সংবাদ সম্মেলনে জানান, লাল রঙের একটি এসইউভি গাড়ি বড়দিনের কুচকাওয়াজের ওপর চালিয়ে দেওয়া হয়। কুচকাওয়াজ দেখতে অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল। গাড়িচাপায় বেশ কিছু মানুষ হতাহত হয়েছে। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও শিশু রয়েছে।

গাড়িচাপায় কয়েকজন নিহত হয়েছে বলে নিশ্চিত করেন থম্পসন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

থম্পসন জানান, ওয়াকেশা পুলিশ বিভাগ সন্দেহজনক একটি গাড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করার কথাও জানিয়েছেন তিনি।

উইসকনসিন অঙ্গরাজ্যের ট্রেজারার পদের জন্য লড়ছেন অ্যাঙ্গেলিটো টেনোরিও। কুচকাওয়াজে তিনিও উপস্থিত ছিলেন। তিনি জানান, প্রচণ্ড গতিতে ধেয়ে আসা এসইউভি গাড়িটি কুচকাওয়াজের ভেতর ঢুকে পড়ে। তারপর লোকজনকে চাপা দিচ্ছিল গাড়িটি। তখন চারপাশে শুধু আহত মানুষের আর্তনাদ ও চিৎকার শোনা যাচ্ছিল।

উইসকনসিনের গভর্নর টনি এভারস ঘটনাটিকে বিবেকহীন কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। গভর্নর বলেছেন, এ ঘটনায় ভুক্তভোগীসহ তাঁদের স্বজনদের জন্য তিনি ও তাঁর স্ত্রী প্রার্থনা করছেন।