উইসকনসিনে ভোট পুনর্গণনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনর্গণনা শুরু হয়েছে। সেখানে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১ শতাংশের কম ভোটে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে জয়ী হয়েছেন। জনমত জরিপে ডেমোক্রেটিক প্রার্থী হিলারির বিজয়ের ইঙ্গিত মিলেছিল। গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পুনর্গণনা হচ্ছে।
২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডা অঙ্গরাজ্যে পুনর্গণনা নিয়ে নাটকীয়তা দেখা দিয়েছিল। সেখানে ডেমোক্রেটিক প্রার্থী আল গোর এবং রিপাবলিকান পার্টির প্রার্থী জর্জ ডব্লিউ বুশের ভোট সমান সমান ছিল।
উইসকনসিনে পুনর্গণনার খরচ বাবদ স্টেইন ৩৫ লাখ ডলার দিয়েছেন। তিনি সেখানে মোট ভোটের ১ শতাংশের কিছু বেশি পেয়েছেন। তিনি দাবি করেন, অঙ্গরাজ্যের কয়েকটি অংশে ভোট দেওয়ার যন্ত্র ব্যবহার করা হয়েছে এবং অন্যান্য অংশে ঝুঁকিপূর্ণভাবে ভোট নেওয়া হয়েছে। সেখানে অনিয়মের সুযোগ ছিল এবং হয়তো সে রকম ঘটেছে।
স্টেইন গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, এই পুনর্গণনার মাধ্যমে যাচাই হয়ে যাক প্রতিটি ভোট নির্ভুলভাবে দেওয়া হয়েছিল কি না। এতে যে কোনো প্রার্থী লাভবান হবেন, তা নয়; বরং সব ভোটারই উপকৃত হবেন। যুক্তরাষ্ট্রে নির্বাচনীব্যবস্থা এবং গণতন্ত্রের প্রতি জনসাধারণের আস্থা ফিরিয়ে আনার এটা এক বড় সুযোগ।