উইসকন্সিনে বিএসওর নববর্ষ উদ্যাপন

পয়লা বৈশাখ উদ্যাপন করেছে উইসকন্সিন ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন (বিএসও)।
১৫ এপ্রিল এই অনুষ্ঠানের
আয়োজন করা হয়। এতে সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ শুভেচ্ছা বক্তব্য দেন।
সংগঠনের লোগো ও ওয়েবসাইট (http://bsouwmadison.weebly.com/) উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু। পরে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করেন আয়োজকেরা। চটপটি থেকে শুরু করে বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা, বিশাল আকৃতির কেক, নানা ধরনের ভর্তা, ডাল-ভাত, কয়েক পদের মাছ, মাংস ও মিষ্টান্ন ছিল খাবারের তালিকায়।
অয়ন ও দীনার সঞ্চালনায় নাফিসের গিটারের সুরে জাতীয় সংগীত দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরু হয়। মুর্শিদ, দীনা, আসিফ, রাশিদ, লাবিব, শুভ্র, জিয়া ও নাফিসার কণ্ঠে কোরাস সংগীত
ছিল উপভোগ্য। আবৃত্তি করেন মুর্শিদ ও সীমা।
ছিল হাসির নাটকও। এ ছাড়া রাশিদ, সৌরভ ও লাবিবের অভিনয়ে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটিকা ছাত্রের পরীক্ষা। সামিয়া, পরমা, শারলিন, শুভ্র ও নাফিসের নৃত্য দর্শকদের মন কাড়ে। মৈথিলী আবৃত্তি করেন ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’।