যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের নিজেদের মধ্যকার উগ্রপন্থী সন্দেহভাজনদের ধরে পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মুসলমানদের পুলিশকে সহযোগিতা করতে হবে এবং উগ্রপন্থীদের পুলিশে সোপর্দ করতে তাদেরই এগিয়ে আসতে হবে।
যুক্তরাজ্যের আইটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ট্রাম্প বলেন, তিনি মুসলিমবিরোধী নন, বরং ‘সন্ত্রাসবিরোধী’।
গত বছর যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে তাৎক্ষণিকভাবে সাময়িক নিষেধাজ্ঞার আহ্বান দিয়ে হইচই ফেলে দেন ডোনাল্ড ট্রাম্প। আর এ কারণে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও ট্রাম্পকে ‘নির্বোধ, বিবাদ সৃষ্টিকারী ও বেঠিক’ বলেছিলেন। মূলত ক্যামেরনের মন্তব্যের প্রতিক্রিয়াতেই ট্রাম্প আইটিভিতে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন। তিনি এও বলেন, তাঁর ওই মন্তব্যে কেবল রাজনীতিকেরাই সমালোচনা করেছেন; কিন্তু লাখো লোক বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পই সঠিক’। নিউইয়র্কের এই ধনকুবের আরও বলেন, মৌলবাদী (ইসলামি) সন্ত্রাসের সঙ্গে বিশ্বের ভয়াবহ সমস্যা রয়েছে। আইটিভিকে তিনি বলেন, এটা মুসলিমদের দায়িত্ব, উগ্রপন্থার জন্য সন্দেহভাজন মনে হলে তাদের ধরিয়ে দেওয়া। এ জন্য মুসলিমদের পুলিশের সঙ্গেও কাজ করতে হবে। তারা যদি তা না করে, এর কোনো সমাধানই হবে না।
যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কে হুঁশিয়ারি: এ ছাড়া ডেভিড ক্যামেরনের ওই সমালোচনাকে উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর ‘খুব ভালো সম্পর্ক’ হয়তো হবে না। আর তাঁকে ‘মূর্খ’ সম্বোধন করায় লন্ডনের মেয়র সাদিক খানকে ক্ষমা করবেন না বলেও আগাম জানিয়ে দেন সম্ভাব্য এই রিপাবলিকান প্রার্থী।
নিউইয়র্ক টাইমসকে ভর্ৎসনা: এদিকে বিগত চার দশকে ট্রাম্প নারীদের সঙ্গে ‘অনাকাঙ্ক্ষিত সুযোগ নিয়েছেন’বিষয়ক নিউইয়র্ক টাইমস-এর প্রথম পাতায় করা প্রতিবেদনের কড়া ভর্ৎসনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। গত রোববার টুইট বার্তায় ট্রাম্প লেখেন, ‘নারী ও আমাকে নিয়ে খোঁড়া আঘাতের জন্য নিউইয়র্ক টাইমসকে নিয়ে লোকজন হাসাহাসি করছে। আমি সহায়তা করেছি এমন নারীদের নাম তাদের (পত্রিকাটিকে) দিয়েছিলাম, কিন্তু তারা ব্যবহার করেনি।’ কিন্তু পাঁচ হাজার শব্দের ওই প্রতিবেদনটি তৈরির সঙ্গে জড়িত সাংবাদিকদের একজন মিশেল বারবারো ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের প্রতিষ্ঠানে বা তাঁর সঙ্গে কাজ করেছেন, এমন অর্ধশতাধিক নারীর সাক্ষাৎকারের ভিত্তিতে গত শনিবার নিউইয়র্ক টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করে, যেটির শিরোনাম ছিল ‘নারীদের সঙ্গে একান্তে সীমা অতিক্রম করতেন ট্রাম্প’।