উগ্রবাদ ও বাংলাদেশি আমেরিকান সমাজ

আমাদের পাড়ায় বসবাসরত ডেনিস নামের এক প্রবীণ ডাক্তার আমাকে কয়েক দিন আগে এক অনুষ্ঠানে জিজ্ঞাসা করেছিলেন, “নিউইয়র্কে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে তা আমি জানি কিনা”। উত্তরে হ্যাঁ বলাতে নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই চিকিৎসক, নিউইয়র্কে পাইপ বোমা বিস্ফোরণের দায়ে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে আটক আকায়েদ উল্লাহর মতো উগ্রবাদী মুসলমানদের কর্মকাণ্ড সম্পর্কে আমার কাছে বিস্তারিত জানতে চাইলেন। এই জঙ্গিরা কী বাংলাদেশে জঙ্গি তৎপরতা সম্পর্কে প্রশিক্ষণ পায়, নাকি আমেরিকা এসে ধর্মীয় মৌলবাদীদের খপ্পরে পড়ে বিপথগামী হয়, তা জানতে চাইলেন। তাঁর পাশেই ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ গ্রন্থাগারিক ড. গুইয়েন। তিনিও আমাদের কথোপকথনে শরিক হয়ে বললেন, এ রকম বিচ্ছিন্ন ঘটনা থেকে পুরো একটি দেশ কিংবা ধর্মীয় গোষ্ঠী সম্পর্কে স্টেরিওটাইপ ধারণা পোষণ করা ঠিক না। প্রবীণ এই দুই আমেরিকান যখন বাংলাদেশে জঙ্গিবাদ এবং আমেরিকায় বসবাসরত কিছু বাংলাদেশি আমেরিকান মুসলমান উগ্রবাদীদের নিয়ে কথা বলছিলেন তখন আমি এর বিরুদ্ধে যুক্তি দাঁড় করানোর মতো সাহস পাচ্ছিলাম না। কারণ গত কয়েক বছরে বাংলাদেশি আমেরিকানদের কয়েকজন উগ্রপন্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় অভিযুক্ত হয়েছে। ব্যক্তিগতভাবে গত নয় বছর ধরে লক্ষ্য করেছি, আমেরিকায় বসবাসকালে কিছু মানুষের চিন্তা চেতনায় কট্টর ধর্মীয় মনোভাব বিরাজমান। এই হতাশার চিত্র দেখেছি গত বছর বাংলাদেশে গিয়ে। আমাদের সেই চিরচেনা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল বাঙালি সমাজ ধর্মনিরপেক্ষ ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকারের আমলেও অনেক বদলে যাচ্ছে, বিশেষ করে বর্তমান সমাজ ধর্মীয় মৌলবাদের প্রতি আকৃষ্ট হচ্ছে আগের চেয়ে অনেক বেশি। তার প্রমাণ কট্টরপন্থীরা গত কয়েক বছরে বাংলাদেশে রেখেছে।
প্রায় এক বছর আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রচারিত দুটি দৈনিক পত্রিকা, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে প্রকাশিত আমার কলামে আমি বলেছিলাম, অধিকাংশ আমেরিকান ধর্মনিরপেক্ষ বাংলাদেশ সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেন। বাংলাদেশকে তারা জঙ্গিদের দ্বারা আক্রান্ত অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোর সঙ্গে তুলনা করেন। গত বছর বাংলাদেশে গিয়ে আমি বেশ ভালোভাবেই টের পেয়েছি যে, আমাদের চিরচেনা ধর্মনিরপেক্ষ সমাজের চেহারাটা দ্রুত পাল্টে যাচ্ছে। প্রায় এক মাস গ্রামে থাকার সময়ে দেখেছি আমাদের আশপাশের মানুষগুলো ধর্মীয় আচার-রীতি পালনে অনেক পরিবর্তিত হয়ে যাচ্ছে। এ ছাড়া ধর্মীয় পোশাকের নানান ফ্যাশন এখন একটি দৈনন্দিন আচারে পরিণত হয়েছে। এ ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ফ্যাশনকেই বাংলাদেশের অনেকেই অনুকরণ করছে। কেন জানি বারবার মনে হয়েছে উদার মুসলিমপ্রধান দেশটি ধীরে ধীরে একটি কট্টর মুসলিম দেশে পরিণত হচ্ছে। তার প্রমাণ হিসেবে লেখক অভিজিৎ হত্যার পরবর্তী ঘটনাগুলো নমুনা হিসেবে নিয়ে বর্তমান সমাজকে বিশ্লেষণ করা যেতে পারে। তাই এইবারই প্রথম বাংলাদেশে গিয়ে সব সময় আতঙ্কে ছিলাম। গ্রামের মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে শুনেছি ইমাম সাহেব তাঁর খুতবায় অনবরত অন্য ধর্মের লোকদের সম্পর্কে অজানা ভয়ের এবং আতঙ্কের কথা বলে যাচ্ছেন। আর এতে করে নিরীহ সাধারণ জনগণের মধ্যে অন্য ধর্মের লোকদের সম্পর্কে এক ধরনের হিংসা এবং বিদ্বেষ সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকেই যায়। আর নিউইয়র্কে বোমা হামলাকারী আকায়েদ উল্লাহরা এ রকম বিদ্বেষপূর্ণ বক্তৃতা থেকে যে প্রভাবিত হয় না, তা হলফ করে বলা যায় না। ধর্মীয় গোঁড়ামির এই বিষবাষ্প গ্রাম ছেড়ে শহরেও যে পৌঁছে যাচ্ছে তা বুঝতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষের বাহারি নকশার ধর্মীয় পোশাকের সেলফিতেই। আমাদের সমাজে যখন মধ্যপ্রাচ্যের এই সব ধর্মীয় ফ্যাশনের প্রভাব ছিল না তখন বাংলাদেশের মানুষ কি কম ধর্মভীরু ছিল। মোটেই না। বরং তখন আমরা দেখেছি ধর্মভীরু বাংলাদেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। যদি আওয়ামী লীগের মতো ধর্মনিরপেক্ষ একটি দল প্রায় এক দশক টানা ক্ষমতায় থাকার পরও যদি বাংলাদেশের এই অবস্থা হয়, তবে ধর্মীয় কোনো উগ্র গোষ্ঠী বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলে আমাদের কি অবস্থা হবে তা ভাবতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত না হয়ে পারি না।
অনেক সমাজ বিশ্লেষকের মতে, বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ ছড়ানোর ক্ষেত্রে বেশি দায়ী জামায়াতে ইসলামি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেওয়া দল জামায়াতে ইসলামির কয়েকজন নেতা দণ্ডিত হলেও তাদের কার্যক্রম এখনো বেশ ভালোভাবেই চলছে বলে আমার বিশ্বাস। কেননা, আমাদের এলাকা ব্রাহ্মণবাড়িয়াতে ছোটবেলায় যেখানে জামায়াতে ইসলামির নামগন্ধ ছিল না; সেখানে জামায়াতে ইসলামির কার্যকলাপ এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। মনে হলো এ দলটি এখন গোপনে সংগঠিত হচ্ছে। পাশাপাশি দেশি-বিদেশি অনেক চক্র বাংলাদেশে বিশ্বের কাছে ভুলভাবে উপস্থাপন করতে চায়। এ জন্য তারা দেশের তরুণ সমাজকে জঙ্গিবাদে নিয়ে আসতে অর্থ ব্যয় করছে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, বাংলাদেশ থেকে যারা আমেরিকায় অভিবাসন নিয়ে কিংবা পড়াশোনা করতে আসে তাদের অনেকেই যে ধর্মীয় উগ্রপন্থায় উদ্বুদ্ধ হবে না তা নিশ্চিত করে বলা মুশকিল। তাই ড. ডেনিসের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম আকায়েদ উল্লাহদের মতো উগ্রবাদী সন্ত্রাসীরা বাংলাদেশ এবং আমেরিকায় উভয় জায়গাতেই মৌলবাদে দীক্ষিত হতে পারে। পুলিশের কাছে স্বীকারোক্তিতে আকায়েদ উল্লাহ স্বীকার করেছে যে, ইউটিউবে ভিডিও দেখে সে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়েছে। বাংলাদেশি কমিউনিটির লোকজনও বলেছে, আমেরিকায় বসবাসরত কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যে আকায়েদ উল্লাহদের মদদ দিচ্ছে না তা জোর গলায় বলা যাবে না। কারণ সম্ভাবনাও আছে। বাংলাদেশের সাধারণ মানুষের কথা বাদই দিলাম, আমি দেখেছি আমেরিকায় বিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষিত অনেক বাংলাদেশি ধর্মীয় ব্যাপারে উগ্র ধারণা পোষণ করেন। কিন্তু আমার প্রশ্ন, অন্য ধর্ম কিংবা জাতির প্রতি ঘৃণা এবং হিংসা ধারণ করা কি আমাদের ধর্মের শিক্ষা? আমরাতো জানি, আমাদের প্রিয় নবী (স.) অন্য ধর্মের ও তাঁর বিরুদ্ধাচরণকারীদের ভালোবাসা দিয়েছেন এবং কখনো ঘৃণা পোষণ করেননি।
তাই, আকায়েদ উল্লাহদের মতো মানুষদের কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষ এবং মুসলমান ধর্ম সম্পর্কে এক ধরনের নেতিবাচক ধারণার জন্ম নিচ্ছে। আমার জানতে ইচ্ছে করে, আমেরিকার জনগণের টাকায় খেয়ে পরে অকৃতজ্ঞের মতো এ দেশের স্বার্থের বিরুদ্ধে আঘাত করা কোন ধরনের শিক্ষা? আমেরিকায় প্রায় পাঁচ লাখের বেশি বৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছে। যাদের অধিকাংশ এসেছে ডাইভার্সিটি ও পারিবারিক ভিসার মাধ্যমে। তাহলে কি আমেরিকা এসব মানুষকে লটারির মাধ্যমে নির্বাচিত করে আমেরিকায় এনে কোনো অন্যায় করেছে? এই অভিবাসীদের অনেকেই প্রথমে এসে সরকারি সাহায্য সহযোগিতা পেয়ে জীবন-যাপন করে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। তাহলে বিপদের সময়ে যে জনগণের করের অর্থে জীবনযাপন করেছে তাদের ওপর হামলা করা কোন ধর্মের কথা বলে?
আমেরিকাকে বলা হয় ‘অভিবাসীদের দেশ’। আমেরিকা সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন লেখক আনিসুল হক। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার শিরোনাম ‘চিত্ত যেথা ভয় শূন্য’ এই শব্দ কটি ব্যবহার করেছেন তাঁর প্রথম আমেরিকায় আসার জন্য করা আবেদনপত্রের বর্ণনা দিতে গিয়ে। আনিসুল হক ঠিকই বলেছেন। আর এটিই হচ্ছে আমেরিকার মূল শক্তি ও সৌন্দর্য। তাইতো আলাবামার মতো একটি রাজ্য যেটি সাদা বর্ণবাদীদের একটি কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে এক পার্কে সারা শরীর বোরকায় আবৃত করে একজন মুসলিম নারী দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন এবং তাতে কেউ কিছু বলে না এবং সেটা নিয়ে কেউ মাথাও ঘামায় না।
আকায়েদ উল্লাহর ঘটনার পর আমরা কি হেরে যাব? হাজার হাজার বাঙালির রাত দিন কঠোর পরিশ্রমে তিল তিল করে গড়ে তোলা সুনাম কি একটি ঘটনায় শেষ হয়ে যাবে? উগ্রপন্থীদের হাতে কি আমরা উদারপন্থীরা পরাজিত হব? বিচ্ছিন্ন ঘটনার অন্ধকারে কি আমাদের সামষ্টিক আলোকিত কর্মযজ্ঞ হারিয়ে যাবে? আমি সব প্রশ্নের উত্তর পেতে চাই। তাই, আমরা যারা বাংলাদেশি আমেরিকায় বসবাসকারী, তাদের বাংলাদেশের চিরচেনা অসাম্প্রদায়িক সমাজের আলোকে আমাদের কমিউনিটিতেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আর যেন কোনো আকায়েদ উল্লাহ বাংলাদেশি অসাম্প্রদায়িক সমাজকে বিষবাষ্পে আচ্ছাদিত করতে না পারে সে জন্য ধর্মীয় নেতাদেরও সজাগ থাকতে হবে। তাঁদের বক্তৃতায় বাংলাদেশি মুসলমানদের আমেরিকান সমাজে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানাতে হবে। আর এটাইতো যে কোনো সভ্য ধর্মের শিক্ষা হওয়া উচিত।
লেখক যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ আলাবামার ডিজিটাল সাংবাদিকতার সহকারী অধ্যাপক।