উচ্চশিক্ষায় ঐশীর মূলমন্ত্র লড়াই

বাংলাদেশ থেকে ঐশী ২০১৪ সালে আমেরিকায় আসেন। এখন তিনি একটি জার্মান ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে জুনিয়র আর্কিটেক্ট হিসেবে কাজ করছেন। আমেরিকায় পড়তে এসে তাঁকে পড়তে হয়েছে নানা সমস্যায়। তাঁকে এখানে যে সব সমস্যায় পড়তে হয়েছে, সে সব তাঁর কাছ থেকেই শোনা যাক।
ঐশী জানালেন, আমি আমেরিকায় আসি অনেক স্বপ্ন নিয়ে। আমাদের বেশির ভাগ স্বপ্নই থাকে প্রফেশনাল লাইফের। ক্যারিয়ার রিলেটেড। ভালো রেজাল্ট করা, ভালো চাকরি করা, অনেক লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করা, বন্ধুদের সঙ্গে নতুন অ্যাডভেঞ্চার করা ইত্যাদি। স্টুডেন্ট লাইফ যতটা মজার শুনতে লাগে, বাস্তবে তা নয়। আছে অনেক লড়াই। অন্য সব স্টুডেন্টদের চেয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের লড়াই অনেক বেশি। বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ফিল্ডে পড়ি।
আমার মেজর ছিল আর্কিটেকচার, যেটাকে অনেক সময় দিতে হতো। ক্লাসের বাইরে এর ম্যাটেরিয়ালসের খরচ ছিল প্রচুর। আমি কিউনি থেকে ব্যাচেলর করি। কিউনিকে নিউইয়র্কের ‘নিম্ন আয়ের পরিবারের শিক্ষার্থীদের হার্ভার্ড’ বলা হয়। কিন্তু সবার জন্য এটিও অ্যাফোরডেবল না। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য পড়ালেখা বেশ ব্যয়বহুল। কলেজে আমাদের জন্য তেমন কোনো স্কলারশিপ প্রোগ্রাম ছিল না। স্কুল রিলেটেড চাকরির আবেদনের জন্য আমাদের গুরুত্ব দেওয়া হতো না এবং রেজাল্ট ভালো থাকলেও ক্লাস রেজিস্ট্রেশন করা যেত না টিউশন না দেওয়া পর্যন্ত।
আমার আর্কিটেকচার কোর্সের প্রাইস অনেক বেশি ছিল। প্রায় তিন গুন। আর থ্রি ডি প্রিন্টিং, লেজার কাটিং ইত্যাদি ব্যবহারের জন্য ম্যাটেরিয়ালস কিনতে হতো। গ্রুপ ওয়ার্ক হলে ব্যয় একটু কম পড়ত। ১০ ডলার কোনো একজনের জন্য হয়তো ব্যাপার নয়। কিন্তু আমার জন্য ছিল অনেক। রেজাল্ট সব সময় ভালো থাকার কারণে শুরুতেই রেজিস্ট্রেশন করতে পারতাম। কিন্তু বেশির ভাগ সময় টিউশন ফি দিতে পারিনি সময় মতো। কখনো এক সেমিস্টার বা এক বছর অপেক্ষা করতে হতো। স্কুলকে জানানোর পরও তারা কোনো উপায় বের করবে বলে কখনো সাহায্য করেনি। স্কুলের বাইরে আমাদের অন–রেকর্ড কাজ করা নিষিদ্ধ ছিল। কিন্তু আমার প্রয়োজনীয় যোগ্যতা থাকার পরও স্কুল কখনোই আমাকে চাকরি দিতে পারেনি। কিছু ইন্টার্নশিপ করেছি, তাতেও বিধি-নিষেধ ছিল। সপ্তাহে ২০ ঘণ্টার বেশি কাজ করা যেত না। আর শুধু নয় মাস করতে পারতাম। ন্যূনতম মজুরির চেয়ে কম মজুরি দিত। কোনোরকমে এমটিএ ভাড়া দিতে পারতাম। হয়তো কিছু জমা করতে পারলে এক বা দুই ক্রেডিটের জন্য পে করতাম। অনেক কিছুই করতে পারতাম না। যেমন মুভি দেখা, ভালো রেস্টুরেন্টে খাওয়া কিংবা অন্য অনেক বিনোদন থেকে বঞ্চিত হতাম।
আমার পাশাপাশি আমার বাবা-মাও অনেক কষ্ট করেন। আমার বাবা সাত দিনই কাজ করতেন শুধু টিউশন ফি ম্যানেজ করার জন্য। আর সংসারের অন্য সব খরচ তো ছিলই। এখানে অনেকে আন্ডার দ্য বুকস কাজ করে থাকে। অনেকের জন্য আন্ডার দ্য বুকস জব পাওয়াটা কঠিন। আমি কিছুদিন এক জায়গায় জব করি আন্ডার দ্য বুকস। ছয় মাসেরও কম সময়ের জন্য। টাইম ম্যানেজ করা কঠিন ছিল। কারণ অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনের জন্য প্রতিদিন আমার স্কুলে কম করে হলেও ১২ ঘণ্টা কাটাতে হতো। আমি কম ক্রেডিট না নিয়েও পারতাম না। কারণ আমাকে ফুলটাইম স্টুডেন্ট হয়ে থাকতে হবে, আমার স্ট্যাটাস মেনটেইন করার জন্য।
গ্র্যাজুয়েশন করার পরও অনেক স্ট্রাগল আছে। এখানে দুই বছর চাকরির জন্য ভালো বেতন অথবা জব পাওয়া খুব কঠিন আর আমার OPT (Optional practice training) সিস্টেম আছে। আমাকে এখানে থাকতে হলে চাকরি করতে হবে আমার ফিল্ডেই। আমি ইচ্ছা করলেই কয়েক দিন সময় নিয়ে খুঁজে ভালো চাকরি জয়েন করতে পারব না।
ভবিষ্যতে যেসব স্টুডেন্ট আসবে তাদের জন্য আমার পরামর্শ, লড়াই করতে হবে প্রচুর। কিন্তু ছাড়া যাবে না। চাপে পড়ে রেজাল্ট খারাপ করার চেয়ে পড়াশোনা করে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ। কলেজে থাকা অবস্থায়ই বেশি করে ইন্টার্নশিপ করলে অনেক ভালো। ফ্রি ইন্টার্নশিপ অফার না করাটাই উচিত। তার কারণ, অনেক কোম্পানি সুযোগ নিয়ে স্টুডেন্টদের পেইড ইন্টার্নশিপ অফার করে। মেট্রো প্লাস হেলথ ইন্স্যুরেন্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ফ্রি হেলথ কেয়ার প্রোভাইড করে। আমি মনে করি, এটির হেল্প নেওয়া উচিত।
নিউইয়র্ক নগরে এন্টারটেইনমেন্টের জন্য অনেক কিছু ফ্রি আছে। এক্সট্রা কারিকুলার করতে হবে। চাকরির জন্য অ্যাপ্লাই করলে গ্রেড দেখে না এখানে। ওভার অল পারফরম্যান্স দেখে। স্কুলের বিভিন্ন প্রোগ্রামের অ্যাডভান্টেজ নিতে সেমিনার, ফ্রি ফিটনেস এবং হেলথ/জিম, টিউটরিং, কাউন্সেলিং, স্কুল ক্লাবস ইত্যাদি। সব সময় চোখ রাখতে হবে সুযোগের—‘ইউ আর ইউর ওউন লিমিট’।