উডসাইডে হয়ে গেল পিঠা উৎসব

এসএমপির পরিবেশনায় ও শৌখিন নাট্যগোষ্ঠীর সহযোগিতায় ২১ জানুয়ারি উডসাইডের কুইন্স প্যালেসে হয়ে গেল পিঠা উৎসব। এতে বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক ডা. এনামুল হক, সমাজসেবক নার্গিস আহমদ, ব্যবসায়ী শাহ নেওয়াজ, নুরুল আমিন, সালাম ভূঁইয়া, ইশতিয়াক রুমি, এম আজম সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানের স্পনসর ছিল নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ গ্রুপ, এনওয়াই ইনস্যুরেন্স, ডাইভার্সিটি হোম ইনক ও ব্যক্তি পর্যায়ে ডা. বর্ণালী হাসান।
পিঠা উৎসবে দেশের নানা অঞ্চলের হরেক জাতের মুখরোচক পিঠাপুলির বিরাট সমাহার ছিল। শীতের এই শেষ বিকেলের অনুষ্ঠানস্থল সংস্কৃতিপিয়াসি ও পিঠাপ্রেমিদের আগমনে কানায় কানায় পূর্ণ ছিল।
আগত দর্শনার্থীরা মেলায় অংশগ্রহণকারী প্রতিটি পিঠার স্টলে গিয়ে নানা জাতের পিঠার স্বাদ গ্রহণ ও আয়োজনের ভূয়সী প্রশংসা করে আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানান। এরপর শুরু হয় উৎসবের আকর্ষণীয় পর্ব নিউইয়র্কের সেরা শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় শিল্পীবৃন্দ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জনপ্রিয় গায়ক শাহ মাহতাব, বিশিষ্ট গায়িকা রানু নেওয়াজসহ অন্য শিল্পীরা।
নৃত্য পরিবেশন ও কোরিওগ্রাফিতে ছিলেন নিউইয়র্কের জনপ্রিয় নৃত্যশিল্পী নাবিলা, রাইজা, খুশি, মাজিদ ও নাজিয়া। এমন সুন্দর ও ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকেরা সত্যি প্রশংসার দাবি রাখেন বলে উপস্থিত নিউইয়র্কবাসীদের অনেকেই মত প্রকাশ করেন।