উত্তর আমেরিকায় ঈদ উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় মসজিদে আলকুয়াবার খোলা মাঠে ঈদের জামাত। ছবি: হেলিম উদ্দিন আহমেদ
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকায় মসজিদে আলকুয়াবার খোলা মাঠে ঈদের জামাত। ছবি: হেলিম উদ্দিন আহমেদ

বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে গতকাল উত্তর আমেরিকায় ঈদ উদ্‌যাপন করেছেন মার্কিনপ্রবাসী বাংলাদেশিরা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের টেক্সাস ও বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য মোনাজাত করা হয়েছে প্রতিটি ঈদের জামাতে। এ ছাড়া মিয়ানমারে আক্রান্ত রোহিঙ্গাদের জন্য প্রবাসী ধর্মপ্রাণ মুসল্লিরা আকুতি জানান এবং তাঁদের জন্য দোয়া করেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে বসবাসরত প্রবাসীরা নিকটস্থ মসজিদ ও খোলা মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন। নিউইয়র্ক, নিউজার্সি, ফ্লোরিডা, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, মিশিগানসহ বিভিন্ন রাজ্যে প্রবাসী মুসলিমরা পশু কোরবানি দিয়েছেন। কেউ খামারে গিয়ে এবং আবার কেউ দেশীয় স্টাইলে কোরবানির আয়োজন করেন। প্রবাসীদের কোরবানির পশুর অর্ডার নিয়েছে বাংলাদেশি গ্রোসারিগুলো।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ছুটি থাকায় ছেলেমেয়েদের নিয়ে ঈদ জামাতে যেতে পেরেছেন প্রবাসী মুসলিমরা। যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল আজহা এক দিনেই উদ্‌যাপিত হয়েছে। চাঁদ দেখা নিয়ে কোনো বিরোধ দেখা দেয়নি।

চমৎকার আবহাওয়া থাকায় নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় অনেক খোলা মাঠে এবারের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। অধিকাংশ ঈদ জামাত সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠিত হয়। ঈদের জামাতগুলোয় প্রবাসী মুসলিমদের ঢল নামে।

নিউইয়র্কে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) আয়োজনে। সংলগ্ন মাঠে অনুষ্ঠিত এ জামাতে প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন বলে আয়োজকেরা জানিয়েছেন। এরপর বড় জামাতগুলো অনুষ্ঠিত হয় ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদ, জ্যাকসন হাইটসে নিউইয়র্ক ঈদগাহ, ওজন পার্কের মসজিদ আল আমান, এস্টোরিয়ার আল আমিন মসজিদ, ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার ও বায়তুল জান্নাহ মসজিদে। বাংলাদেশি ব্যবস্থাপনার মসজিদগুলো সংলগ্ন মাঠ কাজে লাগিয়ে জামাতের আয়োজন করতে দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সদস্যরা পাহারায় ছিলেন।

নিউইয়র্কের উল্লেখযোগ্য ঈদের জামাতগুলোর মধ্যে জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় জ্যামাইকা হাইস্কুল মাঠে সকাল নয়টায় সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় ব্রঙ্কস বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে মসজিদের পাশে খোলা মাঠে বিশাল জামাত অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যের কেন্দ্রস্থল জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ব্রডওয়ের কর্নারে ডাইভার্সিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে খোলা রাস্তার ওপর ঈদুল আজহার পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়।

জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে স্থানীয় সুসান বি অ্যান্থনি স্কুল মাঠে খোলা আকাশের নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পার্কচেস্টার জামে মসজিদে সকাল আটটায়, সকাল নয়টায় ও সকাল ১০টায় তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নর্থ ব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে নয়টায় ব্রঙ্কসের ওভাল পার্কে বিশাল জামাত অনুষ্ঠিত হয়। ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় পিএস ১২৭ স্কুলের খেলার মাঠসহ কুইন্সের জ্যামাইকার বাংলাদেশ মিশন (হাজি ক্যাম্প) মসজিদ, দারুস সালাম মসজিদ, হিলসাইড ইসলামিক সেন্টার, ফুলতলী ইসলামিক সেন্টার অ্যান্ড মসজিদ, জ্যাকসন হাইটসের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, মসজিদ আবু হুরায়রা, মোহাম্মদি সেন্টার, ওজন পার্কের আল আমান জামে মসজিদ, দারুস সুন্নাহ মসজিদ, আল ফোরকান মসজিদ, ব্রুকলিনের বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাত জামে মসজিদ, ম্যানহাটনের মদিনা মসজিদ, আসসাফা মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, এস্টোরিয়ার আল আমিন মসজিদ, গাউছিয়া মসজিদ, ব্রঙ্কসের পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টারের উদ্যোগে খোলা মাঠে বা মসজিদ ভবনে ঈদুল আজহার একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া নিউইয়র্কে আরও বেশ কটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

জ্যামাইকা মুসলিম সেন্টারের ব্যবস্থাপনায় আয়োজিত ঈদুল আজহার নামাজের আগে জেএমসির কর্মকর্তা ও মূলধারার রাজনীতিকেরা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন।

ব্রঙ্কসের বাংলাবাজারে ঈদের জামাত। ছবি সংগৃহীত
ব্রঙ্কসের বাংলাবাজারে ঈদের জামাত। ছবি সংগৃহীত



নিউইয়র্কে বাঙালি-অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে সকাল সাড়ে আটটায় মসজিদের কাছের খোলা মাঠে বিশাল জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম ইয়াহইয়া।

জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজায় নির্মাণকাজ চলার কারণে মোহাম্মদি সেন্টারের উদ্যোগে নিউইয়র্ক ঈদগাহর ব্যবস্থাপনায় পাঁচটি জামাত পিএস ৬৯ সংলগ্ন ৭৭ স্ট্রিটে অনুষ্ঠিত হয়। সিনেটর প্যারাল্টা, কাউন্সিল মেম্বার ড্রাম, কিউ-৩ কমিউনিটি বোর্ড মেম্বার বিল মাহিন, সুখী ফাউন্ডার আগা সালেহ, জুইশ সেন্টারের তত্ত্বাবধায়ক এস নভেল ও মূলধারার অ্যাকটিভিস্ট জয় চৌধুরী মুসলমানদের ঈদের শুভেচ্ছা জানাতে নিউইয়র্ক ঈদগায় এসে হাজির হন। বিপুলসংখ্যক পুরুষ, নারী ও ছোট্ট সোনামণিদের অংশগ্রহণ ছিল চোখে লাগার মতো।

এদিকে কানাডা এবং ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, কানেটিকাট, ম্যারিল্যান্ড, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও অ্যারিজোনা অঙ্গরাজ্যগুলোয় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার খবর পাওয়া গেছে। এসব অঙ্গরাজ্যে বাস করা বাংলাদেশিরা এলাকার মসজিদ, কমিউনিটি সেন্টার ও খোলা মাঠে ঈদের নামাজ আদায় করেন।

বিশেষ পোশাক পরিধান করে একত্রে বিপুলসংখ্যক মুসল্লির ঈদের নামাজ আদায়ের বিষয়টি অন্য সম্প্রদায়ের লোকজনকে বিশেষভাবে আকৃষ্ট করে। ঈদের জামাতগুলোয় স্থানীয় রাজনীতিক, সমাজসেবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রবাসের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ঈদের নামাজে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্বমানবতার কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা এবং টেক্সাস ও বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোয়া করা হয়। পরে একে অন্যের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ভিন্ন এক আমেজ পরিলক্ষিত হয়।

নামাজ শেষে কেউ কেউ চলে যান কোরবানির পশু জবাই করতে খামারে বা হালাল স্লটার হাউসে। অনেকে আবার ঈদের নামাজ আদায় করেই চলে যান কাজে। অধিকাংশ প্রবাসী অবশ্য আগে থেকেই স্থানীয় গ্রোসারি ও রেস্টুরেন্টে কোরবানির অর্ডার দিয়ে রাখেন। সুবিধামতো সময়ে গ্রোসারি ও রেস্টুরেন্ট থেকে প্রবাসীরা তাঁদের পশু কোরবানির মাংস নিয়ে যান। তবে গ্রোসারি ও রেস্টুরেন্ট অধিকাংশ কোরবানির মাংস সরবরাহ করেন ঈদের পরের দিন। প্রবাসীরা গরু, খাসি এবং ভেড়া কোরবানি দেন। কিন্তু দেশের মতো পশু কিনে নিজ বাড়িতে কোরবানি করার সুযোগ না থাকাকে উৎসবের ঘাটতি বলে বিবেচনা করেন কেউ কেউ।

বাংলাদেশি কয়েকজন প্রবাসী বলেন, ঈদের নামাজ শেষে ঘরে ফিরেই তাঁরা ফোনে বাংলাদেশে থাকা স্বজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

দক্ষিণের রাজ্য টেক্সাসের হিউস্টনে গত সপ্তাহে ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর বন্যার পানিতে তলিয়ে যায়। অন্তত ১৫ হাজার প্রবাসী হিউস্টন এবং আশপাশে বসবাস করেন। তাঁদের অনেকের বাড়িতে বন্যার পানি উঠে যায়। যেসব মসজিদে পানি ওঠেনি, সেখানে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। নিউইয়র্কসহ অন্য রাজ্যে বসবাসরত প্রবাসীরা হিউস্টনে বসবাসরত স্বজনদের খোঁজ নিয়েছেন। তাঁদের জন্য মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। সব জামাতে মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন বন্ধের জন্য মুসল্লিদের আকুতি ছিল তীব্র।