মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকের এই মৃত্যুপুরী বিশ্বে এখনো আমরা বেঁচে আছি। বেঁচে আছি তাঁরই একান্ত ইচ্ছায়। হয়তো আমাদের গুণগান ও তাঁর উপাসনা তাঁর কাছে ভালো লেগেছে। লক্ষ কোটি মস্তকাবনত সেজদা তাঁর কুদরতি পায়ে, যিনি এই মহামারির বিভীষিকাময় দিনগুলোতেও পবিত্র ইবাদত রোজাগুলো রাখার তৌফিক আমাদের দিয়েছেন। আমরা রহমতের ১০ দিন পার করে এখন পার করছি মাগফেরাতের সেই বিশেষ ১০ দিন। তারপর আসবে দোজখ থেকে পরিত্রাণের শেষ ১০ দিন। এভাবেই একে একে একদিন চলে যাবে পবিত্র মহিমান্বিত এই মাসটি। আমরা বুকভরা আশা নিয়ে রাখছি রোজাগুলো আর অপেক্ষা করছি তাঁর মহান করুণার, যা আমরা এ মাসে অনুভব করে জোগাচ্ছি আত্মার শান্তি। ইনশা আল্লাহ! তিনি মহামারি করোনার এই গজবকেও আমাদের থেকে উঠিয়ে নিয়ে আমাদের আবারও আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে নেবেন।
রমজানের দিনগুলো যত গড়াচ্ছে, সোশ্যাল মিডিয়া খুললেই শুধু দেখছি জাকাত, জাকাত আর জাকাতের প্রচার। ফোন খুললেই ভেসে আসে অনলাইনে জাকাত-ফিতরা চাওয়ার এত সংস্থা...যা দেখে যে কেউ রীতিমতো অবাক হবেন। সুতরাং জাকাত–ফিতরা দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্কভাবে দিতে হবে যাতে সঠিক মানুষ এই অর্থ পান।
আসুন, এবার দেখি জাকাত-ফিতরা কি? উত্তর আমেরিকায় তা কত এবং কাকে দিলে ঠিকমতো তা আদায় করা হবে।
রমজান এবং কোরআন যেভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক তেমনি রমজান ও জাকাত অঙ্গাঙ্গিভাবেই জড়িত। আমরা আগেই জেনেছি, মাহে রমজানের একটি ফরজ আমল আদায় করার সওয়াব অন্যান্য মাসের ৭০টি ফরজ আদায় করার সমান সওয়াব। তাই ৭০ ভাগ বেশি সওয়াব পেতে ও চান্দ্র মাসের সহজ হিসাব রাখতে মাহে রমজানকেই জাকাত আদায়ের মাস হিসেবে বেঁচে নেওয়া হয়েছে। জাকাত ইসলামের পঞ্চম স্তম্ভ, যা পবিত্র কোরআনের সুরা তাওবার ১০৩ নম্বর আয়াতের ভিত্তিতে ফরজ করা হয়েছে।
জাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র করা। যার বা যাদের কাছে বিশেষ পরিমাণ সম্পদ ও স্বর্ণালংকার থাকবে, তার বা তাদের ওপরই জাকাত ফরজ।
উত্তর আমেরিকায় আপনার ওপর জাকাত ফরজ কিনা তার নমুনা নির্ধারণ করতে হলে দেখতে হবে আপনার কাছে নিসাব পরিমাণ স্বর্ণালংকার বা সমপরিমাণ অর্থ পুরো একটি চন্দ্র বছর আপনার কাছে বা ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল এবং এখন আছে কিনা!
আমরা সবাই জানি, নেসাব হলো ৭.৫ তোলা বা তার চেয়ে বেশি সোনা বা স্বর্ণালংকার অথবা ৭.৫ তোলা সোনার দামের সমপরিমাণ অর্থ পুরো একটি চন্দ্র বছর যার মালিকানায় ছিল ও আছে, তাকে বর্তমানে স্বর্ণের মার্কিন বাজার দর ধরেই ২.৫ ভাগ হিসেবেই জাকাত আদায় করতে হবে। ৭.৫ তোলা সোনার গ্রাম ওজন হলো ৮৭.৭। প্রতি গ্রাম সোনার বর্তমান ( ১৫ মে, ২০২০) মার্কিন বাজার মূল্য হলো ৫৪.৭৫ ইউএস ডলার। সে জন্য ৭.৫ তোলা সোনার গ্রাম দাম ৪ হাজার ৭৯০ ডলার। যা আপনার নিসাবও বটে। অর্থাৎ এই পরিমাণ বা তদূর্ধ্ব ডলার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার কাছে পুরো একটি চন্দ্র বছর থাকে, তখন তার ২.৫ শতাংশ আপনাকে জাকাত হিসেবে আদায় করতে হবে। ডায়মন্ড ও নিজের ব্যবহার্য ঘর বা জিনিসপত্রের ওপর জাকাত দিতে হয় না।
ফিতরা: জাকাতের জন্য নেসাব হওয়া প্রয়োজন, পক্ষান্তরে ফিতরা আদায় করার জন্য মোটামুটি পারিবারিক সচ্ছলতা প্রয়োজন। আবু দাউদের একটি হাদিসের সূত্র ধরে রোজার ফিতরা ইসলামি শরিয়তে ওয়াজিব করা হয়েছে।
নবীজি বলেছেন, রোজাদার ফিতরা আদায় না করা পর্যন্ত তার রোজা আসমান ও জমিনের মাঝখানে ঝুলে থাকে।
তা ছাড়া, সতর্ক থাকা সত্ত্বেও রোজাদারের যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে যায়, ফিতরা প্রদানের বিনিময়ে মহান আল্লাহ ওই বান্দার পক্ষে তার রোজাকে শুদ্ধ হিসেবেই গ্রহণ করেন।
উত্তর আমেরিকায় একজন সচ্ছল পরিবার কর্তা প্রতিজন (ঈদের দিন সকাল পর্যন্ত ভূমিষ্ঠ হওয়া শিশুসহ) পরিবারের সদস্যের পক্ষ থেকে জনপ্রতি এবার ১৫ ডলার করে ফিতরা আদায় করবেন। ১৫ রমজান থেকে সাধারণত শুরু করে অবশ্যই ঈদের দিন নামাজের আগে আগে তা আদায় করতে হবে।
যেহেতু ৩০ জুন পর্যন্ত নিউইয়র্ক ঈদগাহ ভেন্যু জ্যাকসন হাইটস ডাইভার্সিটি প্লাজাসহ খোলা আকাশের নিচে ঈদ জামাতের সব অনুমোদন নিউইয়র্ক মেয়র অফিস বাতিল করেছেন, তাই ঈদের দিন মোহাম্মদী সেন্টার থেকে ভার্চ্যুয়াল লাইভ ঈদ জামাত পরিচালনা করা হবে, যাতে পরিবারের সদস্যসহ ঘর থেকেই সবাই তাতে ফেসবুক আইডি Imam Qazi Qayyoom খুলে সরাসরি তাতে অংশ নিতে পারেন।
সবাইকে মাহে রমজান ও ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও ঈদ মোবারক।