উত্তর আমেরিকায় যাত্রা শুরু কাজী নজরুল ফাউন্ডেশনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের যাত্রা শুরুর অনুষ্ঠানে আয়োজকেরা
কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের যাত্রা শুরুর অনুষ্ঠানে আয়োজকেরা

নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইটসের পালকি রেস্তোরাঁয় ১৯ নভেম্বর কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছে। কবি নজরুলের নাতজামাই হাবিব শাহীন তরফদার ফাউন্ডেশন প্রতিষ্ঠার বিষয়টি পাঠ করে শোনান। এ সময় কবি নজরুলের নাতনি অনিন্দিতা কাজী উপস্থিত ছিলেন।
সংগঠনের আত্মপ্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর কাব্য, সাহিত্য, দর্শন ও সংগীতকে দেশে-বিদেশে, বর্তমান ও আগামী প্রজন্মের মধ্যে পরিচিত, পরিবর্ধিত ও অনুপ্রাণিত করার প্রয়াসে কবি পরিবারের উদ্যোগে কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হতে চলেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও তত্ত্বাবধায়কদের মধ্যে থাকছেন কবি কাজী নজরুল ইসলামের ছোট ছেলে কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী, নাতি কাজী অনির্বাণ, নাতনি কাজী অনিন্দিতা তরফদার ও নাতনি জামাই হাবিব শাহীন তরফদার।
ফাউন্ডেশনের দর্শন সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতি-ধর্ম-বর্ণের ঊর্ধ্বে সব মানুষের সাম্যের জন্য কবির ব্যাকুল-সোচ্চার আহ্বান, সব উৎপীড়নের বিরুদ্ধে তাঁর চির-বিদ্রোহ, জীবন ও প্রকৃতির প্রতি অকুণ্ঠ প্রেম, তার কাব্য-সংগীতের অপার সম্পদ বিশ্বের সব অঞ্চলের সব বয়সের মানুষকে অনুপ্রাণিত করে যুগ যুগান্তরে।
কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে বিজ্ঞপ্তি বলা হয়, প্রতি বছর শিক্ষা, সাহিত্য, সংগীত ও গবেষণার ক্ষেত্রে বিশেষ করে কবি নজরুলের সাহিত্যকর্ম ও জীবন বিষয়ক, উল্লেখযোগ্য অবদান ও কৃতিত্বের জন্য নজরুল পদকের ব্যবস্থা করা হবে। প্রকাশ করা হবে ‘ধূমকেতু’ নামে একটি সাহিত্য সাময়িকী। চালু করা হবে ‘সঞ্চিতা’ নামে নজরুল সংগীত ও কবিতার শিক্ষাপ্রতিষ্ঠান। বিভিন্ন ভাষায় নজরুলের সাহিত্যকর্মের অনুবাদ ও পরিচিতি তুলে ধরা হবে। আয়োজন করা হবে নজরুল সংগীত ও কবিতার কর্মশালা। কবির ব্যবহৃত ও জীবন সম্পৃক্ত দুষ্প্রাপ্য জিনিসের সংরক্ষণও এই ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে।

জ্যাকসন হাইটসের পালকি রেস্তোরাঁয় ১৯ নভেম্বর কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
জ্যাকসন হাইটসের পালকি রেস্তোরাঁয় ১৯ নভেম্বর কাজী নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৮ সালের ১২ মে ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের পক্ষ থেকে কবির জন্মজয়ন্তী পালন করা হবে। অনুষ্ঠানে কবির ব্যবহৃত ও দুষ্প্রাপ্য জিনিসের একটি প্রদর্শনী আয়োজনেরও পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে কবির ছোট ছেলের স্ত্রী কল্যাণী কাজী এবং বড় ছেলে কাজী অনির্বাণ যোগ দেবেন। কেবল ভ্রাম্যমাণ প্রদর্শনীই নয়, স্থায়ী জাদুঘর স্থাপনের কথাও ভাবা হতে পারে।
সংবাদ সম্মেলনে কল্যাণী কাজীর ভিডিও বার্তা ও ফাউন্ডেশনের ওয়েবসাইট দেখানো হয়। শুরুতে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি সাংবাদিক-সাহিত্যিক হাসান ফেরদৌস। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কবির নাতনি কাজী অনিন্দিতা। উত্তর আমেরিকায় যাঁরা নজরুল চর্চা করছেন তাদের সঙ্গে সম্পর্ক কেমন হবে এই প্রশ্নের জবাবে কাজী অনিন্দিতা বলেন, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করছেন তাঁর কাজের প্রতি তাঁদের শ্রদ্ধাবোধের কোনো কমতি হবে না। এক প্রশ্নের জবাবে কাজী অনিন্দিতা বলেন, নজরুলের যে সব দিক কম আলোচিত সেগুলোকে আমরা অগ্রাধিকার দেব। তাঁর জীবন দর্শনে মানবিকতা ও সম্প্রীতিই প্রধান-আমরাও সেটাকেই বড় করে তুলে ধরব।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, মুক্তধারার বিশ্বজিৎ সাহা, দুলাল তালুকদারসহ অন্যান্য স্থানীয় পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।