উত্তর কোরিয়ায় সামরিক অভিযান অন্যতম বিকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেক্স টিলারসন
রেক্স টিলারসন

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে একটি ‘বিকল্প’ হিসেবে বিবেচনায় আছে। পারমাণবিক অস্ত্রধারী এশীয় দেশটি সামরিকভাবে বেশি হুমকি হয়ে উঠলে ওয়াশিংটন এ রকম ব্যবস্থা সিদ্ধান্ত নিতেও পারে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতকাল শুক্রবার দক্ষিণ কোরিয়া সফরে এ কথা বলেছেন।
আঞ্চলিক সংকট ব্যবস্থাপনার চেষ্টায় টিলারসন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়ে প্রথম এশিয়া সফরে এসেছেন। তাঁর গতকালের ওই মন্তব্যে উত্তর কোরিয়ার প্রতি মার্কিন নীতির পরিবর্তনের আভাস আছে। বৃহস্পতিবারও জাপানে দেওয়া বক্তব্যে টিলারসন কমিউনিস্ট উত্তর কোরিয়া সম্পর্কে নীতি পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রহীন করতে ২০ বছরের চেষ্টা ব্যর্থ হয়েছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউন বিয়ুং-সের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে টিলারসন বলেন, ‘আমরা এক নতুন মাত্রার কূটনৈতিক, নিরাপত্তা ও অর্থনৈতিক উদ্যোগ নিচ্ছি। সব বিকল্পই আলোচনার টেবিলে আছে। সামরিক সংঘাতের দিকে আমরা অবশ্যই যেতে চাই না। তবে ওরা যদি অস্ত্র কর্মসূচির বিষয়ে হুমকির মাত্রা বাড়াতে বাড়াতে সে রকম পরিস্থিতিতে নিয়ে যায়, বিকল্পটা থাকছেই।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ‘কৌশলগত ধৈর্য্য’ ফুরিয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে যুক্তরাষ্ট্র ওই সহনশীলতার নীতি নিয়েছিল।
উত্তর কোরিয়ার উপর্যুপরি ক্ষেপণাস্ত্র পরীক্ষায় দেশটির দুই প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান এবং তাদের মিত্র যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পিয়ংইয়ং গত সপ্তাহেও কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে ছুড়ে বলেছিল, তারা জাপানে মার্কিন সেনাঘাঁটিতে হামলার প্রস্তুতি হিসেবে তা করেছে।
উত্তর কোরিয়ার সম্ভাব্য আক্রমণ থেকে প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকে রক্ষার জন্য সেখানে ২৮ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে দেশটির রাজধানী সিউল উত্তর কোরিয়ার অস্ত্রের পাল্লার মধ্যেই আছে। তাই বিশ্লেষকেরা মনে করেন, দুই দেশের মধ্যে যুদ্ধ বেধে গেলে বহু মানুষ হতাহত হবে।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে জাতিসংঘ বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে। তবে দেশটির প্রধান কূটনৈতিক ও ব্যবসায়িক অংশীদার চীন নানাভাবে পিয়ংইয়ংকে মদদ দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাই বেইজিংয়ের ওপর চাপ বাড়ানোর লক্ষ্য নিয়ে আজ শনিবারই টিলারসনের চীন সফরে যাওয়ার কথা রয়েছে।