উত্তর কোরিয়া ভ্রমণে নিজ নাগরিকদের হুঁশিয়ার করল যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ায় ভ্রমণ না করতে নিজেদের নাগরিকদের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছে, উত্তর কোরিয়ায় কোনো আইন লঙ্ঘন করলে দীর্ঘ মেয়াদে এবং ‘অন্যায়ভাবে কঠোর’ কারাদণ্ডভোগের ঝুঁকি রয়েছে।
ওয়াশিংটনের তথ্যানুযায়ী, গত এক দশকে পিয়ংইয়ং অন্তত ১৪ জন মার্কিন নাগরিককে আটক করেছে।
গত সোমবার এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রে যেসব কাজ অপরাধ হিসেবে গণ্য করা হয় না, সেসব কারণেও দেশটিতে অসংগতভাবে কঠোর সাজা হতে পারে।
গত জানুয়ারিতে উত্তর কোরিয়ায় বেড়াতে আসা ২১ বছর বয়সী মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবায়ারকে পিয়ংইয়ংয়ের একটি পর্যটন হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রচারণামূলক একটি ফলক চুরির অভিযোগ আনা হয়। মার্চে তাঁকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে বেশ তোলপাড় হয়।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, সরকার উৎখাত ও গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক কোরীয়-আমেরিকান কিম ডং-চুলকে গত মাসে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে উত্তর কোরিয়া।