উত্তর কোরিয়া যেতে চান জিমি কার্টার

উত্তর কোরিয়ার সঙ্গে উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে সে দেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। নিউইয়র্ক টাইমস-এর অনলাইনে গতকাল রোববার এ খবর প্রকাশ হয়।
৯৩ বছর বয়সী জিমি কার্টার জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে তাঁর খামারবাড়িতে এক সাক্ষাৎকারে সংবাদপত্রটিকে বলেন, এ বিষয়ে তিনি ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাক মাস্টারের সঙ্গেও কথা বলেছেন। তবে কোনো ইতিবাচক সাড়া এখনো পাননি।
ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন জিমি কার্টার। তিনি বলেন, ‘আমি তাঁকে (ম্যাকমাস্টার) বলেছিলাম, যদি প্রয়োজন পড়ে, তাহলে আমি আছি।’ কার্টার বলেন, ‘আমরা উত্তর কোরিয়ার ওপর চীনের প্রভাবের বিষয়টিকে অতিমাত্রায় গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে কিম জং-উনের ব্যাপারে যত দূর আমি জানি, তিনি কখনোই চীনে যাননি। বেইজিংয়ের নেতৃত্বের সঙ্গে কিমের কোনো সম্পর্কও নেই। তবে কিম জং-ইল (জং-উনের বাবা) চীন গেছেন এবং বেইজিংয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন।’
কার্টার আশঙ্কা প্রকাশ করেন, কিম যদি মনে করেন, ট্রাম্প তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন, তাহলে তিনি হয়তো আগেভাগেই কিছু একটা ঘটিয়ে বসতে পারেন। তাঁর কাছে উন্নত পারমাণবিক অস্ত্র রয়েছে। তিনি হয়তো কোরীয় উপদ্বীপ ও জাপানে ধংসলীলা চালাতে পারেন। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রে নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলোয়, এমনকি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও হামলা চালিয়ে বসতে পারেন।