উত্তর কোরিয়াকে এখনো হুমকি মনে করেন ট্রাম্প

উত্তর কোরিয়ার বিষয়ে আবার মত পাল্টে ফেললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার বিরুদ্ধে পুনরায় নিষেধাজ্ঞা জারি করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্রের কারণে দেশটি এখনো বড় ধরনের হুমকিতে।
অথচ মাত্র দিন দশেক আগে ট্রাম্প দাবি করেন, ‘সবাই এখন নিরাপদ বোধ করতে পারেন, উত্তর কোরিয়ার কাছ থেকে আর কোনো পারমাণবিক হুমকি নেই।’ সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠকের পর এক টুইট বার্তায় ওই মন্তব্য করেছিলেন ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কিন্তু গতকাল শুক্রবার প্রেসিডেন্টের প্রেস সচিবের এক নোটিশে বলা হয়, কোরিয়া উপদ্বীপের পারমাণবিক অস্ত্রের অস্তিত্ব, ঝুঁকি এবং দেশটির সরকারের পদক্ষেপ ও নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি অর্থনীতির জন্য অস্বাভাবিক ও উল্লেখযোগ্য হুমকি।
২০০৮ সাল থেকেই উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র জাতীয় জরুরি অবস্থা জারি করে। এরপর থেকে এই জরুরি অবস্থা নিয়মিতভাবেই বহাল আছে। গতকাল ট্রাম্প এই জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও বাড়িয়েছেন।
১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। ঐতিহাসিক ওই বৈঠকে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি সম্পন্ন হয়। পরস্পর হুমকি-ধমকির অবস্থান থেকে সরে আসেন। কিম জানান, তিনি কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচি বন্ধ করা পদক্ষেপ নেবেন। তবে এখনো কাজ শুরু করেননি কিম।