উত্তর কোরিয়াকে মোকাবিলায় 'সব বিকল্পই' রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন, জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর উত্তর কোরিয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে ‘সব বিকল্পই’ তাঁর বিবেচনায় রয়েছে। সেই সঙ্গে দেশটিতে সামরিক পদক্ষেপের সম্ভাবনা ওয়াশিংটন বাতিল করে দেয়নি বলেও পরিষ্কার ইঙ্গিত দেন তিনি।

উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাপানও। পিয়ংইয়ংয়ের একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা চরমে উঠেছে।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল বলেছেন, তিনি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ওপর আরও চাপ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছেন। জাপানের ওপর দিয়ে পিয়ংইয়ং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করায় তাঁরা চাপ বাড়ানোর ব্যাপারে সম্মত হলেন। বিগত কয়েক বছরের মধ্যে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ছিল পিয়ংইয়ংয়ের সবচেয়ে মারাত্মক উসকানিমূলক কর্মকাণ্ড। ট্রাম্পের সঙ্গে ৪০ মিনিট ধরে টেলিফোনে কথা বলার পর আবে সাংবাদিকদের বলেন, ‘আমরা অতিদ্রুত জাতিসংঘে জরুরি বৈঠক করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও চাপ জোরদার করব।’

আবে আরও বলেন, ট্রাম্প এ ব্যাপারে জাপানের পাশে থাকার অঙ্গীকার করেছেন। ট্রাম্পের বরাত দিয়ে আবে বলেন, তিনি দৃঢ় অঙ্গীকার করে বলেছেন যে ‘যুক্তরাষ্ট্র শতভাগ জাপানের পাশে রয়েছে। আমরা জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা বাড়াব। এ ব্যাপারে আমরা চীন, রাশিয়া ও আন্তর্জাতিক গোষ্ঠীকে পাশে নেওয়ার চেষ্টা চালাব এবং পারমাণবিক অস্ত্র কর্মসূচির নীতি পরিবর্তনে বাধ্য করতে উত্তর কোরিয়ার ওপর আরও জোরালো চাপ প্রয়োগ করব।’