উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত করবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগিরই মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত হানতে পারে—এমন কোনো পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া তৈরি করতে সক্ষম হবে না।
কয়েক দিন আগে কট্টর কমিউনিস্ট দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দাবি করেন, তাঁর দেশ পরমাণু যুদ্ধাস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষামূলক উৎক্ষেপণের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এর প্রতিক্রিয়ায় সোমবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের অংশবিশেষে আঘাত হানতে সক্ষম পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরির শেষ পর্যায়ে রয়েছে দেশটি। কিন্তু এ ধরনের কোনো ঘটনা ঘটবে না।’
উত্তর কোরিয়া নিয়ে এ টুইট করার এক ঘণ্টার মাথায় আবার দেশটির প্রভাবশালী মিত্র ও প্রতিবেশী চীনকে নিয়ে সমালোচনা করে টুইট করেন ট্রাম্প। এতে তিনি লেখেন, চীন একপক্ষীয় বাণিজ্যের সুযোগ নিয়ে (যুক্তরাষ্ট্র থেকে) ব্যাপক পরিমাণ অর্থসম্পদ নিয়ে যাচ্ছে। কিন্তু বিনিময়ে উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে কিছুই করছে না।
নববর্ষ উপলক্ষে দেওয়া এক বার্তায় উত্তর কোরিয়ার নেতা বলেছিলেন, তাঁর দেশ অত্যাধুনিক অস্ত্র-সরঞ্জাম নিয়ে গবেষণা ও নির্মাণের কাজ সক্রিয়ভাবে চালাচ্ছে। আইসিবিএম রকেট উৎক্ষেপণের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।
আইসিবিএমে ব্যবহার্য পরমাণু যুদ্ধাস্ত্রের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্য লাভ করার দাবি করেছে পিয়ংইয়ং। গত ৯ সেপ্টেম্বর পরমাণু যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে তারা। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা জারি রয়েছে। পিয়ংইয়ং পঞ্চম ও এযাবৎকালের সবচেয়ে বড় পরীক্ষা চালানোর পর গত মাসে এই নিষেধাজ্ঞা আরও কঠোর করা হয়।
উত্তর কোরিয়াকে নিয়ে ট্রাম্পের তির্যক মন্তব্যের প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, কোরীয় উপদ্বীপে পরমাণু অস্ত্র কমিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে চীন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুতে আলোচনায় অংশ নিয়েছে দেশটি। অনেকগুলো প্রস্তাবে সক্রিয় ছিল চীন।
এদিকে উত্তর কোরিয়া নিয়ে ট্রাম্পের টুইটকে গুরুত্ব দিচ্ছে দক্ষিণ কোরিয়া। যুক্তরাষ্ট্রের মিত্র দেশটির কর্মকর্তারা বলেছেন, তাঁরা মনে করছেন, উত্তর কোরিয়ার প্রতি ট্রাম্পের এই বার্তা প্রমাণ করে, তিনি দেশটির পরমাণু কর্মসূচির হুমকির সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন। তাঁর বক্তব্য দেশটির প্রতি ‘স্পষ্ট হুমকি’।