উত্তর কোরিয়ার শত্রু নয় যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়ার সরকার উৎখাতের কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। ওয়াশিংটন কিছু বিষয় নিয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসতে চায়। তবে উত্তর কোরিয়া কখনোই পারমাণবিক অস্ত্র বানাবে না, সেই নিশ্চয়তা দিতে হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আবারও বলেন, ওয়াশিংটন শান্তিপূর্ণ উপায়ে চাপ প্রয়োগের মাধ্যমে উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক অস্ত্র প্রকল্প থেকে বিরত রাখতে চায়।
টিলারসন পিয়ংইয়ংয়ের উদ্দেশে বলেছেন, ‘আমরা আপনাদের শত্রু নই। আমরা আপনাদের জন্য কোনো হুমকিও নই। কিন্তু আপনারা আমাদের দিকে একটা অগ্রহণযোগ্য হুমকি দিচ্ছেন এবং আমাদের সেটার জবাব দিতে হবে।’
উত্তর কোরিয়া সম্প্রতি পরীক্ষামূলকভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় প্রতিবেশী একাধিক দেশ এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে। টিলারসন শান্তিপূর্ণ সমঝোতার লক্ষ্যে আলোচনার ইঙ্গিত দিলেও রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁকে বলেছেন উত্তর কোরিয়া যদি ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখে—একটা যুদ্ধ বেধে যাবে। পিয়ংইয়ং ইতিমধ্যে দাবি করেছে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল অবধি আঘাত হানার সামর্থ্য রাখে।
উত্তর কোরিয়া গত শুক্রবার নিজেদের আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) দ্বিতীয় পরীক্ষা চালায়। দেশটির নেতা কিম জং-উন এই সাফল্যের পর উল্লাস প্রকাশ করেছেন। জাতিসংঘ এবং শক্তিধর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা ও অবরোধ উপেক্ষা করেই পিয়ংইয়ং একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। তারা মার্কিন ভূখণ্ডে আঘাত হানার উপযোগী করে পারমাণবিক অস্ত্র পরিবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির অঙ্গীকার করেছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক কয়েকটি পরীক্ষায় উত্তর কোরিয়া বুঝিয়ে দিয়েছে তারা চাইলে যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় আঘাত হানতে পারবে।
টিলারসন উত্তর কোরিয়ার প্রতিবেশী ও ঘনিষ্ঠ দেশ হিসেবে পরিচিত চীনের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন, তারা যেন পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনায় বসে এবং নিজেদের প্রভাব কাজে লাগিয়ে একটি গঠনমূলক সংলাপের পরিস্থিতি তৈরি করে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বলেছে, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসে বিভিন্ন বিষয়ে সমঝোতার সব সুযোগ আছে। সামরিক আলোচনার সুযোগও আছে।
ট্রাম্প একাধিকবার উত্তর কোরিয়ার ব্যাপারে চীনের অবস্থানের সমালোচনা করেছেন। এই দুই দেশের মধ্যে অভিন্ন স্থলসীমান্ত রয়েছে। পিয়ংইয়ং অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যাপারেও বেইজিংয়ের সাহায্যের ওপর নির্ভর করে। ট্রাম্পের অভিযোগ, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে চীন যথেষ্ট তৎপর নয়।
তবে টিলারসন আপাতত কূটনৈতিক প্রচেষ্টায় উত্তর কোরিয়ার সঙ্গে সমঝোতা চান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির জন্য কেবল উত্তর কোরিয়ার ওপরই দায় চাপানো যায়। তবে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে চীনের সঙ্গে পিয়ংইয়ংয়ের একটা বিশেষ সম্পর্ক আছে। তাই আর কেউ না পারলেও বেইজিং চাইলে উত্তর কোরিয়ার সরকারের ওপর প্রভাব খাটাতে পারে।
উত্তর কোরিয়া দফায় দফায় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেও অধিকাংশ বিশেষজ্ঞ মনে করেন, পিয়ংইয়ং এখনো পারমাণবিক অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বানাতে পারেনি। এমনকি দেশটির অনেক ক্ষেপণাস্ত্রই লক্ষ্যবস্তুর ওপর নির্ভুল আঘাত হানতে সমর্থ নয়।
তবে আরেক দল বিশেষজ্ঞ মনে করেন, উত্তর কোরিয়া যেভাবে অগ্রসর হচ্ছে, তাতে আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে তারা সব সীমাবদ্ধতা কাটিয়ে যুক্তরাষ্ট্রে হামলার উপযোগী ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা প্রমাণ করে দেখাতে পারবে।