উত্তর কোরিয়ার সঙ্গ ছাড়তে মিয়ানমারকে চাপ যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে মিয়ানমারকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
গতকাল শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সাবেক ও বর্তমান মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমারের গণতান্ত্রিক সরকার অস্বীকার করলেও দেশটির সামরিক বাহিনী উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলছে। এ সম্পর্ক ছিন্ন করার জন্য ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন মিয়ানমার সরকারকে চাপ দিচ্ছে। উত্তর কোরিয়াবিষয়ক বিশেষ মার্কিন দূত চলতি সপ্তাহেই মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও সেনাপ্রধান জেনারেল মিন অং হিলাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলবেন।
গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার সঙ্গে মিয়ানমারের কয়েক দশকের সামরিক শাসনের সময়কাল থেকে চলমান সম্পর্কের বিষয়টি মিয়ানমার সফরকালে গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ইয়ান।
নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেন, উত্তর কোরিয়া ওই অঞ্চল তথা পুরো বিশ্বের জন্যই হুমকি। উত্তর কোরিয়ার সঙ্গে যেকোনো ধরনের সম্পর্ক বিশেষ করে সামরিক সম্পর্ক রক্ষা করা হলে তা ওই হুমকির অবসানের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। এই বার্তা জানানোর এটাই সুযোগ।
তবে, উত্তর কোরিয়ার সঙ্গে মিয়ানমার কী ধরনের সামরিক সম্পর্ক বজায় রেখেছে, তা সুনির্দিষ্টভাবে বলতে অপারগতা প্রকাশ করেন ওই কর্মকর্তা। এ বিষয়ে মন্তব্য জানানোর জন্য ওয়াশিংটনে মিয়ানমারের দূতাবাসকে অনুরোধ জানানো হলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
মার্কিন কর্মকর্তা বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য মিয়ানমার সেনাবাহিনীর ক্রয়-সংক্রান্ত সংস্থার ওপর চলতি বছর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এদিকে মিয়ানমার সরকার দাবি করেছে, ২০১১ সালে বেসামরিক সরকারে উত্তরণের আগেই দেশটি উত্তর কোরিয়ার সঙ্গে অস্ত্র চুক্তিসহ অন্য সামরিক সম্পর্ক ছিন্ন করে।
সাবেক দুজন মার্কিন কর্মকর্তা বলেন, মিয়ানমারের সামরিক বাহিনী অতীতে উত্তর কোরিয়ার তৈরি অস্ত্র আমদানি করে বলে ধারণা করা হয়। উত্তর কোরিয়ার কর্মকর্তারাও মিয়ানমারে কাজ করেন।