উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে নতুন সংশয়

গতকাল সোমবার হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে কথা বলার জন্য পিয়ংইয়ং যাচ্ছেন। সেখানে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক চুক্তি বিষয়ে অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। পম্পেও উত্তর কোরিয়া ছাড়াও জাপান, ভিয়েতনাম ও আবুধাবি সফর করবেন।
এই সফরের ঘোষণা এমন এক সময়ে এল, যখন উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির ব্যাপারে সংশয় গভীর হচ্ছে। মার্কিন গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে এনবিসি জানিয়েছে, উত্তর কোরিয়া তার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি সংকোচনের বদলে তা আরও সম্প্রসারিত করছে। গত মাসে সিঙ্গাপুরে কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠকের সময় মার্কিন তরফ থেকে বলা হয়েছিল, উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বন্ধের প্রতিশ্রুতির অংশ হিসেবে ব্যালিস্টিক কর্মসূচিও বাতিল করবে।
মার্কিন বিশেষজ্ঞেরা এখন বলছেন, যদি সত্যি এমন কোনো প্রতিশ্রুতি কিম ট্রাম্পকে দিয়ে থাকেন, তা কাগুজে প্রতিশ্রুতিমাত্র। আর তাতেই খুশি হয়ে ট্রাম্প নিজের শীর্ষ বৈঠকের সাফল্য ঘোষণা করে বসেন। ওয়াশিংটন পোস্ট পত্রিকার ভাষ্যকার ব্রায়ান ক্লাস বলেছেন, পুরো ব্যাপারই একটা ধাপ্পা ছাড়া আর কিছু নয়। ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে শান্তি প্রতিষ্ঠায় নিজের সাফল্যের জন্য নোবেল পুরস্কার প্রত্যাশা করেছিলেন, সে কথা উল্লেখ করে ব্রায়ান ক্লাস প্রশ্ন করেছেন, রক্তচোষা একনায়কদের পিঠ চুলকানো ও তাঁদের গুণগান গাওয়ার জন্য নোবেল পুরস্কার দেওয়ার কোনো নিয়ম কি রয়েছে?
মার্কিন গোয়েন্দা বিভাগ স্যাটেলাইটের মাধ্যমে যে ছবি পেয়েছে, তাতে পরিষ্কার, উত্তর কোরিয়ার হামহাং শহরে যে কেমিক্যাল ম্যাটেরিয়াল ইনস্টিটিউট রয়েছে, তার সম্প্রসারণের কাজ অব্যাহত রয়েছে। এই কেন্দ্রেই ব্যালিস্টিক মিসাইলের জন্য প্রয়োজনীয় কার্বন উপকরণ প্রক্রিয়াজাত হয়ে থাকে। যদি উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি গুটিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, তাহলে এই কেন্দ্রের সম্প্রসারণ কেন করা হবে? মার্কিন গোয়েন্দারা যে এই খবর নিজেরাই তথ্যমাধ্যমের কাছে ফাঁস করেছেন, তা থেকে স্পষ্ট, উত্তর কোরিয়ার ব্যাপারে ট্রাম্প ও তাঁর হোয়াইট হাউস যতটা রঙিন চশমা দিয়ে তাকাতে আগ্রহী, গোয়েন্দারা ততটা নন, মন্তব্য করেছেন একাধিক মার্কিন বিশেষজ্ঞ।
কোনো কোনো বিশেষজ্ঞ—যেমন সিএনএনের ফরিদ জাকারিয়া—উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির ব্যাপারটি ‘গালগপ্পের’ বেশি কিছু নয় বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, ‘ট্রাম্প নিজের রাজনৈতিক প্রয়োজনে এই গল্প আমাদের শোনাচ্ছেন।’
একই কথা বিশ্বাস করেন কোরিয়া বিশেষজ্ঞ জন ফেফফার। একটি দক্ষিণ কোরীয় ওয়েবসাইটে এক উপসম্পাদকীয়তে তিনি জানিয়েছেন, কিম জং-উনের ব্যাপারে এক জুয়া খেলায় নেমেছেন ট্রাম্প। ৬০ বছরের বেশি সময় ধরে যে সমস্যার কেউ সমাধান করতে পারেনি, একমাত্র তিনিই পারেন তার সমাধান করতে, এই বিশ্বাস থেকে তাঁর নিরাপত্তা পরামর্শদাতাদের কথা উপেক্ষা করে তিনি কিমের সঙ্গে চুক্তি করতে উদ্যোগী হন। তিনি এই কাজে ইতিমধ্যে এতটাই ‘বিনিয়োগ’ করে বসেছেন যে এখন তাঁর পক্ষে পিছু হটা কঠিন। ‘যেভাবে তিনি উত্তর কোরিয়া প্রশ্নে জড়িয়ে পড়েছেন, তাতে মনে হয়, তিনি কোনোভাবেই এই চুক্তি ব্যর্থ হতে দিতে চান না। তিনি ব্যর্থ হলে তা কেবল উত্তর কোরিয়ার জন্য সমস্যা নয়, ট্রাম্পের জন্যও সমস্যা।’
আরেক ভাষ্যকার জেনিফার রুবিন লিখেছেন, আসলে কিম ট্রাম্পকে নিয়ে ইচ্ছেমতো খেলছেন। উত্তর কোরিয়ার প্রতারণার ব্যাপারে যথেষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও ট্রাম্প কিছুদিন আগে ফক্স নিউজে এক সাক্ষাৎকারে বলেন, ‘কিমের সঙ্গে আমি চুক্তি করেছি, হাত মিলিয়েছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, কিম আমাদের দুজনের এই চুক্তি মেনে চলবেন।’
ট্রাম্পের নিজের বিশেষজ্ঞদের অনেকেই উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তির সম্ভাবনাকে অনেক আগে থেকেই উড়িয়ে দিয়ে আসছেন। এঁদের কেউ কেউ—যেমন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন—উত্তর কোরিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তির বদলে এখনই বোমা ফেলার পক্ষে। ট্রাম্প প্রশাসনে যোগদানের আগে বোল্টন এক নিবন্ধে প্রস্তাব করেছিলেন, আমেরিকার জন্য সঠিক কাজ হবে বোমা মেরে কিম রাজত্বের অবসান করা। তাহলে কেবল কিমই শেষ হবে না, তাঁর পারমাণবিক কর্মসূচিও শেষ হবে।
কোনো কোনো বিশেষজ্ঞেরা মনে করেন, চুক্তি সম্পাদনে ব্যর্থ হলে ট্রাম্প যে কোনো একপর্যায়ে সামরিক পথ অনুসরণ করবেন না, তার নিশ্চয়তা নেই। কিম সে বিপদের কথা ভালো করেই জানেন। ফলে, লোকদেখানো হলেও তাঁকে বিপারমাণবিকীকরণের পথ ধরতে হবে। এ কথা পরিষ্কার যে তাঁর পারমাণবিক অস্ত্রভান্ডার আছে বলেই ট্রাম্প তাঁর সঙ্গে সমানে সমান মর্যাদায় শীর্ষ বৈঠকে মিলিত হয়েছেন। খুবই স্বাভাবিক যে কিম চাইবেন, যত দিন সম্ভব সে অস্ত্রভান্ডার ধরে রাখতে এবং এই অস্ত্রভান্ডার ব্যবহার করে নিজের ও নিজ দেশের জন্য সর্বাধিক সুযোগ-সুবিধা আদায় করে নিতে। কিন্তু যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত শুধু মুখে কিমের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতির বাইরে আর কিছুই করেনি। এমনকি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত কঠোর নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার নিয়েও কোনো কথা এখনো বলেনি।
হোয়াইট হাউস আশা করছে, পম্পেওর উত্তর কোরিয়া সফরের ফলে পারমাণবিক চুক্তি প্রশ্নে সুনির্দিষ্ট অগ্রগতি বিষয়ে বিশ্বকে তারা জানাতে সক্ষম হবে। উত্তর কোরিয়ার প্রতি অর্থনৈতিক সাহায্যের বিষয়টিও এই সফরের সময় আলোচিত হবে বলে ভাবা হচ্ছে।