উত্তর সাগরের তীর থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেদারল্যান্ডসের হেগে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে জুইডার পার্কে নির্মিত শহীদ মিনার
নেদারল্যান্ডসের হেগে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে জুইডার পার্কে নির্মিত শহীদ মিনার

আমরা যখন হাইস্কুলে পড়ি, তখন পাঠ্যবইয়ে ‘চ্যানেল বিজয়ী ব্রজেন দাস’ নামে একটি প্রবন্ধ ছিল। উত্তর সাগরের তীরে এসে আজ মনে পড়ছে এই ইংলিশ চ্যানেল তো এখানেই। তখনই মনে হলো মনে স্বপ্ন থাকতে হয়, মানে স্বপ্ন দেখতে হয়। কোনো না কোনোভাবে তখন তা পূর্ণতা পায়। ৪ আগস্ট আমরা এই উত্তর সাগরের সৈকতে আসি।
ইংলিশ চ্যানেল পশ্চিম ইউরোপের একটি সংকীর্ণ চ্যানেল, যা ফ্রান্স ও গ্রেট ব্রিটেন দ্বীপকে পৃথক করেছে এবং উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। ফরাসি ভাষায় এটি ‘লা মঁশ’ নামে পরিচিত, যার অর্থ ‘কোটের হাতা’। এর দৈর্ঘ্য প্রায় ৫৬২ কিলোমিটার এবং এর প্রস্থ অবস্থানভেদে সর্বোচ্চ ২৪০ কিলোমিটার থেকে সর্বনিম্ন ৩৪ কিলোমিটারের (ডোভার প্রণালির কাছে) মতো। এটি ইউরোপীয় মহিসোপানের কাছাকাছি অবস্থিত অগভীর সাগরগুলোর মধ্যে ক্ষুদ্রতম। এর আয়তন প্রায় ৭৫ হাজার বর্গকিলোমিটার। এটি ডোভার প্রণালির মাধ্যমে উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত। ইংলিশ চ্যানেলের প্রধান দ্বীপগুলোর মধ্যে আইল অব ওয়াইট ও চ্যানেল দ্বীপপুঞ্জ উল্লেখযোগ্য। প্রধান বন্দরগুলোর মধ্যে ফ্রান্সের শেরবার্গ ও ল্য আভঁ এবং গ্রেট ব্রিটেনের সাউদাম্পটন উল্লেখযোগ্য। ছোট বন্দরগুলোর মধ্যে রয়েছে গ্রেট ব্রিটেনের ডোভার, প্লিমাথ ও পোর্টসমাউথ এবং ফ্রান্সের কালে, দাঁকের্ক, বুলোঞ-সুর-মের ও দিয়েপ। এসব বন্দরের মধ্যে রয়েছে নিয়মিত ফেরি সংযোগ। রেল ফেরিগুলো কোনো বিরতি ছাড়াই লন্ডন ও প্যারিসের মধ্যে যাত্রী পরিবহন করে। ডোভার ও কালে শহরের মধ্যে ইংলিশ চ্যানেলের ওপর দিয়ে আধা ঘণ্টার হোভারক্রাফট পরিবহনের ব্যবস্থা রয়েছে।
১৮০২ সালে ইংলিশ চ্যানেলের তল দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে যোগাযোগ স্থাপনের কথা হয়েছিল। শেষ পর্যন্ত ১৯৮০-এর দশকের মাঝামাঝিতে এসে এর খননকাজ শুরু হয়। ১৯৯৪ সালে কাজটি সমাপ্ত হয় এবং জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই সুড়ঙ্গ দিয়ে যাত্রী, গাড়ি ও ট্রাক পরিবহন সম্ভব। এখন ইংলিশ চ্যানেলে মাছ ধরা কমে গেছে। কেবল উত্তর-পশ্চিম ফ্রান্সের ব্র্যতাইন এলাকার কাছাকাছি মাছ ধরা প্রচলিত। এ ছাড়া সেখানে রঁস নদীর মোহনায় চ্যানেলের শক্তিশালী জোয়ার কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ইংলিশ চ্যানেলের তীরে, ফ্রান্স ও ব্রিটেন উভয় দেশেই রয়েছে অনেকগুলো সমুদ্র তীরবর্তী অবকাশকেন্দ্র বা রিপোর্ট।
উত্তর সাগরের পানি একটুও উষ্ণ নয়, বরং বরফশীতলই বলা চলে। বালুতটে যেখানে ঢেউ এসে আছড়ে পড়ছে, সেখানটায় প্রচুর ঝিনুক ও শামুক কক্সবাজার সৈকতের কথা মনে করিয়ে দেয়। সমুদ্র তীরের পাহারাদার লাইফগার্ড এসে সাবধান করে দিলেন যে, এগুলোয় পা কেটে যেতে পারে। অনেকক্ষণ সমুদ্রতীরে থেকে বাসায় ফিরলাম। নিভার ছেলে-মেয়েরাও প্রচুর ঝাঁপাঝাঁপি করল পানিতে। সমুদ্রের বাতাসে আমাদের ক্ষুধা লেগেছিল। বাসায় ফিরে দেখি পরোটা, আলু সেদ্ধ, কর্নের সঙ্গে বিফ স্টেক ও চিকেন ফ্রাইয়ের ব্যবস্থা রয়েছে।
পরদিন ডেলফ্ট-এ যাই। শান্ত মনোরম একটি শহর। বাড়িগুলোর পাশ দিয়ে খাল বয়ে গেছে। প্রতিটি বাড়ির সামনে একটি করে বোট বাঁধা। এই খাল ধরেই নেদারল্যান্ডসে নৌকাযোগে পৌঁছে যাওয়া সম্ভব। খালের পাশের বাড়িগুলোর রং একেক রকম। দেখতে খুব সুন্দর লাগে।
নেদারল্যান্ডসের প্রযুক্তি অনেক উন্নত, যার মধ্যে একটি হচ্ছে উভচর বাড়ি প্রযুক্তি। নৌকাযোগে গিয়ে ভাসমান বাড়িগুলো দেখে মনে হলো, বাংলাদেশের বন্যা প্রবণ অঞ্চলেও এ ধরনের বাড়ি বানানো যেতে পারে। পরে জানতে পারলাম বুয়েটের কোর বাংলাদেশ প্রজেক্ট ও ডেলফ্ট-এর একটি সংস্থা নেদারল্যান্ডসের আইএইচই ডেলফ্ট বাংলাদেশে প্রথমবারের মতো বন্যা প্রতিরোধক উভচর বাড়ি তৈরির প্রকল্প নিয়ে আগে থেকেই কাজ করছে। দেশে বন্যার কারণে যে আর্থিক ও সামাজিক ক্ষতি হয়, তা থেকে দ্রুত প্রতিকার পাওয়ার জন্য উভচর বাড়ি তৈরি করাই প্রকল্পের উদ্দেশ্য। এ বাড়ির মূল সুবিধা হচ্ছে বন্যার পানি এলে পানির সঙ্গে সঙ্গে বাড়িটিও ভেসে উঠবে। আবার বন্যার পানি নেমে গেলে বাড়িটি ফিরে যাবে যথাস্থানে। পাইলট প্রকল্প হিসেবে দু মাসে আট শতক (২ হাজার বর্গফুট) জমির ওপর নির্মিত প্রথম বাড়িটি তৈরিতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়। তবে পরে এমন বাড়ি নির্মাণ ব্যয় অনেকটা কমে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের একটি দেশ নেদারল্যান্ডস, যা হল্যান্ড নামেও পরিচিত। নেদারল্যান্ডসের রাজধানীর নাম আমস্টারডাম। এই দেশটির প্রায় ৫০ শতাংশ জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক মিটার উঁচুতে। অবিশ্বাস্য হলেও সত্য যে, নেদারল্যান্ডসের প্রায় এক-তৃতীয়াংশ জায়গা সমুদ্রতলের নিচে অবস্থিত। নেদারল্যান্ডসের মানুষ রীতিমতো পানির সঙ্গে যুদ্ধ করে নতুন নতুন অভিনব পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে আস্ত একটা রাষ্ট্রকে নিরাপদে রেখেছে। এ জন্যই সারা বিশ্বে পানি ব্যবস্থাপনার জন্য নেদারল্যান্ডসের অনেক সুনাম আছে।

সমুদ্রের মধ্যেই জীবনযাপনের জন্য ডাচ নির্মাণকৌশল বিষয়ক প্রতিষ্ঠান ওয়াটার স্টুডিও ডটএনএল পানিতে ভাসমান অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করেছে। ডেলফ্ট ও হেগের মধ্যে তৈরি এই কমপ্লেক্সে ৬০টি অ্যাপার্টমেন্ট থাকবে। ওয়াটার স্টুডিও ডটএনএল পানির ওপরে বিভিন্ন স্থাপনা তৈরিতে বিশেষ পারদর্শী।
ডেলফ্ট শহরে হাঁটার সময় এক বিচিত্র অভিজ্ঞতা হয়। ‘গ্রাটিস’ লেখা এক জায়গায় বেশ কিছু বই পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে সঙ্গীদের জিজ্ঞেস করলাম কী বিষয়? জানলাম যে অপ্রয়োজনীয় বই এই জায়গায় রাখা হয়। কারও লাগলে সে এটি সংগ্রহ করতে পারে। ওই স্থান থেকে আমরা একটি জনপ্রিয় বই সংগ্রহ করি।
টিউলিপের শহর খ্যাত নেদারল্যান্ডস এসে পৌঁছেছিলাম গত ৩১ আগস্ট। এখানে মার্চের মাঝামাঝি থেকে মধ্য মে পর্যন্ত টিউলিপের মৌসুম। সে সময় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় কিউকেনহফ নামের বাগান, যা ইউরোপের অন্যতম বড় ও বিখ্যাত টিউলিপ ফুলের বাগান। এটি দক্ষিণ নেদারল্যান্ডসের লিসি শহরে অবস্থিত। প্রতি বছর ৭৯ একর জায়গার ওপর প্রায় ৭০ লাখ ফুলের বীজ বপন করা হয়। নেদারল্যান্ডসের আমস্টারডাম শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরত্বে এ উদ্যান। এই কিউকেনহফ বাগান ‘গার্ডেন অব ইউরোপ’ নামেও পরিচিত।
টিউলিপ ফুল যে কত রঙের হতে পা,রে তা না দেখলে বিশ্বাস হয় না। সাদা, লাল, নীল, বেগুনি—আরও কত রং! বাগানের ভেতর রয়েছে জাদুঘর, আছে স্যুভেনিয়র কেনার দোকানও। সারা বিশ্বের মানুষ ফুলের বাগান দেখার জন্য প্রতি বছর নেদারল্যান্ডসে আসে। রয়েছে মডুরোডাম নামের একটি জাদুঘরও, যেখানে রয়েছে নেদারল্যান্ডসের সব শহরের মিনি ভার্সন। এখানে ছোট পরিসরে সবগুলো শহর দেখে নেওয়া গেল। স্কিফোল এয়ারপোর্টে যাওয়ার সময় সোহরাব দেখালেন বিস্তীর্ণ ভূমি দু পাশে, এখানেই মার্চ থেকে মে পর্যন্ত ফোটে টিউলিপ।
বারবিকিউয়ের আয়োজনে করা হলো জুইডারপার্কে। সেখানে আরও দুই দম্পতি আসেন। চিকেন বারবিকিউ, খাসি ও গরুর স্টেক এবং আলু ও ভুট্টা। কফি খেয়ে আমরা শহীদ মিনারের পাদদেশে গিয়ে দাঁড়ালাম। হেগে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে এ শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। তার ছায়ায় গিয়ে দাঁড়ালাম, এ এক অন্য রকম অনুভূতি।