ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারেন ট্রাম্প

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে এবং শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি।
তবে এনডিটিভি জানায়, পাকিস্তানের সঙ্গে যেকোনো দ্বন্দ্বই দ্বিপক্ষীয়ভাবে সুরাহা করতে চায় ভারত। এখানে কোনো মধ্যস্থতাকারী নয়াদিল্লি চায় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে গতকাল মঙ্গলবার বলেছেন, ‘ভারত ও পাকিস্তানের সব ইস্যু সন্ত্রাস ও সহিংসতামুক্ত পরিবেশে দ্বিপক্ষীয়ভাবে সমাধান করতে ভারত সরকারের অবস্থানে পরিবর্তন হয়নি।’
যুক্তরাষ্ট্র সোমবারই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করে। এরপর পরিষদ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বলেন, ‘বর্তমান মার্কিন প্রশাসন ভারত ও পাকিস্তানের সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন। উভয়ের মধ্যে উত্তেজনা কমাতে এবং তা যাতে সংঘাতের আকার ধারণ না করে, সে জন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। আমরা আশা করছি, প্রশাসন আলোচনা করে সমঝোতার পথ বের করবে। যদি প্রেসিডেন্ট (ট্রাম্প) এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হন, তাহলেও আমরা অবাক হব না।’
পাকিস্তান ও ভারতের উত্তেজনা নিয়ে মার্কিন প্রশাসনের এত দিনের অবস্থান হচ্ছে, এই বৈরিতা একান্তভাবেই দেশ দুটির দ্বিপক্ষীয় সমস্যা। তাদেরই এর সমাধান করতে হবে। রাষ্ট্রদূত নিকি হ্যালির এই মন্তব্য মার্কিন প্রশাসনের সেই অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত। পাকিস্তান-ভারত সম্পর্ক নিয়ে ট্রাম্প প্রশাসনের কোনো শীর্ষ কর্মকর্তা এই প্রথম মন্তব্য করলেন।
গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত ও পাকিস্তান চাইলে তিনি দেশ দুটির মধ্যে মধ্যস্থতায় আগ্রহী। এবার নিকি হ্যালির মন্তব্যে উপমহাদেশের দুই প্রতিবেশীর সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্রের শামিল হওয়ার আগ্রহের ইঙ্গিত আরও জোরালো হলো।
তবে মার্কিন কর্তৃপক্ষ কীভাবে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, তা এখনো স্পষ্ট নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মাসে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। সেখানে দুই নেতা এ বিষয়ে আলোচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে।