উত্তেজনা প্রশমনে ইসরায়েল যাচ্ছে ট্রাম্পের সহযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরুজালেমে আল-আকসা মসজিদে কড়াকড়ি আরোপকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ এক সহযোগী ইসরায়েল যাচ্ছেন। গতকাল সোমবার তাঁর ইসরায়েলে পৌঁছার কথা।

নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক সমঝোতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ প্রতিনিধি জ্যাসন গ্রিনব্লাট গত রোববার রাতে ইসরায়েলের উদ্দেশে রওনা করেন।

শনাক্তকরণ যন্ত্র সরাবে না ইসরায়েল

রয়টার্স জানায়, জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র (মেটাল ডিটেক্টর) সরাবে না বলে জানিয়েছে ইসরায়েল। ১৪ জুলাই ইসরায়েলি পুলিশের দুই সদস্য নিহত হওয়ার জের ধরে আল-আকসায় মেটাল ডিটেক্টর বসানো হয়।

সম্প্রতি হামলায় দুই ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার পর আল-আকসার প্রাঙ্গণে ধাতব বস্তু শনাক্তকরণ যন্ত্র বসানোর জের ধরে ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সংঘাত বেড়েছে। সপ্তাহজুড়ে সহিংসতায় আটজনের প্রাণহানি হয়।

ইসরায়েলের আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রী চাখী হান্নেগবি বলেন, সেগুলো (মেটাল ডিটেক্টর) থাকবে। খুনিদের কীভাবে খুঁজতে হবে, তা খুনিরা কখনোই বলবে না।...যদি তারা (ফিলিস্তিনিরা) ধাতব শনাক্তকরণ যন্ত্রের জন্য মসজিদে প্রবেশ করতে না চায়, তাদের প্রবেশ করার দরকার নেই।

ইসরায়েলের দাবি, সম্ভাব্য হামলা ঠেকাতেই মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। কিন্তু ফিলিস্তিনিরা মনে করেন, মুসলিমদের পবিত্র এই এলাকায় নিয়ন্ত্রণ আরোপই এর উদ্দেশ্য।