উত্থানের ধারায় যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার
যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে গত সোমবার বড় ধরনের দর পতনের একদিন পরই ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। গতকাল মঙ্গলবার সূচকের উত্থানে লেনদেন শেষ হয় ওয়ালস্ট্রিটে।
মূলত যুক্তরাষ্ট্রের ভোক্তার ব্যয় বৃদ্ধি পাওয়ায় সূচকে ইতিবাচক প্রভাব পড়তে দেখা গেছে। গতকাল প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী ১৭ বছরের মধ্যে গত মাসে (অক্টোবর) ভোক্তাদের মধ্যে সবচেয়ে বেশি আস্থার প্রতিফলন দেখা গেছে। এতে অন্যতম সূচক নাসডাক লেনদেন শেষে রেকর্ড পর্যায়ে ওঠে।
ডাও জোন্স সূচক শূন্য দশমিক ১ শতাংশ বেড়েছে। এস অ্যান্ড পি ৫০০ সূচক ও বেড়েছে একই পরিমাণ। প্রযুক্তি নির্ভর শেয়ারের সূচক নাসডাক কম্পোজিট ইনডেক্স বেড়েছে শূন্য দশমিক ৪ শতাংশ।
নিউইয়র্কের বিনিয়োগকারী স্টিভ শিয়াভরন বলেন, বড় কোম্পানিগুলোর আস্থার কারণেই সূচক ঊর্ধ্বমুখী।
চলতি মাসে ঘোষিত হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নতুন চেয়ারম্যানের নাম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনই আভাস দিয়ে রেখেছেন। আগামী ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়া জ্যানেট ইয়েলেনের স্থলে বসতে পারেন জেরোম পাওয়েল। ফেডের প্রধান হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন জেরোম পাওয়েলই। ২০১২ সাল থেকে ফেডারেল রিজার্ভের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন পাওয়েল। এই অর্থনীতিবিদকে বেশ পছন্দ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে সুদের হার নিয়ে গতকাল বৈঠকে বসেছে ফেডারেল রিজার্ভ। যদিও সুদের হারে পরিবর্তন আসবে না এমন গুঞ্জনই চলছে। সবকিছু নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নজর সামনের সিদ্ধান্তগুলোর ওপর। সূত্র: বিবিসি অনলাইন।