উদীচীর ওপর বোমা হামলার বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

যশোরে উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলার ২১ বছর পূর্তি হয়েছে ৬ মার্চ। এর বিচারের দাবিতে উদীচী যুক্তরাষ্ট্র ৮ মার্চ সন্ধ্যা ছয়টায় প্রতিবাদী গান ও বক্তব্যের মাধ্যমে দিবসটি পালন করে। জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
১৯৯৯ সালের ৬ মার্চ যশোরে উদীচীর জাতীয় সম্মেলনে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় ১২ জন শিল্পী। গুরুতর আহত হন শতাধিক। ৫০ জনের মতো শিল্পী ও কর্মী পঙ্গু হয়ে যান। পরে উদীচীর সদস্যদের তোলা অনুদানে বেশ কয়েকজনকে বিদেশ পাঠিয়ে কৃত্রিম হাত-পা লাগিয়ে আনা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সুস্থ গণমুখী সংস্কৃতি বিকাশে অবদানের স্বীকৃতি হিসেবে উদীচীকে একুশে পদকে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় অথচ সেই উদীচীর ওপর বোমা হামলার বিচার হয় না এর চেয়ে দুঃখ ও লজ্জার আর কী হতে পারে। তাই দেশ-বিদেশ থেকে সরকারের প্রতি উদীচীর ভাই-বোনেরা দাবি তুলেছে, শিগগির এই হত্যাকাণ্ডের বিচার শুরু করা হোক। আমরা মনে করি, এটা মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সরকারের দায়িত্বও বটে।
প্রতিবাদ সমাবেশের সূচনা করা হয় প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে। অনুষ্ঠান পরিচালনা করেন উদীচী যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জীবন বিশ্বাস।
সমাবেশে বক্তব্য রাখেন—উদীচী যুক্তরাষ্ট্রের সিনিয়র সহসভাপতি সুব্রত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন, উদীচীর উপদেষ্টা সাপ্তাহিক বাঙালি পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ, রাবেয়া আক্তার ও শুক্লা চক্রবর্তী।
সভায় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়ে সেটি পাঠ করে শোনানো হয়। স্মারকলিপিটি শিগগির স্থানীয় কনসাল অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে পাঠানো হবে বলে জানানো হয়েছে।