উদীচীর নববর্ষ উদ্যাপনের প্রস্তুতি সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি বছরের মতো এবারও উদীচী যুক্তরাষ্ট্র বর্ষবরণ উদ্‌যাপন করছে। উদীচী যুক্তরাষ্ট্রের উদ্যোগে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও মহড়া।
বাংলা নতুন বছর ১৪২৬ উদ্‌যাপনের লক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে উদীচী যুক্তরাষ্ট্র। বর্ষবরণের অনুষ্ঠানের সঙ্গে থাকছে মেলার আয়োজন। এখন চলছে প্রস্তুতিমূলক মহড়া।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সকাল সাড়ে ১১টায় শুরু হবে বৈশাখী প্যারেড। প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করবেন বেলাল বেগ। দুপুরে থাকছে ঘরে তৈরি খাবারে বৈশাখী ভোজ। সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হবে দুপুর ১টা ১৫ মিনিটে। অনুষ্ঠানের মধ্যে থাকছে বাংলা ও তবলা বিভাগের অনুষ্ঠান এবং সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করবেন শহীদউদ্দীন। থাকছে নৃত্যানুষ্ঠান ও বৈশাখী রঙ্গমঞ্চ ‘রংবেরং’। বৈশাখী ভোজ হবে দুপুর আড়াইটায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনো প্রবেশমূল্য নেই। তবে বৈশাখী ভোজের জন্য আট ডলার শুভেচ্ছা অনুদান লাগবে।