উদীচীর প্রতিবাদী সমাবেশ ২১ এপ্রিল
উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস ২১ এপ্রিল রোববার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান হত্যার প্রতিবাদে এক সমাবেশের আয়োজন করেছে। ওই দিন বিকেল সাড়ে ৫টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
উদীচী যুক্তরাষ্ট্র ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনীর সোনাগাজী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার যৌন নিপীড়নের শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায় বিচারের দাবি রেখে নুসরাত সবাইকে দায়বদ্ধ করে গেছে। নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং আর যাতে কাউকে নুসরাতের মতো পরিণতি পেতে না হয়, সে লক্ষ্যে এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং দেশে চলা প্রতিবাদের সঙ্গে একাত্ম হতেই উদীচী এ সমাবেশের আয়োজন করেছে।