উদীচীর হেমন্ত উৎসব ১১ ও ১২ নভেম্বর
সাংস্কৃতিক সংগঠন উদীচী নিউইয়র্কে হেমন্ত উৎসব পালন করছে। এ উপলক্ষে উদীচী নিউইয়র্ক শাখা জ্যাকসন হাইটসের ৭৩-১০ ৩৪ অ্যাভিনিউয়ে ১১ ও ১২ নভেম্বর হেমন্ত উৎসব ও মেলার আয়োজন করছে।
আয়োজকেরা জানান, উৎসব ও মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। ১১ নভেম্বর কর্মসূচির মধ্যে রয়েছে হেমন্ত র্যালি, পিঠা উৎসব, শিশু কিশোরদের বাংলা লেখন, পঠন, আবৃত্তি ও চিত্রাঙ্কন (সবার জন্য উন্মুক্ত), চলচ্চিত্র প্রদর্শনী, সমসাময়িক বিষয়ের ওপর আলোচনা ও সেমিনার। উদীচীর শিক্ষার্থীদের সংগীত, নৃত্য, তবলা, গণসংগীত পরিবেশনা, আবৃত্তি প্রভৃতি থাকছে।
১২ নভেম্বরের কর্মসূচির মধ্যে থাকছে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক আড্ডা, শিশু-কিশোরদের সংগীত ও নৃত্য প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, গুণীজন সংবর্ধনা, উদীচী শিল্পীদের গণসংগীত, শিক্ষার্থীদের সংগীত, নৃত্য এবং তবলা পরিবেশনা, উদীচী শিক্ষকদের পরিবেশনায় ‘হাজার বছরের গান’ ইত্যাদি।
‘হাজার বছরের গান’ পর্বে অংশ নেবেন মুত্তালিব বিশ্বাস, শফী চৌধুরী ও জীবন বিশ্বাস। এ উৎসবের অন্যতম আকর্ষণ হবে দুলাল ভৌমিকের একক পরিবেশনা ‘চল রে মন মাটির টানে’ এবং সৈয়দ আবদুল হাদির ও ড. তনিমা হাদির ‘কিছু কথা কিছু গান’।
অনুষ্ঠানস্থলে প্রবেশ সবার জন্য উন্মুক্ত। এ উৎসবে নানা ধরনের পণ্যের স্টল থাকবে বলে জানানো হয়েছে।