উদ্বেগ ও সংকটকালে থ্যাংকসগিভিং উৎসব
কোভিড-১৯ এর কারণে আড়াই লাখের বেশি মানুষের মৃত্যুর উপত্যকায় পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই থ্যাংকসগিভিং ডে পালিত হচ্ছে এখানে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন কখনো ঘটেনি। চাঞ্চল্যের নগরীতে বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠা। নতুন করে সংক্রমণ বাড়ছে। এর মধ্যে নিউইয়র্কের লোকজন তাদের ঐতিহ্যের উৎসব পালন করছেন আনন্দ-বেদনার মিশ্র বাস্তবতায়।
নিউইয়র্ক নগরের সর্বত্র গত এক সপ্তাহ থেকে টার্কি বিতরণ করা হচ্ছে। থ্যাংকসগিভিং ডের ঐতিহ্যের খাবার টার্কি। মার্কিন লোকজন বছরের এ দিনটিতে টার্কি ভোজে মেতে ওঠে। এবারের অর্থনৈতিক বাস্তবতায় টার্কি ভোজ অনেকের পক্ষেই সম্ভব হবে না।
কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ গত সপ্তাহের টানা কয়েক দিন নিজের নির্বাচনী এলাকায় টার্কি বিতরণ করেছেন। কুইন্সের বিভিন্ন এলাকায় ২০০ পরিবারের মধ্যে ২ হাজার পাউন্ড টার্কি বিতরণ করেন ওকাসিও। নগরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন একই প্রক্রিয়ায় হাজার হাজার নগরবাসীকে উৎসবের খাবার জোগানের এমন প্রয়াস নিয়েছেন।
এদিকে নিউইয়র্কের স্কুল আবারও করোনা সংক্রমণের জন্য বন্ধ হয়ে পড়ায় অনগ্রসর পরিবারগুলোতে খাবার সংকট তীব্র হয়ে উঠেছে। নগরের সর্বত্র লকডাউনের সময়ের মতো তৈরি খাবার বিতরণ করা হচ্ছে। যে কেউ স্কুল ভবনের সামনে গিয়ে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত এসব তৈরি খাবার সংগ্রহ করতে পারবেন।
থ্যাংকসগিভিং উৎসবের ছুটির জন্য ২৬ নভেম্বর এমন খাবার বিতরণ বন্ধ থাকবে। একইভাবে ক্রিসমাসের দিন এবং নতুন বছরের দিনে নগরের তৈরি খাবার বিতরণ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। মার্চ মাস থেকে শুরু করা এ কর্মসূচিতে এ পর্যন্ত ৬৫ লাখ তৈরি খাবার বিতরণ করা হয়েছে।
সিডিসির পক্ষ থেকে থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের লোকজনকে ভ্রমণ পরিহার করার জন্য আহ্বান জানানো হয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে নিউইয়র্কের বিভিন্ন এলাকায় সংক্রমণ আবার প্রকট হয়ে উঠেছে। হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। উৎসব আনন্দেও ঘরে দশজনের বেশি পার্টি করার ওপর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এসব সতর্কতার পরও আগামী তিন সপ্তাহ নিউইয়র্কসহ সর্বত্র করোনার সংক্রমণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে সর্বত্র পার্টি এড়িয়ে চলার জন্য সতর্ক করা হচ্ছে।