উদ্যোক্তা পরিপন্থী অভিবাসন আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছেন এমন উদ্যোক্তা এবং এ দেশের অধিবাসীদের চাকরির জোগান দিচ্ছেন এমন উদ্যোক্তারাও এখন অভিবাসন প্রক্রিয়ায় প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হচ্ছেন। 

অস্ট্রেলিয়া, ফ্রান্স বা কানাডার মতো দেশগুলোতে যখন উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য বিশেষ ভিসা ব্যবস্থা রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের অভিবাসন কাঠামোতে সেরকম কিছু নেই। ওবামা প্রশাসন ‘আন্তর্জাতিক উদ্যোক্তা নীতিমালা’ নামে নতুন এক ব্যবস্থা শুরু করতে চেয়েছিল যার মাধ্যমে যেসব বিদেশি ব্যক্তিদের ব্যবসায়িক কার্যক্রম এ দেশে দ্রুত প্রবৃদ্ধি অর্জন করছিল তাঁরা ‘প্যারোল স্ট্যাটাস’ এর জন্য আবেদন করতে পারতেন। ২০১৩ সালের অভিবাসন সংস্কার আইনের (ইমিগ্রেশন রিফর্ম বিল) অপমৃত্যু ঘটার পর এটি ছিল এই বিষয়ের সর্বোত্তম বিকল্প।
এমনিতে প্যারোল স্ট্যাটাস দেওয়া হতো শুধুমাত্র মানবিক (হিউম্যানিটারিয়ান) এবং চিকিৎসা (মেডিকেল) সংক্রান্ত কারণে।
অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) সেক্রেটারি জন এফ কেলির স্বাক্ষরিত এক স্মারকে ৮ সিএফআর অনুচ্ছেদ ১০৩,২১২ এবং ২৭৪এ এর অধীনে এই নিয়ম স্থগিত করা হয়েছে এবং বলা হয়েছে তারা পুরো প্রক্রিয়াটি পুনর্বিবেচনা করে তারপর আবার চালু করতে চায়। তাদের এই স্থগিতাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে জাতীয় বাণিজ্য বিনিয়োগ সংস্থা (ন্যাশনাল ভেনচার ক্যাপিটাল অ্যাসোসিয়েশন)
প্রশাসনিক কার্যধারা আইনের (অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্ট) অধীনে আদালতে মামলা করেছে। এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য আছে আগামী ২০ অক্টোবর ২০১৭। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ব্যবসায়ী, বিনিয়োগকারী ও নতুন উদ্যোক্তাদের ঝুঁকির মুখে ফেলেছে। 

জাতীয় বাণিজ্য বিনিয়োগ সংস্থার সভাপতি ও প্রধান পরিচালন কর্মকর্তা ববি ফ্রাঙ্কলিন সিএনএনের প্রতিবেদক সারা ওব্রেইনকে বলেছেন, বাৎসরিক প্রায় ২,৯৪০টি আবেদন তাঁরা আশা করেন এই উদ্যোক্তা নীতিমালার আওতায়, যার পুরোটাই এখন ঝুলে গেল। অপরদিকে আমেরিকান অভিবাসন সংস্থার মামলা বিষয়ক পরিচালক মেলিসা ক্রোর মতে, উদ্যোক্তা নীতিমালার আওতায় নতুন চাকরির সুযোগ তৈরি হতো, অর্থনীতি আরও চাঙা হতো, যা বন্ধ হয়ে যাওয়া সমগ্র অভিবাসন প্রক্রিয়ার জন্য ক্ষতিকর। পে-পাল’এর সহপ্রতিষ্ঠাতা ম্যাক্স লেভচিনের (যিনি ইউক্রেন থেকে এ দেশে অভিবাসী হয়েছেন) মতে, অভিবাসন উদ্যোক্তা বিরোধী এই সিদ্ধান্তে তিনি যারপরনাই হতাশ।

বিশেষ দ্রষ্টব্য. এই নিবন্ধ কোনোরকম আইনি পরামর্শ নয়। এটি কেবলমাত্র ইউএসসিআইএস এবং ইউএস ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এর ওয়েবসাইটে প্রদর্শিত এতদসঙ্ক্রান্ত তথ্যের সন্নিবেশ মাত্র।

লেখক: ব্যারিস্টার-অ্যাট-ল, নিউ ইয়র্ক প্রবাসী; ইমেইলঃ expa. expe@gmail. com