উন্নত জীবন ও অদম্য ইচ্ছা

আমরা যারা প্রবাসে আসি, তাদের সবার লক্ষ্য ও গন্তব্য এক—উন্নত জীবন। একেকজন একেকভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। পড়াশোনা, ব্যবসা কিংবা চাকরি করে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে জীবনযুদ্ধের মধ্য দিয়ে তাদের যেতে হয়, সেটা হয়তো অনেকের কাছে অজানা। যখনই আমি কোনো প্রতিষ্ঠিত বাংলাদেশি দেখি, আমার প্রথম যে কথা মনে হয় সেটা হচ্ছে এর পেছনে অনেক অজানা গল্প আছে, অসম্ভব শ্রম ও গভীর নিয়মানুবর্তিতা আছে, আছে অনন্য অদম্য ইচ্ছা। তাই যখন কেউ প্রবাসী বাঙালিকে দেশ ছেড়ে চলে আসার জন্য তিরস্কার করে, আমার বেশ খারাপ লাগে। আমি নিজে একজন আমেরিকাপ্রবাসী, তাই অনেক উত্থান-পতনের সাক্ষী। আমি ছাত্র অবস্থায় এই দেশে এসেছি, তাই নিজের চোখে ছাত্রদের জীবন কাছে থেকে দেখেছি। তাদের নিয়ে আমার এই লেখা।
একজন ছাত্রকে আমেরিকা আসতে হলে বেশ কিছু কাজ করতে হয়। প্রথমে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক সেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি কর্তৃক নির্বাচিত হতে হয়। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নির্বাচনের কিছু মানদণ্ড থাকে। বাংলাদেশের স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটির পরীক্ষার ফল, টোয়েফল, এসএটি, জিআরই, জিম্যাট পরীক্ষার ফল বিবেচনা করে ভর্তি কমিটি ছাত্রছাত্রীর ভর্তির সিদ্ধান্ত নিয়ে থাকে। তার মানে একজন ছাত্রছাত্রীকে আমেরিকায় পড়তে আসার আগে এই প্রয়োজনীয় পরীক্ষাগুলোতে ভালো করতে হয়, যাতে সে ভর্তি হতে পারে। ছাত্রছাত্রীর ফল এবং বিভিন্ন ধরনের মানদণ্ডে সে কোনো কোনো ক্ষেত্রে স্কলারশিপ পেতে পারে আবার কোনো কোনো ক্ষেত্রে একেবারে পায় না। সেই ক্ষেত্রে প্রতি সেমিস্টারের বেতনের টাকা তার নিজের দিতে হয়। যখন ছাত্রছাত্রী ভর্তির জন্য নির্বাচিত হয়, তখন তাকে বিশ্ববিদ্যালয় আই-২০ ফরম পাঠায়। আই-২০ ফরমটি হচ্ছে একাডেমিক অথবা ভাষা শিক্ষার জন্য একজন নন-ইমিগ্রান্টের এফ-১ ভিসা বা স্টুডেন্ট ভিসা স্ট্যাটাসের যোগ্যতা সার্টিফিকেট। সেই আই-২০ ফরমটি নিয়ে সে আমেরিকার দূতাবাসে ভিসার জন্য দাঁড়ায়। শুধু এই আই-২০ থাকলেই হবে না, ভিসা ফি দিতে হবে, আমেরিকায় পড়তে আসার জন্য যথেষ্ট পরিমাণে টাকা আছে কি না সেটা প্রমাণ করতে হবে। অত টাকা কজনের ব্যাংকে থাকে। সবার তো বাবার ব্যাংকে কাঁড়ি কাঁড়ি টাকা নেই। তখন বিভিন্ন আত্মীয়স্বজন থেকে ধার করে কোনোমতে একটা ব্যাংক অ্যাকাউন্ট দাঁড় করাতে হয়। অথবা শুধু বাবা না, বড়লোক কোনো আত্মীয়ও যে ছাত্রের স্পনসর, সেটা জমা দিতে হয়। আমি যখন ভিসার জন্য দাঁড়িয়েছিলাম সেটা ছিল ২০০০ সাল। তখন আমেরিকার দূতাবাসে ভিসার জন্য দাঁড়ানো জটিল কাজ ছিল। দূতাবাসে ঢোকার জন্য লম্বা লাইন পড়ত, এক দিনে নির্দিষ্টসংখ্যক মানুষের ইন্টারভিউ নেওয়া হতো, তাই লাইনের শুরুতে না থাকলে সেদিন আর দূতাবাসে ঢুকতে পারা যেত না। সে লাইনের দখল থাকত দালালদের হাতে। তারা আপনার কাছ থেকে কিছু টাকা নিয়ে ওই লাইনের কোনো এক জায়গা দখল করে রাখত আপনার জন্য, যাতে আপনি সেই দিনে দূতাবাসে ঢুকে ইন্টারভিউ দিতে পারেন। আর যদি দালালকে না টাকা দিতে চান, তাহলে আগের দিন সন্ধ্যার দিকে দূতাবাসে সামনে এসে লাইন দিয়ে দাঁড়াতে হবে। পরদিন সকাল আটটায় যখন এই লাইনকে দূতাবাসের ভেতরে ঢোকানো হবে তখন আপনি প্রথম দিকে থাকবেন। এখন পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে, দূতাবাসে এখন অ্যাপয়েন্টমেন্ট মাধ্যমে ভিসা সাক্ষাৎকার করা হয়। যা-ই হোক, সব বাধা পেরিয়ে যখন ভিসার সাক্ষাৎকার দেওয়া হবে তখন হরেক রকম প্রশ্নের উত্তর দিতে হবে। সেই সময়ের আমেরিকার রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে ভিসা দেওয়া না-দেওয়া নির্ভর করত। আমি যখন ভিসার জন্য দাঁড়ালাম তখন আমেরিকার ছাত্র ভিসা পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। খুব সম্ভবত সরকারি পর্যায়ে ভিসা দেওয়া নিয়ে কড়াকড়ির ব্যবস্থা করা হয়েছিল। আমি প্রথম সাক্ষাৎকারে ফেল করলাম। আমার সঙ্গে ভিসা অফিসারের মাত্র দুই মিনিট কথা হয়েছিল। আমি রুমে ঢোকার পরে সে আমার কাগজপত্র নেড়েচেড়ে জিজ্ঞাসা করল,
তুমি কি বিবাহিত?
জি না, জনাব।
তোমার কি বাচ্চা আছে?
আমি মনে মনে বললাম, এইটা কী ধরনের প্রশ্ন। মাত্র না বললাম আমি অবিবাহিত। পরে মনে হলো, ওদের দেশে এই ঘটনা অস্বাভাবিক কিছু না। আমি উত্তর দিলাম,
জি না, জনাব।
তোমার কি বাংলাদেশে কোনো বাড়ি আছে?
বাবার গ্রামে একটা বাড়ি আছে।
আমি তোমার কথা জিজ্ঞাসা করেছি? তোমার নিজের বাড়ি আছে?
মনে মনে ভাবছি, ব্যাটা বাড়ি থাকলে কি আর বিদেশ যাই। যাই তো বাড়ি যাতে বানাতে পারি সেই আশায়। আমি বললাম,
জি না, জনাব।
সে আমার পাসপোর্টে একটা সিল মেরে জানাল, যেহেতু আমার দেশে কিছু নেই, তার মানে একবার আমেরিকা গেলে আমি আর ফিরব না। অতএব, আমাকে ভিসা দেওয়া হলো না। তার চার মাস পরে আবার ভিসায় দাঁড়ালাম। এইবারে পেয়ে গেলাম। এই চার মাসে উপরিউক্ত কোনো প্রশ্নের উত্তরই তেমন একটা পরিবর্তন হয়নি, তাও কেন ভিসা পেলাম কে জানে।
সেপ্টেম্বর ২০০১-এ টুইন টাওয়ার হামলার পরে ভিসা দেওয়া বোধ করি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য। যা হোক অনেক কষ্টে ভিসা পাওয়ার পরে এবার শুরু হয় বিদেশ যাওয়ার প্রস্তুতি। যদি স্কলারশিপ না পাওয়া যায় তাহলে, মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদের জন্য এই পর্যায়ে বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতে বেশ বেগ পেতে হয়। বাবা-মায়ের জমানো টাকা কিংবা আত্মীয়স্বজন থেকে ধার করে কোনোক্রমে এক সেমিস্টারের টাকা জোগাড় করে বিদেশ চলে আসে।
আমেরিকায় পৌঁছানোর পরে শুরু হয় বিরাট যন্ত্রণা। পড়াশোনার চাপ তো আছে, সেই সঙ্গে জীবিকা নির্বাহের চাপও আছে। কেউ যদি স্কলারশিপ নিয়ে আসে সেই এই যন্ত্রণায় কিছুটা কম পড়ে। কিন্তু ওই স্কলারশিপের টাকা হালাল করার জন্য তাকেও কাজ করতে হয় অনেক। আর কেউ যদি স্কলারশিপ না নিয়ে আসে তাহলে সে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো একটা কাজ করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। এই প্রসঙ্গে আমার ব্যক্তিগত এক অভিজ্ঞতা শেয়ার করি। আমি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে একটা কাজ পেয়েছিলাম। সেটা হচ্ছে বায়োলজি ডিপার্টমেন্টের কিছু সাপ ও অন্যান্য প্রাণী ছিল একটা রুমে। আমার কাজ ছিল ওগুলোর মলমূত্র পরিষ্কার করা। কাজটা তেমন কিছু না, ওরা একটা কাচের বাক্সের মধ্যে বন্দী থাকে এবং নিচের একটা ট্রেতে মলমূত্র জমা হয়। সেই ট্রে বের করে পরিষ্কার করে আবার রেখে দেওয়া। যা-ই হোক ওই কাজ এক দিন করে ছেড়ে দিলাম। যোগ দিলাম অন্য আরেকটা কাজে।
লেখাপড়া দেশীয় কায়দার চেয়ে যথেষ্ট ভিন্ন হওয়ায় পড়াশোনায় হিমশিম খাওয়া একজন নতুন বিদেশি ছাত্রের জন্য অস্বাভাবিক কিছু না। তার ওপর অনেক ছাত্রছাত্রীর জন্য নতুন এক অভিজ্ঞতা হয়। সেটা হচ্ছে দুই-তিনজন রুমমেট নিয়ে তারা একটা বাসা ভাড়া করে থাকে এবং নিজের রান্না নিজে করে খেতে হয়। যারা জানেন না তাঁদের জানাচ্ছি, আমেরিকায় বুয়া নেই, ঠিকা ঝি নেই। পানি খেতে চাইলে নিজে নিয়ে পানি খেতে হবে। নিজের বাথরুম নিজের ধুতে হবে। সবকিছু নিজের করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে নতুন ছাত্রছাত্রী রান্না শিখে নেয়। সাধারণত প্রথম দফায় সে রান্না অতি জঘন্য হয়, নিজে ছাড়া অন্য কেউ এই রান্না খেতে পারে না। তবে ধীরে ধীরে এই রান্না কিছুটা উন্নতি হয়। একজনের একটা গল্প জানি। সেই ছেলে আমেরিকায় এসেছে পড়াশোনা করতে, কিন্তু পড়াশোনার পাশাপাশি রান্নাবান্না, ঘর গোছানো ইত্যাদি যে করতে হবে সেটা সে জানে না। আসার পরে সে যাদের সঙ্গে উঠেছে তারা রান্না করে এবং সে খায়। কয়েক দিন যাওয়ার পরে তাকে বলা হলো, এভাবে তো চলবে না, তোমাকেও রান্না করতে হবে। সে জানাল সে এখানে পড়তে এসেছে, রান্না করতে আসেনি। তাকে বলা হলো তোমাকে নিয়ম করে আমাদের মতো করে ময়লা ফেলতে হবে। সে আবার জানাল, সে পিএইচডি করতে এসেছে সে ময়লা ফেলতে আসেনি, অতএব সে পারবে না। তার রুমমেটরা তাকে বলল, আমরা কী বানের জলে ভেসে এসেছি, তোমার মতো আমরাও পড়ালেখা করতে এসেছি। করলে কর, নাহলে আমাদের এখান থেকে বিদায় হও।
বলাবাহুল্য, যারা আন্ডারগ্রেডে পড়তে এসেছে, তাদের বেশির ভাগেরই নিজের টিউশন ফি নিজের দিতে হয়। গ্র্যাজুয়েট ছাত্রদের কিছু স্কলারশিপের ব্যবস্থা প্রফেসর বা ডিপার্টমেন্টে থাকে। উভয়ের ক্ষেত্রেই একটা ঝামেলা দেখা দেয়। সেটা হচ্ছে আগামী সেমিস্টারের টিউশন ফি জোগাড়ের ব্যবস্থা করা। আন্ডারগ্রেডের বেশির ভাগ ছাত্রছাত্রীর বাবা-মায়ের যথেষ্ট পরিমাণে টাকা না থাকলে শেষ করা অসম্ভব হয়ে পড়ে। আর গ্র্যাজুয়েটদের মধ্যে যারা স্কলারশিপ নিয়ে এসেছে, তাদের যে আগামী সেমিস্টারে টিউশনি ফি মওকুফ হবে এমন কোনো নিশ্চয়তা থাকে না কিছু কিছু ক্ষেত্রে। আর যারা নিজের টাকায় এসেছে তারা প্রফেসরদের দরজায় দরজায় ঘুরতে থাকে কোনো একটা স্কলারশিপের আশায়। স্টুডেন্ট ভিসায় আসার কারণে এরা শুধু ইউনিভার্সিটিতে কাজ করতে পারে, বাইরে অন্য কোথাও কাজ করার অনুমতি ওদের নেই। এই সময় টাকা জোগাড় করার জন্য এরা বিভিন্ন জায়গায় কাজ নেয়। গ্যাস স্টেশন, বিভিন্ন স্টোর এবং অন্যান্য জায়গায় ওরা বেআইনিভাবে কাজ নেয় আগামী সেমিস্টারের টিউশন ফি জমানোর জন্য। যেসব লোক এদের কাজ দেয়, তারা নগদ টাকায় এদের বেতন দেয় এবং অবশ্যই প্রকৃত বেতনের অর্ধেকের কম বেতন দেওয়া হয়। আমার কিছু বন্ধুবান্ধব রাতের বেলায় ‘গ্রেভ ইয়ার্ড’ শিফটে কাজ করত গ্যাস স্টেশনে। গ্রেভ ইয়ার্ড (কবরস্থান) শিফট হচ্ছে রাতে একা একা গ্যাস স্টেশনে কাজ করা। চারদিক সুনসান নীরবতা। মাঝে মাঝে সামনে দিয়ে গাড়ি চলে যায়। আর পুরো দোকানে সে একা। এই কবরস্থানের নীরবতার মাঝে হরেক রকমের মানুষ এসে থেমে এটা-ওটা কেনে। এদের অনেকে দেখতে ভয়াবহ, তাই ডাকাতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সকালবেলায় আবার ইউনিভার্সিটির ক্লাস আছে। রাতে কাজ করে সকালবেলায় ক্লাস করে আবার স্কুলের নিয়মিত কাজ (অন ক্যাম্পাস জব) করার পরে শক্তি থাকে না। কিন্তু এখানেই শেষ না, ক্লাসের প্রজেক্টের জন্য কাজ করতে হয়, হোমওয়ার্ক করতে হয়। এভাবে গড়াতে গড়াতে পড়াশোনা শেষ করার শেষ প্রান্তে এসে শুরু হয় চাকরি খোঁজার পালা।
সে এক ভয়াবহ অভিজ্ঞতা। যাদের ভাগ্য ভালো, তারা ভালোয় ভালোয় চাকরি পেয়ে যায়। কিন্তু যখন চাকরির বাজার থাকে মন্দা তখন চাকরি পাওয়া ভীষণ কঠিন। আরেকটা জিনিস হচ্ছে, চাকরি পেলে শুধু হবে না, চাকরি ভিসাও (এইচ-ওয়ান) দরকার, যাতে লম্বা সময়ের জন্য চাকরি করতে পারে। আমি মাস্টার্স পাস করার পরে হন্যে হয়ে চাকরি খুঁজছিলাম। অনেক খোঁজার পরে একটা ছোট কোম্পানিতে চাকরি পেলাম। কিছুদিন কাজ করার পরে একদিন সকালে অফিসে এসে দেখি আমার টেবিলে একটা নিউজ পেপার রাখা। আমি পেপারটি সরিয়ে রেখে দিনের কাজ শুরু করলাম। কিছুক্ষণ পরে অফিসের বস এসে আমাকে বলল,
তুমি কি খবরটি পড়েছ?
আমি বললাম, কী খবর?
এই বছরের এইচ-ওয়ান ভিসার কোটা শেষ হয়ে গেছে।
আমি পেপারটা হাতে নিয়ে খবরটা পড়লাম। ওই বছর এইচ-ওয়ান ভিসার কোটা কমিয়ে তিন ভাগের এক ভাগে নামিয়ে আনা হয়েছিল এবং অল্প কয়েক দিনের মধ্যে ওই ভিসা শেষ হয়ে গেছে। সাধারণত লেখাপড়া শেষ করার পরে এক বছরের জন্য নন-ইমিগ্রান্ট ছাত্রদের কাজের অনুমতি দেওয়া হয়। আমি সেই অনুমতি নিয়ে কাজ করছিলাম। সেই এক বছর শেষ হয়ে গেলে এইচ-ওয়ান ভিসা দিয়ে আমার কাজ করতে হতো। এখন এই ভিসার কোটা শেষ হয়ে যাওয়ার কারণে কোম্পানির পক্ষে আমাকে আর রাখা সম্ভব হবে না। আমাকে বস বলল, তোমার চাকরি আজকে থেকে শেষ। তুমি তাহলে তোমার জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে যাও।
প্রচণ্ড ব্যথিত হয়ে আমি অফিস থেকে বের হয়ে এলাম। মাস্টার্স শেষে এক বছরের কাজ করার অনুমতির তখনো প্রায় ছয় মাস বাকি। এই বছরের এইচ-ওয়ান কোটা শেষ হওয়ার কারণে আর কেউ চাকরিতে নেবে না। এখন ভরসা হচ্ছে পিএইচডিতে ভর্তি হওয়া। না হলে ছয় মাস পরে আমেরিকা ছেড়ে চলে যেতে হবে। মাটি কামড়ে পিএইচডি শুরু করলাম কয়েক মাস পরে। তবে পিএইচডি শুরু করার আগে এই ছয় মাস অনেক জায়গায় বিভিন্ন রকম কাজ করেছি। সেই গল্প এখন আপাতত করতে চাইছি না। মাটি কামড়ে পিএইচডি শেষ করে যখন চাকরি পেলাম, মনে হলো আমার কষ্টের জীবন যেন শেষ হলো।
আমার ব্যক্তিগত এই গল্পের মতো হাজার বিদেশি ছাত্রের জীবনের সফলতার গল্পের পেছনে লুকিয়ে আছে অজস্র গল্প-কষ্টের, পরিশ্রমের আর বিসর্জনের। কারও কারও গল্প আমি চাক্ষুষ দেখেছি আর কেউ সেই গল্প নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। কিন্তু সবার মধ্যে একটা ব্যাপারে খুব মিল ছিল, আর সেটা হচ্ছে হার না-মানার অদম্য ইচ্ছা। যত দিন এই জিনিস কোনো মানুষের মধ্যে থাকবে, তত দিন সে শত ব্যর্থতার মাঝেও সফলতাকে ঠিকই বের করে আনবে।
l বশীর মাহমুদ: অতিথি লেখক।