জীবনকে প্রাণময় রাখার যাবতীয় চেষ্টাই তো লড়াই। লড়াইয়ের ময়দান মানেই অস্ত্রের ঝনঝনানি নয়। লড়াই বহু রকম। প্রত্যেকেরই থাকে নিজস্ব লড়াই। এই লড়াইয়ের ময়দানে গা-ছাড়া দেওয়ার কোনো সুযোগ থাকে না। এই কথা এই সময়ে খুব বেশি করে মনে রাখা দরকার। আরও ভালো করে মনে রাখা দরকার যে, যেকোনো লড়াইয়ের মৌল সূত্রটি হলো আগে প্রতিরোধ, প্রতিরক্ষা এবং সবশেষে আক্রমণ।
এখন মহামারিকাল। আর মহামারিকাল মানেই সবাই ঝুঁকিতে। মহামারির বিরুদ্ধে এ লড়াইয়ের একটি সাধারণ নিয়ম হচ্ছে প্রতিরোধ। যখন দাওয়াই হাতের নাগালে থাকে না, যখন শত্রু অবাধ্য ঠেকে, তখন এই প্রতিরোধের শক্তি দিয়েই টিকে থাকতে হয়। মানুষ এখন তা-ই করছে। নভেল করোনাভাইরাসের সঙ্গে হাতা গুটিয়ে যুঝে যাওয়ার কোনো সুযোগ নেই। একে তো এটি দৃশ্যমান কোনো শত্রু নয়। তার ওপর একে ধরাশায়ী করার সুনিশ্চিত কৌশল এখনো মানুষ রপ্ত করতে পারেনি। তাই এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধই এখন পর্যন্ত একমাত্র উপায়।
সংক্রামক ব্যাধির মহামারি নিজেই ভয়াবহ। এটি আরও ভয়াবহ হয়ে ওঠে অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার মধ্য দিয়ে। করোনাভাইরাস ঠিক এই কাজটিই করছে। মানুষ প্রাথমিক ধাক্কা সামলাতে নিজেকে বন্দী করেছে। কিন্তু পেট বলেও তো একটা কথা আছে। ভাইরাসের হাত থেকে বাঁচতে গিয়ে ক্ষুধায় মরলে তো চলে না। তাই অর্থনীতি খুলে দেওয়াটা ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। আমেরিকার প্রশাসনও সে পথে হাঁটছে।
আমেরিকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্য নিউইয়র্ক। প্রায় ২৫ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে, এখনো যাচ্ছে। তবে আগের হারে নয়। আক্রান্তের হারও অনেক কমে এসেছে। এ অবস্থায় নিউইয়র্কের বিভিন্ন খাত ক্রমে খুলে দেওয়া হচ্ছে। ২২ জুন দ্বিতীয় ধাপে নিউইয়র্কের বিভিন্ন খাত খুলে দেওয়া হয়েছে। নিউইয়র্ক নগরীর বিভিন্ন খুচরা দোকান থেকে শুরু করে খেলার মাঠ—এসবই এখন উন্মুক্ত। তবে কিছু নিয়ম মেনে চলতে হবে নাগরিকদের।
নিউইয়র্ক অঙ্গরাজ্য ও নগরী খুলে দেওয়ার এই সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়েছে নাগরিকদের কাছ থেকে কিছু সচেতন আচরণ প্রত্যাশা করে। মানুষের ওপর আস্থা রাখাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মূল ভিত্তি। এই সিদ্ধান্ত বুমেরাং হবে তখনই, যখন নাগরিকেরা এই আস্থার প্রতিদান দিতে পারবেন না। তাই নাগরিকদেরই এ বিষয়ে সচেতন হতে হবে।
নিউইয়র্কে কন্টাক্ট ট্রেসিংকে অর্থনীতি উন্মুক্ত করার ভিত্তি হিসেবে ধরা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, অনেক আক্রান্তই আর নিজের সংস্পর্শে আসা ব্যক্তিদের তথ্য দিচ্ছেন না। গত সপ্তাহে মাত্র ৩৫ শতাংশ আক্রান্ত এ–সম্পর্কিত তথ্য দিয়েছেন। এতে ভাইরাসটি আবারও ভয়াবহভাবে বিস্তার পাওয়ার সুযোগ পাবে। আর এমনটি হলে লকডাউনের মতো পদক্ষেপ আবার নিতে হতে পারে, যা নাগরিকদের আর্থিক নিশ্চয়তায় বড় ধরনের হুমকি তৈরি করবে। তাই যাবতীয় নির্দেশনা মেনে, ভাইরাসটির বিস্তার রোধে যথাযথভাবে তথ্য দিয়ে, সুরক্ষা নীতিগুলো মেনে চলে নিজের সুরক্ষার ব্যবস্থা নিজেকেই করতে হবে। কর্তৃপক্ষ নয়, মহামারিকালে নাগরিকসচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা বর্ম—এই কথা সবচেয়ে বেশি মনে রাখা দরকার।