উপলব্ধিতে শত্রু ও মানবিকতা
মানুষ মানুষের শত্রু, ভাই ভাইয়ের শত্রু, বন্ধু বন্ধুর শত্রু, প্রতিবেশী প্রতিবেশীর শত্রু, ভারত পাকিস্তানের শত্রু, আমেরিকা চীনের শত্রু! এক শত্রু অন্য শত্রুকে পরাজিত করতে মরিয়া, চাক্ষুষ শত্রুর বিনাশই আমাদের কাম্য। অথচ অদৃশ্য শত্রু যে কত ভয়ংকর, সারা মানবকুলকে ধ্বংস করার জন্য অগণিত অদৃশ্য কত শত্রু যে পৃথিবীর বুকে লুকিয়ে আছে, এক করোনাতেই সেটা আবারও প্রমাণিত!
এমন এক শত্রু, যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, শত্রুর প্রতি ঘৃণাটাও দেখানোরও উপায় নেই! আপনার শত্রু, আমার শত্রু, শত্রুরও শত্রু! এই অদৃশ্য শত্রুর শব্দহীন হুংকারে সারা দুনিয়াটা কাঁপছে তরতর করে।
আমরা মানুষেরা একে অন্যকে ধ্বংসের চিন্তায় আমাদের সব শক্তি বিনাশ করছি, অথচ এ রকম কোনো এক অদৃশ্য শত্রু হয়তো সারা মানবকুলকে পৃথিবী থেকে নির্মূল করে দিতে পারে। করোনার নীরব দাম্ভিকতাই এর উৎকৃষ্ট প্রমাণ।
আপনি আপনার শত্রুকে বিনাশ করতে কতশত পরিকল্পনা করছেন, অথচ কোনো পরিকল্পনা ছাড়াই করোনার মতো ভয়ংকর অদৃশ্য শত্রু আপনাকে এক মুহূর্তেই শেষ করে দিতে পারে! তাই অন্তত মানুষ হয়ে মানুষের সঙ্গে শত্রুতা নয়, বরং ভালোবাসাই প্রত্যাশিত, ভয়ংকর করোনার তাণ্ডব কিন্তু আমাদের সেই ঘোষণাই দিচ্ছে।।
জীবনের সবচেয়ে কঠিন সময়টা বোধ হয় অতিক্রম করছি। জীবন–মৃত্যুর জটিল সব হিসাব–নিকাশ যে এভাবে পূর্বাভাস ছাড়াই উড়ে এসে জুড়ে বসবে, কোনো যুদ্ধ ছাড়াই জীবন যে এভাবে ঘরের কোণে যুদ্ধবন্দী হয়ে পড়ব, সেই অঙ্কটা কিন্তু কখনোই করা হয়নি। জানি না পৃথিবীর বাতাস আবার কবে কখন নির্ভয় নির্মল নিশ্বাসের আবাদ ভূমি হবে? সেই বাতাসে কি আমার নিশ্বাসটাও চলমান থাকবে? প্রিয়জনেরা কি আগের মতোই কাছে এসে ভালোবাসা আর ভালো থাকার ধ্বনি শোনাবে? শঙ্কা আর সন্দেহের দোলায় প্রতিক্ষণ, প্রতিজন। একের পর এক মৃত্যু সংবাদ, এক মিনিট থেকে অন্য মিনিটে বর্ধিত পরিসংখ্যান, চারদিকে অস্বস্তিকর নীরবতা, প্রতিটা চেহারায় অজানা উৎকণ্ঠা, এই হয়তো আমিও তাদের সঙ্গে হয়ে যাব আরও একটা সংখ্যা!
মরণ আর জীবন খুবই কাছাকাছি—এই চিরন্তন সত্যটা এমনি করে ধরা দেবে, অনেকের চিন্তা জগতেই সেটা আসেনি! এই অদৃশ্য শত্রুর মোকাবিলায় এই মুহূর্তে কে জিতবে? জীবন না মৃত্যু? জানি না, কার নিশ্বাসে আবারও মুখরিত হবে এ ধরণি? যদি আমারটাও বন্ধ হয়ে যায়, আরজি একটাই, ক্ষমা আর দোয়া যেন পাই নিঃশর্ত আর নিঃস্বার্থের আলিঙ্গনে।