উপহাসের মুখে অবস্থান বদলালেন ডোনাল্ড ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে হ্যাকিং ঠেকাতে রাশিয়ার সঙ্গে মিলে ‘দুর্ভেদ্য সাইবার’ সিকিউরিটি গড়ার কথা গত রোববার জানানোর কয়েক ঘণ্টা পরই নিজ অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্পের এই সিদ্ধান্তের কথা শুনে বিরোধী ডেমোক্র্যাটরাসহ জ্যেষ্ঠ রিপাবলিকানরাও তাঁকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেন।

জার্মানিতে গত শুক্রবার জি-২০ সম্মেলনে পার্শ্ব বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকের পর রোববার ট্রাম্প জানিয়েছিলেন, ‘পুতিন ও আমি একটি দুর্ভেদ্য সাইবার সিকিউরিটি গড়ার বিষয়ে কথা বলেছি যা নির্বাচনে হ্যাকিং এবং অন্যান্য নেতিবাচক বিষয়ে প্রহরার কাজ করবে।’ কিন্তু ট্রাম্পের এই প্রস্তাবের কিছুক্ষণের মধ্যে তা নিয়ে উপহাসে মাতেন ডেমোক্র্যাটরা। এমনকি কয়েকজন জ্যেষ্ঠ রিপাবলিকান নেতাও এতে শরিক হন। তাঁদের অভিমত হলো ২০১৬ সালে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জেতাতে পেছন থেকে ক্রেমলিনের কলকাঠি নাড়ার অভিযোগ এমনিতেই রয়েছে।