উপাসনালয়ে সমাবেশ নিয়ে কড়াকড়ি নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়ে সমবেত হওয়ার ওপর নিউইয়র্ক রাজ্য সরকারের কড়াকড়ির বিপক্ষে রায় দিয়েছে। কোভিড-১৯ সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায় নিউইয়র্কের গভর্নর ধর্মীয় উপাসনালয়ে সমাবেশের ওপর কড়াকড়ি আরোপ করেন। এ সিদ্ধান্তের বিপক্ষে ক্যাথলিক চার্চ ও ইহুদিদের ধর্মীয় উপাসনালয়ের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করা হয়। মামলার আবেদনে বলা হয়ে, ধর্মীয় সমাবেশে কড়াকড়ি আরোপ নাগরিকদের সাংবিধানিক অধিকারকে খর্ব করছে।

যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিচারপতি এমি ব্যারেট তাঁর নিয়োগের পর এই প্রথম রায়ে রক্ষণশীলদের পক্ষে তাঁর অবস্থান প্রকাশ্য করলেন। ৫-৪ সংখ্যাগরিষ্ঠতায় সুপ্রিম কোর্ট ধর্মীয় গোষ্ঠীর পক্ষে রায় দিয়েছেন। প্রধান বিচারপতি জন রবার্টস রক্ষণশীল হলেও এ মামলায় তিনি উদারনৈতিকদের পক্ষে অবস্থান নেন। রাজনৈতিক ভাবাদর্শে চরম বিভক্ত যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি জন রবার্টস রক্ষণশীল হিসেবে চিহ্নিত হলেও তিনি প্রায়ই উদারনৈতিক বিচারপতিদের পক্ষে অবস্থান নিচ্ছেন। প্রধান বিচারপতির অবস্থান নেওয়ার পরও বিচারকদের মধ্যে রক্ষণশীলদের পাল্লা ভারী হয়ে উঠেছে।

২৫ নভেম্বর রাতে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের বর্তমান বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে। ডায়োসিস অফ ব্রুকলিন এবং আগুদাহ ইসরায়েল অফ আমেরিকা নামের নিউইয়র্কের দুইটি ধর্মীয় উপাসনালয় করোনা সংক্রমণের নামে রাজ্য গভর্নরের নিয়ন্ত্রণের বিরুদ্ধে আদালতে এই আবেদন করে। রাজ্য গভর্নর কুমো এক আদেশে ধর্মীয় সমাবেশ সংক্রমণের হার অনুযায়ী ১০ থেকে ২৫ জনের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছিলেন।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, আদালত স্বাস্থ্য বিশেষজ্ঞ নয়। আমরা এ বিষয়ে দায়িত্ববান, অভিজ্ঞ এবং দায়িত্বরতদের বিবেচনাকে শ্রদ্ধা করি। কিন্তু এই মহামারির সময়েও সংবিধানকে এক পাশে সরিয়ে রাখা যায় না। সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশে বলা হয়েছে, মহামারির এ সময়েও মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণের নামে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা ধর্মীয় সমাবেশকে ব্যাহত করবে বলা হয়েছে।

মামলায় রায় প্রকাশিত হওয়ার পর আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, এ রায়ের ফলে ধর্মীয় স্বাধীনতা রক্ষা পেয়েছে। তারা সুপ্রিম কোর্টের এমন রায়ে সন্তুষ্ট বলে বিবৃতি দিয়েছেন।

প্রধান বিচারপতি জন রবার্ট আলাদা নির্দেশনায় বলেছেন, বিষয়টি আদালতে আসারই প্রয়োজন ছিল না। এ নিয়ে রাজ্য গভর্নর নতুন নির্দেশনা প্রদান করতে পারেন বা নাও পারেন বলে তিনি তাঁর মন্তব্যে বলেন।

সুপ্রিম কোর্টের এ রায়ের পর নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত নিউইয়র্কে ধর্মীয় সমাবেশের ওপর রাজ্য গভর্নরের আদেশ স্থগিত হয়ে পড়েছে। সব ধর্মের সমাবেশের ওপরই এখন আর গভর্নরের কড়াকড়ি থাকছে না।

করোনায় আবার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মসজিদ, মন্দির, গির্জা, সিনাগগসহ সব ধর্মীয় উপাসনালয়ে সমবেত হওয়ার ওপর এমন কড়াকড়ি আরোপ করা হয়েছিল। গভর্নরের কড়াকড়ি ছাড়াও ধর্মীয় উপাসনালয়গুলো বেশির ভাগ ক্ষেত্রে নিজেরাই সতর্ক পদক্ষেপ গ্রহণ করছে। ব্রুকলিনসহ কিছু এলাকায় ধর্মীয় সমাবেশ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার কারণে উদ্বেগ দেখা দিয়েছিল।