উবার ও লিফটে নতুন চালক নেওয়া বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবার ও লিফট নিউইয়র্ক নগরে নতুন চালক নেওয়া বন্ধ করেছে বলে জানিয়েছে পলিটিকো। রাইড শেয়ারিং কোম্পানিগুলোর অস্বাভাবিক প্রবৃদ্ধির প্রেক্ষাপটে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ কিছু নতুন আইন পাস করার পর এ খাতের বড় দুটি প্রতিষ্ঠান এমন সিদ্ধান্ত নিল।
উবার গত ১ এপ্রিল থেকে নতুন চালক নেওয়া বন্ধ করেছে। উবার তাদের ওয়েবসাইটে নতুন চালক অন্তর্ভুক্তি বন্ধের বিজ্ঞপ্তি দিয়ে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের গত ডিসেম্বরে প্রণীত আইনের কথা উল্লেখ করেছে। এর আগে গত জানুয়ারিতেই এ পদক্ষেপ নিয়েছিল লিফট। দুটি প্রতিষ্ঠানই অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর জন্য পাস করা নতুন আইনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে এমন আইনের কারণে নগর কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠান দুটি মামলাও করেছে।
চালক নেওয়া বন্ধ করার ফলে ইয়েলো ক্যাব নামে পরিচিত নিউইয়র্কের ঐতিহ্যবাহী ক্যাবের সুদিন আসতে পারে বলে মনে করা হচ্ছে। এক সময়ে ট্যাক্সি ম্যাডেলিয়নের মূল্য ১০ ডলার ছাড়িয়ে গেলেও উবার–লিফটের আগমনে এর মূল্যে ধস নামে। নিউইয়র্কের ক্যাব পেশায় ৩০ হাজারের বেশি বাংলাদেশি প্রবাসী কোন না কোনোভাবে জড়িত। ক্যাব ব্যবসায় ধস নামায় অনেকেই বিপাকে পড়েন। স্বাধীন পেশা হিসেবে যারা বছরের পর বছর ক্যাব চালাতেন, তাঁরা অন্য কোনো পেশায় নতুন করে যুক্ত হতে পারছেন না। যারা ম্যাডেলিয়নে বিনিয়োগ করেছিলেন, তাদের পথে বসার উপক্রম হয়। একদিকে ম্যাডেলিয়নের জন্য ব্যাংক ঋণ, অন্যদিকে ক্যাব ব্যবসার মন্দায় নিউইয়র্কের গ্যারেজগুলোতে হাজার হাজার ইয়েলো ক্যাব পড়ে থাকতে দেখা যায়। 

ইয়েলক্যাবিরা নতুন উদ্যোগে কিছুটা আশার আলো দেখলেও ম্যানহাটনে যাত্রীসেবায় ইয়েলো ক্যাবের চালকদের ওপর কনজেশন প্রাইসিং নামের নতুন টোল আরোপ করায় বেশ হতাশ। তাঁরা বলছেন, এটি চালকদের জন্য এখন নতুন সমস্যা। অনেক ক্যাব চালক মনে করছেন, কনজেশন প্রাইসিং ক্যাব ব্যবসাকে আরও নাজুক করে তুলবে।
এদিকে উবার বা লিফট চালনায় যারা যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, উবারের নতুন উদ্যোগগে তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। নিউইয়র্কে ট্যাক্সিক্যাবের ব্যবসায় দীর্ঘদিন ধরে জড়িত ব্যক্তিরা বলেছেন, বিশ্বের অন্যতম প্রধান নগর যাদের কারণে দিনরাত সচল থাকে—তাদের পেশা এখন নানা জটিলতায় আক্রান্ত।
নগরে উবার বা লিফটসহ অ্যাপসভিত্তিক ট্যাক্সিক্যাব সেবার আগমনে ঐতিহ্যবাহী ইয়েলো ক্যাব চালকসহ সবাই পেশাগত সংকটে পড়েন। যাত্রীর চেয়ে গাড়ি বেশি হওয়ায় পেশাজীবী ক্যাবচালকদের মধ্যে হতাশার সৃষ্ট হয় যার ফলে আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। ক্যাবচালকেরা সিটি হলের সামনে টানা প্রতিবাদ বিক্ষোভও থাকেন।
এ অবস্থায় ২০১৮ সালের ডিসেম্বরে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ উবার ও লিফটের মতো প্রতিষ্ঠানগুলোকে আরও কঠোর নীতিমালার আওতায় আনতে একটি আইন পাস করে। এতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের হয়ে কাজ করা চালকদের খরচ বাদে ঘণ্টায় ন্যূনতম ১৭ দশমিক ২২ ডলার দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়।
শহরে রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের আওতায় থাকা গাড়ির সংখ্যা অতিরিক্ত হওয়ায় চালকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। দিনের একটি বড় অংশই চালকদের বসে থাকতে হতো। এ অবস্থায় এ ধরনের প্রতিষ্ঠানের হয়ে কাজ করা চালকদের প্রকৃত আয় কমে যাচ্ছিল। এ অবস্থায় চালকদের স্বার্থে নতুন এ আইন করে নিউইয়র্ক কর্তৃপক্ষ।
দ্য ভার্জ-এর খবরে বলা হয়, চাহিদার চেয়ে বেশি গাড়ি রাস্তায় নামিয়েছিল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। ফলে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চালকেরা ভাড়ার জন্য লম্বা সময় অলস বসে থাকতে হয়। ফলে তাদের আয় কমে যাচ্ছিল। এই সংকট নিরসনের জন্য নগর কর্তৃপক্ষ ‘ইউটিলাইজেশন রেট’ নামের একটি নতুন নীতি সামনে আনে। একটি প্রতিষ্ঠানের চালকদের মধ্যে যত বেশিসংখ্যক সক্রিয় থাকবেন, ওই প্রতিষ্ঠানের ইউটিলাইজেশন রেট তত বেশি হবে। আর ইউটিলাইজেশন রেট যত বেশি হবে, চালকদের মজুরি বাবদ তত কম দিতে হবে প্রতিষ্ঠানগুলোকে। তবে এই মজুরি ঘণ্টাপ্রতি কোনোভাবেই ১৭ দশমিক ২২ ডলারের কম হতে পারবে না।
উবার ও লিফটে নতুন চালক নেওয়া বন্ধ করার ঘোষণা নতুন এই আইনের কার্যকারিতা প্রমাণ করছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এতে কয়েক ধরনের লাভ হবে। চাহিদার চেয়ে বেশি গাড়ি নামানোর কারণে নিউইয়র্ক নগরীতে যানজট অতিমাত্রায় বেড়ে গিয়েছিল। এখন আইনটির প্রভাবে নিজেদের পকেট বাঁচাতেই সংশ্লিষ্ট কোম্পানিগুলো গাড়ির সংখ্যা কমাবে, যাতে তাদের ইউটিলিটি রেট বেশি থাকে। উবার ও লিফট এরই মধ্যে এমন ব্যবস্থা নিয়েছে। ফলে যানজটের সমস্যা কিছুটা হলেও কমবে। আর চালকদের আয় বৃদ্ধির বিষয়টি তো রয়েছেই।
যাত্রীদের মধ্যে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং ব্যাপক জনপ্রিয়তা পেলেও তা শুরু থেকেই নগর কর্তৃপক্ষ, আইনপ্রণেতা, ট্যাক্সি চালক ও পরিবহন শ্রমিকদের সমালোচনার মুখে পড়ে। সময়ের সঙ্গে এই সমালোচনা বেড়েছে। কারণ উবার ও লিফটের মতো প্রতিষ্ঠানকে কোনো নির্দিষ্ট নীতির আওতায় আনা যাচ্ছিল না। আবার ট্যাক্সিসেবার ক্ষেত্রে প্রযোজ্য নীতিগুলোর সব তাদের ক্ষেত্রে কার্যকর ছিল না। এতে এক ধরনের অসম প্রতিযোগিতার মধ্যে পড়ে যান ট্যাক্সি চালকেরা। এই সমস্যা নিরসনের লক্ষ্যেই নতুন এ আইন করে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ, যা অন্য শহরগুলোও অনুসরণ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে আবার লিফট সম্প্রতি নিউইয়র্ক সিটি ট্যাক্সি ও লিমোজিন কমিশনের ন্যুনতম মজুরি নিশ্চিত করার আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছিল। আদালত সেই মামলাটি খারিজ করে দিয়েছেন।
ট্যাক্সিচালকদের সংগঠনের নেতা ভৈরবি দেশাই বলেন, ‘লিফট ও উবারকে বলতে চাই, বার বার আমরা আপনাদের পরাজিত করছি।’