উবার ও লিফটের ওপর বসছে বাড়তি শুল্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরীর ম্যানহাটনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপভিত্তিক গাড়ি পরিষেবা উবার ও লিফট। এই দুই প্রতিষ্ঠানের আয়ের ওপর বাড়তি শুল্ক বসছে। এরই মধ্যে এ সম্পর্কিত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন আইন-প্রণেতারা। গত ৩০ মার্চ এই অনুমোদন দেওয়া হয়।
উবার ও লিফটের ওপর নতুন শুল্কহার কার্যকর হলে প্রতিষ্ঠান দুটির আওতায় প্রতিবার গাড়িসেবার বিপরীতে আড়াই ডলার করে শুল্ক পরিশোধ করতে হবে। অবশ্য শুধু ম্যানহাটনে চলাচলকারী ট্রিপগুলোর ক্ষেত্রেই এটি প্রযুক্ত হবে। এতে ম্যানহাটনের যানজট কমে আসবে বলে মনে করছেন আইনপ্রণেতারা।
গভর্নর অ্যান্ড্রু কুমো এই আইনে স্বাক্ষর করলেই তা কার্যকর হবে। এ আইনের আওতায় ম্যানহটানে উবার ও লিফট প্রতিবার যাত্রী তোলার জন্য আড়াই ডলার করে শুল্ক দিতে হবে। আর গ্রুপ সার্ভিসের ক্ষেত্রে এ হার হবে ২ দশমিক ৭৫ ডলার। এর মাধ্যমে প্রাপ্ত বাড়তি অর্থ চলে যাবে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির (এমটিএ) তহবিলে চলে যাবে। বাড়তি এই শুল্কের মাধ্যমে প্রতি বছর ৪০ কোটি ডলার বাড়তি অর্থ সংগৃহীত হবে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে এমটিএর আওতাধীন পাতালরেল সংস্কার প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
গত কয়েক বছর ধরে নিউইয়র্ক নগরীতে ভাড়ায় চালিত গাড়ির সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বর্তমানে শহরটিতে উবারের মতো প্রতিষ্ঠানের আওতায় চলাচলকারী গাড়ির সংখ্যা ৬৫ হাজার। এই সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছে নগর কর্তৃপক্ষ। বিশেষত ব্যস্ত এলাকা ম্যানহাটনের যানজট নিরসনে ভাড়ায় চালিত গাড়ির সংখ্যা কমানোর পরিকল্পনা করা হচ্ছে। কারণ ম্যানহাটনে যান চলাচল দিন দিন আরও ধীর হচ্ছে। আগে যেখানে এলাকাটিতে চলাচলকারী যানবাহনের গতি ঘণ্টায় সাড়ে ছয় মাইল ছিল, এখন তা কমে ৪ দশমিক ৭ মাইলে দাঁড়িয়েছে।
স্বাভাবিকভাবেই এই প্রস্তাব অনুমোদনে ক্ষুব্ধ হয়েছে যাত্রী ও ট্যাক্সিচালকেরা। এই বিষয়ে ট্যাক্সিচালক ডেভিড হেলার টিভি চ্যানেল এনওয়াই ওয়ানকে বলেন, ‘এটা আমাদের ব্যবসার ওপর আঘাত। যাত্রীরা আমাদের বেশি অর্থ দিতে চাইবেন না।’
এই ক্ষেত্রে তাঁরা অন্য শহরগুলোয় উবার বা লিফটের মতো সেবার বিপরীতে শুল্কের হারের কথা তুলে ধরেন। তাদের মতে, অন্য শহরগুলোর সঙ্গে তুলনায় গেলে নিউইয়র্ক অঙ্গরাজ্যে যে আইনটি হতে যাচ্ছে, তা ভীষণ অসামঞ্জস্যপূর্ণ। সিয়াটলে ২০১৪ সালে প্রতি ট্রিপে মাত্র দশমিক ২৪ ডলার বাড়তি মাশুল নেওয়া হতো। ২০১৬ সালে পোর্টল্যান্ড নগরীতে ট্রিপপ্রতি ৫০ সেন্ট শুল্ক ধার্য করা হয়। আর শিকাগোতে এ বাবদ নির্ধারিত শুল্কের পরিমাণ ৬৫ সেন্ট।
এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে উবার ও লিফট কর্তৃপক্ষ বাড়তি মাশুলের বিষয়ে অনাপত্তি জানান।